আইন লঙ্ঘনে শাস্তির বিধান, রিয়েল এস্টেট বিল পাস

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আবাসন ব্যবসায়ীরা বিধান লঙ্ঘন করলে সর্বোচ্চ তিন বছরের কারাদণ্ড এবং সর্বোচ্চ ২০ লাখ টাকা জরিমানার বিধান রেখে রিয়েল এস্টেট বিল-২০১০ গতকাল বুধবার জাতীয় সংসদে পাস হয়েছে। গৃহায়ণ ও গণপূর্ত প্রতিমন্ত্রী আবদুল মান্নান খান বিলটি উত্থাপন করেন। স্বতন্ত্র সদস্য ফজলুল আজিম বিলের ওপর জনমত যাচাই এবং এটি বাছাই কমিটিতে পাঠানোর প্রস্তাব দিলেও পরে তিনি তা প্রত্যাহার করেন। এ ছাড়া তাঁর সংশোধনী প্রস্তাব কণ্ঠভোটে নাকচ হয়ে যায়। এরপর বিলটি কণ্ঠভোটে পাস হয়।গণপূর্ত প্রতিমন্ত্রী বিল পাসের আগে ফজলুল আজিমকে উদ্দেশ করে বলেন, ‘লক্ষ-কোটি মানুষকে দুর্বৃত্ত ও দখলদারদের হাত থেকে রক্ষা করার জন্যই এ আইনের প্রয়োজন রয়েছে। এই আইন পাস হলে লক্ষ-কোটি মানুষ আপনাকে দোয়া করবেন।’সম্পূর্ণভাবে সরকারি ব্যবস্থাপনায় পরিচালিত আবাসন উন্নয়ন ও ব্যবস্থাপনা কার্যক্রমের ক্ষেত্রে এই আইন প্রযোজ্য হবে না। এ আইনে বলা হয়েছে, আবাসন ব্যবসা পরিচালনার জন্য প্রত্যেক ডেভেলপারকে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছ থেকে নিবন্ধন নিতে হবে। আবাসনের সমুদয় মূল্য পরিশোধ করার পর ডেভেলপার তিন মাসের মধ্যে ক্রেতাকে আবাসনের দখল হস্তান্তর করবেন এবং দলিল ও নিবন্ধনকাজ সম্পাদন করবেন।আইনে অপরাধ ও শাস্তির ক্ষেত্রে বলা হয়েছে, কোনো ডেভেলপার (আবাসন প্রতিষ্ঠান) অনুমোদিত নকশা ছাড়া ভবন নির্মাণ করলে অনূর্ধ্ব তিন বছরের কারাদণ্ড অথবা ২০ লাখ টাকা জরিমানা অথবা উভয় দণ্ডে দণ্ডিত হবেন। ডেভেলপার চুক্তি অনুযায়ী ক্রেতার কাছে আবাসন হস্তান্তরে ব্যর্থ হলে চুক্তিতে নির্ধারিত পরিমাণ ক্ষতিপূরণসহ সমুদয় টাকা ছয় মাসের মধ্যে প্রাপককে চেকের মাধ্যমে হস্তান্তর করতে হবে। ডেভেলপার কোনো আবাসন কোনো ব্যাংক বা আর্থিক প্রতিষ্ঠানের কাছে বন্ধক দিয়ে থাকলে তা কোনো ক্রেতার কাছে বিক্রি করা যাবে না। তবে ক্রেতার সম্মতিতে বন্ধক দেওয়া যাবে। নিবন্ধন ছাড়া কোনো ব্যক্তি আবাসন ব্যবসা পরিচালনা করলে সর্বোচ্চ দুই বছরের কারাদণ্ড অথবা সর্বোচ্চ ১০ লাখ টাকা জরিমানা অথবা উভয় দণ্ডে দণ্ডিত হবেন। কোনো প্রতিষ্ঠান যথাযথ কর্তৃপক্ষের অনুমোদন ব্যতীত আবাসন ব্যবসা পরিচালনা করলেও একই দণ্ডের বিধান রয়েছে। কোনো ডেভেলপার বিধান লঙ্ঘন করে আবাসন বন্ধক রাখলে সর্বোচ্চ এক বছরের কারাদণ্ড অথবা পাঁচ লাখ টাকা জরিমানা অথবা উভয় দণ্ডে দণ্ডিত হবেন। ডেভেলপার চুক্তি অনুযায়ী যথাসময়ে ভূমির মালিকের অংশ বুঝিয়ে না দিলে সর্বোচ্চ দুই বছরের কারাদণ্ড অথবা ২০ লাখ টাকা জরিমানা অথবা উভয় দণ্ডে দণ্ডিত হবেন।পৌরসভাসহ চারটি বিল উত্থাপন: এ ছাড়া গতকাল সংসদে চারটি বিল উত্থাপিত হয়েছে। এর মধ্যে তথ্যদাতার সুরক্ষা নিশ্চিত করার জন্য জনস্বার্থসংশ্লিষ্ট তথ্য প্রকাশ (সুরক্ষা প্রদান) বিল-২০১০ এবং প্রবাসী বাংলাদেশিদের ভোটাধিকার নিশ্চিত করার জন্য ভোটার তালিকা সংশোধন বিল-২০১০ উত্থাপন করেন আইন, বিচার ও সংসদবিষয়কমন্ত্রী শফিক আহমেদ।স্থানীয় সরকার (পৌরসভা) (সংশোধন) বিল-২০১০ উত্থাপন করেন স্থানীয় সরকারমন্ত্রী সৈয়দ আশরাফুল ইসলাম। পৌরসভাসংক্রান্ত প্রস্তাবিত আইনে প্রতিটি ওয়ার্ডের জনসংখ্যার ব্যবধান ১০ শতাংশের মধ্যে সীমিত রাখার বিধান বাতিল করা হয়েছে।অর্থমন্ত্রীর অনুপস্থিতিতে তথ্যমন্ত্রী আবুল কালাম আজাদ প্রবাসী কল্যাণ ব্যাংক বিল-২০১০ উত্থাপন করেন। উত্থাপনের পর চারটি বিলই যাচাই-বাছাই করে প্রতিবেদন দেওয়ার জন্য সংশ্লিষ্ট মন্ত্রণালয়-সম্পর্কিত সংসদীয় কমিটিতে পাঠানো হয়।