আইন লেখা ইংরেজিতে, প্রশাসন চলে বাংলায়

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ব্রিটিশ আমল থেকে রাষ্ট্রীয় কাজকর্মের সঙ্গে যুক্ত আইন রয়েছে ৭৫০টি। এগুলোর মধ্যে গত ১৪ বছরে মাত্র ১০৭টি আইন ও বিধিবিধান বাংলায় ভাষান্তর হয়েছে। গত বছর পর্যন্ত ওই সংখ্যা ছিল ৯৭।সংশ্লিষ্ট ব্যক্তিরা বলছেন, প্রশাসনিক কাজকর্মে বাংলার ব্যবহার মোটামুটি নিশ্চিত হয়েছে। কিন্তু সর্বস্তরে এই ভাষা প্রচলনের ক্ষেত্রে বাধা হয়ে দাঁড়িয়েছে ইংরেজিতে লেখা আইনগুলো। সংশ্লিষ্ট মন্ত্রণালয় ও বিভাগের অনাগ্রহ এবং ভাষান্তরের কাজে যুক্ত বাংলা ভাষা বাস্তবায়ন কোষে লোকবলের সংকটে ভাষান্তরের কাজ শেষ হচ্ছে না বলে জানা গেছে।সূত্র জানায়, ২০০৭ সালে প্রকাশিত বাংলাদেশ কোডে ১৮৩৬ থেকে ১৯৮৬ সাল পর্যন্ত ২৬ খণ্ড এবং ১৯৮৭ থেকে ২০০৭ সাল পর্যন্ত ১২ খণ্ডে ৯৫৫টি আইনের অস্তিত্ব পাওয়া যায়। এর মধ্যে ১৯৮৭ সাল থেকে এখন পর্যন্ত প্রণীত আইনগুলো বাংলায় প্রণয়ন করা হচ্ছে। কিন্তু ২৬ খণ্ডের ৭৫০টি আইন ইংরেজি ভাষায় লেখা। এসব আইনের মধ্য থেকে এ পর্যন্ত ১০৭টি আইন গত ১৪ বছরে ইংরেজি থেকে বাংলায় রূপান্তর করা সম্ভব হয়েছে। এ ছাড়া সশস্ত্র বাহিনীর ৪০টিসহ বিভিন্ন মন্ত্রণালয় ও বিভাগের ৬৫টি আইন বাংলায় রূপান্তরের কাজ চলছে।জানতে চাইলে মন্ত্রিপরিষদ বিভাগের সচিব আবদুল আজিজ প্রথম আলোকে বলেন, অনেক আইন ও বিধিবিধান এখনো বাংলায় ভাষান্তর করা সম্ভব হয়নি। তবে প্রশাসনের সার্বিক কাজকর্ম, এমনকি এখন তৈরি আইনগুলো বাংলায় হচ্ছে। তিনি আরও বলেন, ব্রিটিশ কিংবা পাকিস্তানের সময় যেসব আইন ইংরেজিতে হয়েছে, তার ভলিউম অনেক বড়। তাই এগুলো পরিশুদ্ধ বাংলায় রূপান্তরের কাজটি একটু সতর্কতার সঙ্গে করতে হচ্ছে। এ জন্য কিছুটা বেশি সময় লাগছে।জানা যায়, সংশ্লিষ্ট মন্ত্রণালয় বা বিভাগ থেকে মূল আইনটি বাংলায় ভাষান্তর করে বাস্তবায়ন কোষে পাঠানো হয়। এখান থেকে ভাষার প্রমিতকরণ করা হয়। কিন্তু অধিকাংশ মন্ত্রণালয় বা বিভাগ থেকে ইংরেজি থেকে বাংলা আইন, বিধিবিধান পাঠাতে দেরি করা হয়। অনেক ক্ষেত্রে পাঠানো হয় না বলেও অভিযোগ রয়েছে।সূত্র জানায়, ভাষা প্রমিতকরণের ক্ষেত্রে যে মন্ত্রণালয় বা বিভাগের আইন, সেখানকার প্রতিনিধিকে উপস্থিত থাকতে হবে। কিন্তু বেশির ভাগ সময় সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের প্রতিনিধি উপস্থিত থাকেন না। এ অবস্থা অর্থ ও প্রতিরক্ষা মন্ত্রণালয়ের ক্ষেত্রে বেশি। প্রতিনিধি উপস্থিত না থাকায় গত ছয় বছরেও বাংলাদেশ ব্যাংক অর্ডার অধ্যাদেশ, ’৭২; দি নেগোশিয়েবলস ইনস্ট্রুমেন্ট আইন, ’৮১; সিকিউরিটিস অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন বিধিমালা, ’৮৭ এবং সঞ্চয়পত্র বিধিমালা, ’৭৭-এর বাংলায় রূপান্তর থেমে আছে।এখনো যেসব আইন বা বিধিবিধানের প্রমিতকরণ চলছে, সেগুলোর মধ্যে উল্লেখযোগ্য হচ্ছে: বাংলাদেশ রেলওয়ে জেনারেল কোড ভলিউম ১ ও ২, বাংলাদেশ পর্যটন করপোরেশন অধ্যাদেশ, ’৭২; বাংলাদেশ তেল গ্যাস এবং খনিজসম্পদ করপোরেশন আইন, ’৮৫; বাংলাদেশ পেট্রোলিয়াম করপোরেশন অধ্যাদেশ, ’৭৬; বেঙ্গল পশু ক্লেশ আইন, ১৯২০; গবাদিপশু অনধিকার প্রবেশ আইন, ১৮৭১; পুকুর উন্নয়ন আইন, ১৯৩৯; পশু জবাই সীমিতকরণ আইন, ১৯৫৭; ক্যাডেট কলেজ অধ্যাদেশ, ১৯৬৪; ক্যান্টনমেন্ট কর্মচারী বিধিমালা, ১৯৫৪; ঢাকা যানবাহন সমন্বয় বোর্ড, পার্কিং নীতিমালা, সমন্বিত বহুমাত্রিক পরিবহন নীতিমালা এবং আটিয়া বন (সংরক্ষণ) অধ্যাদেশ, ’৮২।সূত্র জানায়, একটি আইন বাংলা ভাষায় প্রমিতকরণে কমপক্ষে ছয় মাস লাগে। বড় আইন হলে দুই বছর পর্যন্ত সময় প্রয়োজন। জনবল বাড়ালে এ সময় বাঁচানো সম্ভব।প্রসঙ্গত, সর্বস্তরে বাংলা ভাষার ব্যবহার বাধ্যতামূলক করতে ১৯৮৭ সালের ৮ মার্চ ‘বাংলা ভাষা প্রচলন আইন’ করা হয়। কিন্তু এর বাস্তবায়নে কার্যকর পদক্ষেপ নেওয়া হয়নি। আইন করার ১১ বছর পর ১৯৯৮ সালের ২০ ডিসেম্বর সংস্থাপন মন্ত্রণালয়ের অধীনে ‘বাংলা ভাষা বাস্তবায়ন কোষ’ গঠন করা হয়। এই কোষের ১৫টি দায়িত্ব নির্ধারণ করে দেওয়া হয়। সে সময় একজন উপসচিবের নেতৃত্বে একজন বিশেষজ্ঞসহ ১২ সদস্যের জনবল-কাঠামো অনুমোদন করা হয়। তবে মাত্র চারজন কর্মকর্তা এখানে কাজ করে যাচ্ছেন। ২০০৮ সালের ২ জুলাই কোষের কাঠামো পরিবর্তন করে একজন উপসচিবের নেতৃত্বে সাতজন কর্মকর্তার নিয়োগ অনুমোদন করা হলেও সব জনবল নিয়োগ দেওয়া হয়নি। দুই বছর ধরে অ্যাসাইনমেন্ট কর্মকর্তার পদ শূন্য। যদিও কোষের জন্য এ পদটি অতি গুরুত্বপূর্ণ।জানতে চাইলে কোষের আহ্বায়ক উপসচিব আসমা নাসির উদ্দিন প্রথম আলোকে বলেন, ১৯৯৮ সালে বাংলা ভাষা বাস্তবায়ন কোষের কার্যক্রম শুরু হয়। কোষের কর্মপরিধির মধ্যে রয়েছে ব্রিটিশ আমল থেকে বিভিন্ন মন্ত্রণালয়, বিভাগ, স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান ও আদালতে প্রযোজ্য ইংরেজিতে প্রণীত আইন বাংলা ভাষায় রূপান্তর করা। সংশ্লিষ্ট প্রতিষ্ঠান ইংরেজি আইন বাংলায় রূপান্তর করে কোষে জমা দেওয়ার পর তা সঠিক হয়েছে কি না, তা পরীক্ষা-নিরীক্ষা করা হয়। সর্বোচ্চ ৫০০ পৃষ্ঠার আইনের প্রতিটি ইংরেজি ও বাংলা শব্দ পরীক্ষা করতে হয়। এ জন্য যে জনবল ও অন্য সামর্থ্য দরকার, তা কোষের নেই।এ প্রসঙ্গে জানতে চাইলে শিক্ষাবিদ আনিসুজ্জামান বলেন, বর্তমানে প্রণয়ন করা আইনগুলো বাংলায় লেখা হচ্ছে। কিন্তু অতীতে লেখা ইংরেজি ভাষার আইনগুলো বাংলায় ভাষান্তরের কাজ খুব একটা এগোয়নি। তিনি আরও বলেন, আইন মন্ত্রণালয়ের অধীনে আইন প্রণয়ন বিভাগে বাংলা ভাষায় অভিজ্ঞ ব্যক্তি আছেন। প্রয়োজনে বাইরের বিশেষজ্ঞদের সহায়তা নেওয়া যেতে পারে। উচ্চ আদালতে বাংলার ব্যবহার নিশ্চিত করার ওপর গুরুত্ব দিয়ে তিনি বলেন, এটা না হওয়া পর্যন্ত আইনের ক্ষেত্রে বাংলার ব্যবহার নিশ্চিত হবে না।