প্রশাসনিক কাজকর্মে বাংলার ব্যবহার মোটামুটি নিশ্চিত হলেও সর্বস্তরে এই ভাষা প্রচলনের ক্ষেত্রে বাধা হয়ে দাঁড়িয়েছে ইংরেজিতে লেখা আইনগুলোর ভাষান্তর না হওয়া। রাষ্ট্রীয় কাজকর্মের সঙ্গে যুক্ত ৭৫০টি আইনের মধ্যে গত ১২ বছরে মাত্র ৯৭টি বাংলায় ভাষান্তর হয়েছে। এ ছাড়া বিশেষ কোনো প্রণোদনাও নেই এ কাজের জন্য।সূত্র জানায়, সশস্ত্র বাহিনীর ৪০টিসহ বিভিন্ন মন্ত্রণালয় ও বিভাগের ৬৫টি আইন এখন বাংলায় রূপান্তরের কাজ চলছে। ২০০৭ সালে প্রকাশিত বাংলাদেশ কোডে ১৮৩৬ থেকে ১৯৮৬ সাল পর্যন্ত ২৬ খণ্ড এবং ১৯৮৭ থেকে ২০০৭ সাল পর্যন্ত ১২ খণ্ডসহ মোট ৯৫৫টি আইনের অস্তিত্ব পাওয়া যায়। এর মধ্যে ২৬ খণ্ডের ৭৫০টি আইন ইংরেজি ভাষায় লেখা। এসব আইনের মধ্য থেকে ৯৭টি আইন গত ১২ বছরে ইংরেজি থেকে বাংলায় রূপান্তর করা সম্ভব হয়েছে।প্রসঙ্গত, দেশে সর্বস্তরে বাংলা ভাষার ব্যবহার বাধ্যতামূলক করতে ১৯৮৭ সালের ৮ মার্চ ‘বাংলাভাষা প্রচলন আইন’ করা হলেও তা বাস্তবায়নে কোনো পদক্ষেপ নেওয়া হয়নি। আইন করার ১১ বছর পর ১৯৯৮ সালের ২০ ডিসেম্বর সংস্থাপন মন্ত্রণালয়ের অধীনে ‘বাংলা ভাষা বাস্তবায়ন কোষ’ গঠন করা হয়। এই কোষের ১৫টি দায়িত্ব নির্ধারণ করে দেওয়া হয়। সে সময় একজন উপসচিবের নেতৃত্বে একজন বিশেষজ্ঞসহ ১২ সদস্যের জনবল কাঠামো অনুমোদন করা হয়। তবে মাত্র চারজন কর্মকর্তা এখানে কাজ করে যাচ্ছেন। গত বছরের ২ জুলাই কোষের কাঠামোতে পরিবর্তন করে এক উপসচিবের নেতৃত্বে সাতজন কর্মকর্তার নিয়োগ অনুমোদন করা হয়েছে।জানতে চাইলে এই কোষের আহ্বায়ক উপসচিব আসমা নাসির উদ্দিন প্রথম আলোকে বলেন, ১৯৯৮ সালে বাংলা ভাষা বাস্তবায়ন কোষের (বাবাকো) বাস্তব কার্যক্রম শুরু হয়। কোষের কর্মপরিধির মধ্যে ব্রিটিশ আমল থেকে বিভিন্ন মন্ত্রণালয়, বিভাগ, স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান ও আদালতে প্রযোজ্য ইংরেজিতে প্রণীত আইন বাংলা ভাষায় রূপান্তর অন্যতম। সংশ্লিষ্ট প্রতিষ্ঠান ইংরেজি আইন বাংলায় রূপান্তর করে কোষে জমা দেওয়ার পর তা সঠিক হয়েছে কি না, তা পরীক্ষা-নিরীক্ষা করে দেওয়া হয়। সর্বোচ্চ ৫০০ পৃষ্ঠার আইনের প্রতিটি ইংরেজি ও বাংলা শব্দ পরীক্ষা করতে হয়। এ জন্য যে জনবল ও অন্যান্য সামর্থ্য দরকার, তা কোষের নেই।এ ব্যাপারে জানতে চাইলে শিক্ষাবিদ অধ্যাপক আনিসুজ্জামান বলেন, বর্তমানে যেসব আইন হচ্ছে, সেগুলো বাংলায় লেখা হচ্ছে। কিন্তু অতীতে ইংরেজিতে লেখা আইনগুলো বাংলায় ভাষান্তরের কাজ খুব এগোয়নি। আইন মন্ত্রণালয়ের অধীনে আইন প্রণয়ন বিভাগে বাংলা ভাষায় অভিজ্ঞ ব্যক্তি আছেন। প্রয়োজন হলে বাইরের বিশেষজ্ঞদের সহায়তা নিতে পারেন। তবে সুপ্রিম কোর্টে বাংলার ব্যবহার চালু না হওয়া পর্যন্ত আইনের ক্ষেত্রে বাংলার ব্যবহার নিশ্চিত হবে না।