আইন শ্রমিকদের পক্ষে আনতে দুর্বার আন্দোলন প্রয়োজন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সংসদে উত্থাপিত শ্রম আইনের সংশোধনী প্রসঙ্গে বিচারপতি সৈয়দ আমিরুল ইসলাম বলেছেন, না কাঁদলে মা-ও দুধ দেয় না। তাই শ্রম আইন শ্রমিক স্বার্থের পক্ষে নিয়ে আসতে হলে দুর্বার আন্দোলন গড়ে তুলতে হবে। তিনি বলেন, ২০০৬ সালে যে শ্রম আইন হয়েছিল, শ্রমিক সংগঠনগুলো সঠিকভাবে সেই শ্রম আইনের বিরুদ্ধে অবস্থান নিতে পারেনি।আজ শুক্রবার রাজধানীর রিপোর্টার্স ইউনিটি মিলনায়তনে ‘শ্রমিক স্বার্থ: বাংলাদেশের শ্রম আইন’ শীর্ষক গোলটেবিল বৈঠকে প্রধান অতিথির বক্তব্যে বিচারপতি সৈয়দ আমিরুল ইসলাম এসব কথা বলেন। ছয়টি জাতীয় শ্রমিক সংগঠনের সহায়তায় এ গোলটেবিল বৈঠকের আয়োজন করে বিশ্ব ট্রেড ইউনিয়ন ফেডারেশন (ডব্লিউএফটিইউ) বাংলাদেশ কমিটি।সৈয়দ আমিরুল ইসলাম বলেন, দেশের ট্রেড ইউনিয়নগুলো রাজনৈতিক দলগুলোর লেজুড়বৃত্তি করে। শ্রমিকদের স্বার্থ না দেখে এরা বড় দুই রাজনৈতিক দলের লেজুড় হিসেবে কাজ করে। শ্রমিকদের স্বার্থ সংরক্ষণ করতে হলে দলীয়করণের এই বলয় থেকে বেরিয়ে আসতে হবে। সুখের পায়রা হয়ে ট্রেড ইউনিয়ন করা যাবে না। তিনি বলেন, শ্রমিক নেতৃত্ব এখন আর কষ্ট স্বীকার করে না। ব্যক্তিগত লাভের আশায় যখন যে দল ক্ষমতায় থাকে, সেই দলের শ্রমিক সংগঠনের হয়ে কাজ করে।অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্যে ওয়ার্কার্স পার্টির সভাপতি রাশেদ খান মেনন বলেন, ‘আমাদের সংসদ মালিকপক্ষ দ্বারা নিয়ন্ত্রিত। এই সংসদ শ্রমিক স্বার্থের পক্ষে কিছু করবে, সেটা আশা না করাই ভালো। শ্রমিকদের দাবি আদায় করতে হলে শ্রমিক আন্দোলনকে মাঠেই নামতে হবে। সরকারকে দাবি মানতে বাধ্য করতে হবে।’গোলটেবিল বৈঠকে মূল বক্তব্য পাঠ করেন বিশ্ব ট্রেড ইউনিয়ন ফেডারেশন (ডব্লিউএফটিইউ) বাংলাদেশ কমিটির আহ্বায়ক ওয়াজেদুল ইসলাম খান। তিনি বলেন, বর্তমানে সংসদে শ্রম আইনের যে সংশোধনী পেশ করা হয়েছে, তা পুরোপুরি শ্রমিক স্বার্থের পরিপন্থী। এ আইনে ট্রেড ইউনিয়ন গঠন এবং অবাধ ট্রেড ইউনিয়ন ও পছন্দমতো নেতা নির্বাচনের ক্ষেত্রে যে প্রতিবন্ধকতা রাখা হয়েছে, তা দূর করার আহ্বান জানান তিনি। ওয়াজেদুল ইসলাম বলেন, প্রস্তাবিত আইনে অংশগ্রহণকারী কমিটির বিধান রাখা হয়েছে। এটি বাংলাদেশকে ট্রেড ইউনিয়ন মুক্ত করার সুদূরপ্রসারী ষড়যন্ত্র ও চক্রান্তের অংশ। এ ধারা রহিত করার দাবি করেন তিনি। এ ছাড়া নারী শ্রমিকদের মাতৃত্বকালীন ছুটি চার মাসের পরিবর্তে ছয় মাস করার দাবি জানান তিনি।গোলটেবিল বৈঠকে আরও বক্তব্য দেন বাংলাদেশ লিগাল এইড অ্যান্ড সার্ভিসেস ট্রাস্টের (ব্লাস্ট) সাম্মানিক নির্বাহী পরিচালক ব্যারিস্টার সারা হোসেন, সলিডারিটি সেন্টারের জ্যেষ্ঠ আইন পরামর্শক এ কে এম নাসিম, বাংলাদেশ ইনস্টিটিউট অব লেবার স্টাডিসের (বিলস) সহকারী নির্বাহী পরিচালক সৈয়দ সুলতান উদ্দিন আহমেদ প্রমুখ।