আইন সংশোধনে উপজেলা চেয়ারম্যানদের সঙ্গে বৈঠক করবে সংসদীয় কমিটি
স্থানীয় সরকার (উপজেলা পরিষদ) আইন সংশোধনে আনীত বিল চূড়ান্ত করতে উপজেলা পরিষদের চেয়ারম্যান ও ভাইস চেয়ারম্যানদের প্রতিনিধিদের সঙ্গে বৈঠক করবে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়-সম্পর্কিত সংসদীয় কমিটি। আজ বৃহস্পতিবার জাতীয় সংসদ ভবনে কমিটির সভায় এই সিদ্ধান্ত নেওয়া হয়।কমিটির সভাপতি রহমত আলীর সভাপতিত্বে সভায় অংশ নেন কমিটির সদস্য ও স্থানীয় সরকারমন্ত্রী সৈয়দ আশরাফুল ইসলাম, প্রতিমন্ত্রী জাহাঙ্গীর কবির নানক, হুইপ নূর-ই-আলম চৌধুরী, আবুল খায়ের ভূঁইয়া, এ কে এম মোস্তাফিজুর রহমান, মনোয়ার হোসেন চৌধুরী, আশরাফ আলী খান ও মোস্তফা জালাল মহিউদ্দিন। বিশেষ আমন্ত্রণে সভায় অংশ নেন ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রণালয়-সম্পর্কিত সংসদীয় কমিটির সভাপতি হাসানুল হক ইনু এবং জাতীয় পার্টির মহাসচিব ও সাংসদ এ বি এম রুহুল আমিন হাওলাদার।বৈঠক শেষে কমিটির সভাপতি রহমত আলী প্রথম আলোকে জানান, উপজেলা চেয়ারম্যান ও ভাইস চেয়ারম্যানদের পক্ষ থেকে উপজেলা পরিষদ বিলের ব্যাপারে মতামত দেওয়ার সুযোগ চেয়ে কমিটির কাছে আবেদন করা হয়েছে। এ জন্য কমিটি ছয়জন উপজেলা চেয়ারম্যান এবং তিনজন পুরুষ ও তিনজন নারী ভাইস চেয়ারম্যানকে কমিটির আগামী বৈঠকে আমন্ত্রণ জানানোর সিদ্ধান্ত নিয়েছে। এ ছাড়া বৈঠকে স্থানীয় সরকার বিশেষজ্ঞদের কয়েকজনকে আমন্ত্রণ জানানো হবে। উপজেলা জনপ্রতিনিধি এবং বিশেষজ্ঞদের পরামর্শ নিয়ে আইনের খসড়া চূড়ান্ত করা হবে। বৈঠকের দিনক্ষণ ঠিক করবেন স্থানীয় সরকারমন্ত্রী সৈয়দ আশরাফুল ইসলাম।প্রসঙ্গত, গত বছরের ৬ ডিসেম্বর স্থানীয় সরকার (উপজেলা পরিষদ) (সংশোধন) বিল, ২০১০ জাতীয় সংসদে উত্থাপন করা হয়।