আইন সংশোধনে সরকারের বেশির ভাগ নির্দেশনার সঙ্গে একমত নয় দুদক

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দুর্নীতি দমন কমিশনের (দুদক) আইন সংশোধনের জন্য সংসদীয় কমিটির নির্দেশনার অধিকাংশের সঙ্গেই দ্বিমত পোষণ করেছে দুদকের আইন সংশোধন উপকমিটি। কয়েকটি নির্দেশনার বিষয়ে উপকমিটি একমত হলেও চেয়ারম্যান ও অন্য কমিশনারদের দ্বিমত রয়েছে।দুদকের চেয়ারম্যান গোলাম রহমান প্রথম আলোকে বলেন, উপকমিটির মতামত চূড়ান্ত নয়। কোনো কোনো ক্ষেত্রে কর্মকর্তাদের দৃষ্টিভঙ্গি ও কমিশনের দৃষ্টিভঙ্গি এক নয়। আবার কোনো ক্ষেত্রে উপকমিটির মতের সঙ্গে তাঁদের মতের পার্থক্য আছে।সম্প্রতি সরকারি প্রতিষ্ঠানসংক্রান্ত সংসদীয় স্থায়ী কমিটি দুদক আইন সংশোধনের জন্য ১৯টি নির্দেশনা দেয়। এসব নির্দেশনার আলোকে মতামত দিতে একটি আন্তমন্ত্রণালয় কমিটিও গঠন করে সরকার। এসব নির্দেশনা ও আন্তমন্ত্রণালয় কমিটির মতামতের পরিপ্রেক্ষিতে দুদকের অবস্থান ঠিক করতে সংস্থাটির সচিবের নেতৃত্বে একটি উপকমিটি গঠন করা হয়। কমিটি কয়েক দফা বৈঠক করে সরকারের নির্দেশনার ওপর মত দেয়।যেসব বিষয়ে একমত নয় দুদক: সরকারি কর্মকর্তাদের বিরুদ্ধে দুর্নীতির মামলা দায়েরের ক্ষেত্রে সরকারের অনুমোদন নেওয়ার বিধান পুনর্বহালের সুপারিশ করেছিল স্থায়ী কমিটি (নির্দেশনা-৪)। অতীতে দুর্নীতি দমন ব্যুরোর আইনে এ রকমের একটি বিধান থাকলেও ২০০৪ সালের দুদক আইনে এই ধারাটি তুলে দেওয়া হয়। এই নির্দেশনার পক্ষে যুক্তি হিসেবে বলা হয়েছে, অনেক সত্ ও দক্ষ সরকারি কর্মকর্তা সরল বিশ্বাসে তাঁদের ওপর অর্পিত দায়িত্ব পালন করে পরে দুদকের মামলায় আসামি হয়েছেন। এতে সরকারের বিভিন্ন উন্নয়ন কর্মসূচির বাস্তবায়ন বাধাগ্রস্ত হয়।তবে দুদকের উপকমিটি মনে করে, দুদককে স্বাধীন ও নিরপেক্ষভাবে কাজ করতে দেওয়ার প্রয়োজনে এমন বিধান থাকা উচিত নয়।এ বিষয়ে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশের (টিআইবি) নির্বাহী পরিচালক ইফতেখারুজ্জামান প্রথম আলোকে বলেন, সরকারি কর্মকর্তাদের বিরুদ্ধে দুর্নীতির মামলা দায়েরের ক্ষেত্রে সরকারের অনুমোদন নেওয়ার বিধান করা উচিত নয়। এতে পরোক্ষভাবে দুর্নীতিকে প্রশ্রয় দেওয়া হবে।সংসদীয় কমিটির নির্দেশনা-৭-এ বলা হয়েছে, সাম্প্রতিক অতীতে উল্লেখযোগ্যসংখক জনপ্রতিনিধি দুদকের কর্মকাণ্ডে ‘নাজেহাল ও দুর্ভোগের শিকার’ হয়েছেন। এ জন্য দুদকের কর্মকর্তা-কর্মচারীদের ক্ষমতার অপব্যবহার রোধে কাজে জবাবদিহি প্রতিষ্ঠার আবশ্যকতা আছে।আন্তমন্ত্রণালয় কমিটি মত প্রকাশ করে, দুদকের কোনো কর্মকর্তা-কর্মচারীর কাজে সংক্ষুব্ধ ব্যক্তি দুদকের চেয়ারম্যান বরাবর লিখিত অভিযোগ জানাতে পারবেন। একটি কমিটিতে সেই অভিযোগ উপস্থাপিত হবে এবং এরপর কী ব্যবস্থা নেওয়া হলো, তা অভিযোগকারীকে জানাতে হবে।তবে দুদকের উপকমিটির অভিমত, দুদকের ক্ষমতা প্রয়োগের ক্ষেত্রে দুদক বিধিমালায় সুনির্দিষ্ট বিধান আছে। সে জন্য দুদক আইন সংশোধনের কোনো প্রয়োজন নেই।সরকার নির্দেশনা দিয়েছিল, কমিশনের সচিব সরকার নিয়োগ দেবে এবং তিনি হবেন কমিশনের মুখ্য হিসাব কর্মকর্তা। আন্তমন্ত্রণালয় কমিটিও এই নির্দেশনার সঙ্গে একমত পোষণ করে। দুদক আইনের ১৬ ধারা অনুযায়ী সচিব নিয়োগের ক্ষমতা কমিশনের হাতে।দুদক উপকমিটি সরকারের এই নির্দেশনা ও মতের সঙ্গেও দ্বিমত পোষণ করেছে। উপকমিটি বলেছে, দুদক আইন ১২ ধারা অনুযায়ী চেয়ারম্যান সংস্থার প্রধান নির্বাহী। এ অবস্থায় সচিবকে মুখ্য হিসাব কর্মকর্তা করা অসংগতিপূর্ণ হবে।দুদককে স্বশাসিত না করার নির্দেশনা দিয়েছিল সংসদীয় স্থায়ী কমিটি। আন্তমন্ত্রণালয় কমিটিরও অভিমত, স্বশাসিত প্রতিষ্ঠান নিজের আয় থেকে ব্যয় নির্বাহ করে। কিন্তু দুদকের নিজস্ব কোনো আয় নেই। এ অবস্থায় এটি স্বশাসিত হতে পারে না। তবে দুদকের উপকমিটি মনে করে, দুদক আইনে স্বশাসিত শব্দটি থাকা প্রয়োজন।সরকারকে কবে মতামত জানাবে দুদক: দুদক চেয়ারম্যান প্রথম আলোকে বলেন, কমিশনার হাবিবুর রহমান চিকিত্সা শেষে বিদেশ থেকে ফিরলে তাঁরা বিষয়গুলো নিয়ে আলোচনা করবেন। পাশাপাশি আইনজীবীদের সঙ্গেও এ নিয়ে কথা বলবেন তাঁরা। দুদক আইনে সংশোধন আনার ক্ষেত্রে সরকারকেও কয়েকটি নির্দেশনা দেওয়ার কথা ভাবছেন তাঁরা। দুদক উপকমিটির মতের সঙ্গে কমিশনের দ্বিমত: সংসদীয় কমিটির ১ ও ২ নম্বর নির্দেশনা ও আন্তমন্ত্রণালয় কমিটি দুদককে সরাসরি রাষ্ট্রপতির কাছে দায়বদ্ধ করার সুপারিশ করেছিল। দুদক আইনের ২৪ ধারায় ‘এই আইনের বিধানাবলী সাপেক্ষে, কমিশনাররা এই আইনের অধীন দায়িত্ব পালনের ক্ষেত্রে স্বাধীন থাকিবেন’—এই বাক্যের শেষে ‘এবং তাদের কার্যাবলীর বিষয়ে রাষ্ট্রপতির নিকট দায়ী থাকিবেন’ এই শব্দগুলো সংযোজন করার সুপারিশ করেছিল আন্তমন্ত্রণালয় কমিটি।দুদক চেয়ারম্যান গোলাম রহমান প্রথম আলোকে বলেন, ‘এই প্রস্তাবটির বিষয়ে আমাদের চিন্তার বড় ধরনের পার্থক্য আছে। দুদক রাষ্ট্রপতির কাছে প্রতি বছর এমনিতেই প্রতিবেদন দেয়। নতুন করে আর এমন আইন করার প্রয়োজন নেই।’টিআইবির নির্বাহী পরিচালক ইফতেখারুজ্জামান এ বিষয়ে বলেন, বাংলাদেশে মন্ত্রিপরিষদশাসিত সরকার ব্যবস্থা আছে। প্রধানমন্ত্রীর সঙ্গে পরামর্শ করেই এখানে রাষ্ট্রপতিকে কাজ করতে হয়। কাজেই দুদক সম্পর্কে সিদ্ধান্ত নিতে রাষ্ট্রপতিকে প্রধানমন্ত্রীর ওপরই নির্ভর করতে হবে।