বিভক্ত দুই ঢাকা সিটি করপোরেশনের (ডিসিসি) নির্বাচন আয়োজনের জন্য সময় বাড়িয়ে আইন সংশোধনের প্রস্তাব মন্ত্রিসভার আগামী বৈঠকে উঠতে পারে। ইতিমধ্যে এই প্রস্তাব মন্ত্রিপরিষদ বিভাগে পাঠিয়েছে স্থানীয় সরকার বিভাগ। চলতি সংসদ অধিবেশনেই সংশোধিত স্থানীয় সরকার (সিটি করপোরেশন) আইন পাস হচ্ছে।স্থানীয় সরকার বিভাগ সূত্রে জানা গেছে, বিদায়ের মুহূর্তে নির্বাচন কমিশন বিদ্যমান আইন অনুযায়ী ৯০ দিনের মধ্যে বিভক্ত ডিসিসি নির্বাচন না করার সিদ্ধান্ত নেওয়ায় আবারও আইন সংশোধনের সিদ্ধান্ত নেওয়া হয়। বিদ্যমান আইনের ৯০ দিনের পরিবর্তে ১৮০ দিনের মধ্যে নির্বাচন করার বিধান রাখা হচ্ছে সংশোধিত আইনে। পাশাপাশি প্রশাসকদের মেয়াদও ১৮০ দিন করা হচ্ছে।জানতে চাইলে স্থানীয় সরকার সচিব আবু আলম মো. শহীদ খান প্রথম আলোকে বলেন, ‘আইন সংশোধনের জন্য প্রস্তাব ইতিমধ্যে মন্ত্রিপরিষদ বিভাগে পাঠানো হয়েছে। আশা করছি, আগামী মন্ত্রিসভায় প্রস্তাব উঠবে।’ঢাকা সিটি করপোরেশনকে দুই ভাগ করে গত ২৯ নভেম্বর সংসদে আইন পাস হয়। সংশোধিত সিটি করপোরেশন আইন অনুযায়ী কোনো করপোরেশনকে ভাগ করে একাধিক করপোরেশন গঠন করা হলে সেখানে ৯০ দিনের মধ্যে নির্বাচন করতে হবে। এই হিসেবে ঢাকার দুই সিটিতে ২৮ ফেব্রুয়ারির মধ্যে নির্বাচন করার কথা।কিন্তু প্রধান নির্বাচন কমিশনার এ টি এম শামসুল হুদা (সিইসি) ও অপর দুই কমিশনারের অবসরে যাওয়াসহ তিন কারণে বর্তমান ইসি বিভক্ত ডিসিসির নির্বাচন না করার সিদ্ধান্ত নেয়। এরপর আইন সংশোধনের সিদ্ধান্ত হয়।