আইন সংশোধনের বিপক্ষে বাসমালিকেরা
সড়ক দুর্ঘটনায় দায়ী ব্যক্তিদের শাস্তির বিধান পরিবর্তন করার বিপক্ষে মত দিয়েছেন বাসমালিকেরা। বাস মালিক সমিতির সদস্যদের সঙ্গে কথা বলে জানা যায়, বর্তমানে যে আইন বিদ্যমান, এর যথার্থ প্রয়োগ হওয়া উচিত বলেই মনে করেন তাঁরা। তবে এ জন্য নতুন কোনো আইন বা আইনের সংশোধনীর প্রয়োজন নেই। তাঁদের মতে, একটা লোকের মৃত্যুর বদলে আরেকটি লোকের মৃত্যু ঘটানোর বিধান করা অনুচিত। একাধিক বাসমালিক (নাম প্রকাশে অনিচ্ছুক) জানান, বর্তমান যানবাহন নিয়ন্ত্রণের বিষয়টিতে বিআরটিএর (রোড ট্রান্সপোর্ট অথরিটি) অনেক গাফিলতি রয়েছে। ফলে সড়ক দুর্ঘটনা বাড়ছে। তাঁরা মত দেন, ড্রাইভিং লাইসেন্স দেওয়া, বাস টার্মিনাল স্থাপনে বিআরটিএ উদাসীন মনোভাব দেখায়। অদক্ষ চালকদের দ্বারা বাস চালানোর ফলে সড়ক দুর্ঘটনা ঘটে। আবার ঢাকা শহরেই যত্রতত্র বাস টার্মিনাল থাকায় সড়ক দুর্ঘটনা বাড়ছে। এ জন্য সিটি করপোরেশনেরও ভূমিকা প্রশ্নবিদ্ধ বলে তাঁরা মনে করছেন। তবে বিদ্যমান যে আইন রয়েছে, দণ্ডবিধি ও মোটরযান আইনে তা যথার্থ বলেই মনে করেন তাঁরা। শুধু যথাযথ প্রয়োগ করতে হবে। এ বিষয়ে অ্যাসোসিয়েশন অব বাস কোম্পানিজের সভাপতি খন্দকার রফিকুল হোসেন বলেন, নতুন আইন করে শাস্তির মাত্রা বাড়িয়ে দিলেই হবে না, এতে অনেক নিরীহ চালকও শাস্তি পেতে পারেন। উপযুক্ত তথ্য-প্রমাণ না পেলেও ষড়যন্ত্রমূলকভাবে চালককে ফাঁসানো হবে। এতে অনেকে আবার লঘুপাপে গুরুদণ্ড পাবেন। তিনি বলেন, বর্তমানে যে আইন বিদ্যমান, এর কার্যকর ও যথার্থ প্রয়োগ করাই আসল কথা। কোনো সড়ক দুর্ঘটনায় কোনো চালকের অবহেলা আছে কি না, চালক কতটা দক্ষ, এসব বিবেচনায় এনে আইনের প্রয়োগ করতে হবে। তিনি মনে করেন, সড়ক দুর্ঘটনার জন্য সড়ক-ব্যবস্থাপনা অনেকাংশে দায়ী। বিআরটিএর এ ব্যাপারে উদাসীনতা দেখানো উচিত নয় বলে তিনি মত দেন। যত্রতত্র বাসস্ট্যান্ড, যত্রতত্র বাস থামানো, যাত্রী ওঠানো—এসবের ফলে সড়ক দুর্ঘটনা বেড়ে যায়। বিআরটিএর উচিত, চালকদের যথাযথ প্রশিক্ষণ দেওয়া। এর সঙ্গে রাস্তা পারাপারকারীদেরও সচেতন হওয়ায় কথা বলেন তিনি। এ জন্য সরকার, বেসরকারি সংগঠন এবং গণমাধ্যমগুলোর সচেতনতামূলক কার্যক্রম হাতে নেওয়া জরুরি বলেও মনে করেন তিনি। বাসমালিকেরা নতুন আইন করার বদলে আইনটির যথাযথ প্রয়োগের জন্য কর্তৃপক্ষ এবং আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে সজাগ হতে বলেছেন।