‘আইন সংস্কার আমাদের কাজ নয়। আইন সংস্কার করবে সংসদ। বিদ্যমান আইনের যথাযথ প্রয়োগ নিশ্চিত করাই বিচারকদের কাজ। এ ক্ষেত্রে যেন কোনো গাফিলতি না হয়।’ গতকাল শনিবার রাজধানীর সিরডাপ মিলনায়তনে ‘পার্বত্য চট্টগ্রামে ন্যায়বিচার প্রতিষ্ঠা: জজ আদালত স্থাপন ও পরবর্তী করণীয়’ শীর্ষক কর্মশালায় প্রধান অতিথির বক্তব্যে প্রধান বিচারপতি এ বি এম খায়রুল হক এ মতামত প্রকাশ করেন। প্রধান বিচারপতি বলেন, ‘আমি দুর্নীতির বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার চেষ্টা করছি, কিন্তু কেউ আমার কাছে অভিযোগ নিয়ে আসেন না। বিচারক বা বিচার বিভাগ নিয়ে কোনো সুস্পষ্ট অভিযোগ নিয়ে এলে এ ব্যাপারে তদন্ত করে যথাযথ ব্যবস্থা নেওয়া হবে।’ বিচারক ও আইনজীবীদের নিজ নিজ দায়িত্ব সুচারুভাবে পালনের আহ্বান জানান তিনি। প্রধান বিচারপতি বলেন, ‘আমাদের অবকাঠামোগত সমস্যা রয়েছে। এটা শুধু পার্বত্য চট্টগ্রামেই নয়, সারা দেশেই এই সমস্যা।’ বাংলাদেশ লিগ্যাল এইড অ্যান্ড সার্ভিসেস ট্রাস্ট (ব্লাস্ট) এই কর্মশালার আয়োজন করে। ব্লাস্টের ট্রাস্টি বোর্ডের সদস্য শামসুল বারির সভাপতিত্বে কর্মশালায় আপিল বিভাগের বিচারপতি মো. মোজাম্মেল হোসেন ও বিচারপতি এস কে সিনহা, ব্লাস্টের ট্রাস্টি বোর্ডের সদস্য ও চাকমা-রাজা দেবাশীষ রায়, অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল এম কে রহমান, জে আই খান পান্না, শাহ্দীন মালিক, ইদ্রিসুর রহমান, সারা হোসেন প্রমুখ বক্তব্য দেন। প্রধান বিচারপতি বলেন, ‘বিচারক কম, অবকাঠামোসহ অন্যান্য সুবিধা সীমিত—এই অজুহাতে হাত-পা গুটিয়ে বসে থাকলে চলবে না। বিদ্যমান আইন ও ব্যবস্থা যা আছে, তা দিয়েই দ্রুত মামলা নিষ্পত্তি করতে হবে।’ বিচারক ও আইনজীবীদের উদ্দেশে প্রধান বিচারপতি বলেন, চাকমা সম্প্রদায়ের মানুষ অত্যন্ত সাধারণ ও সহজ-সরল। চেষ্টা করবেন, তাঁদের এই সরলতার সুযোগ যেন অন্য কেউ নিতে না পারে। আদালতে আসা যেন তাঁদের কাছে ঝামেলা ও অর্থব্যয়ের কাজ কখনোই মনে না হয়। আইন অনুযায়ী তাঁদের প্রতিকার দেওয়ার জন্য চেষ্টা করবেন। পার্বত্য তিন জেলার আদালতগুলোর তিন বছরের কার্যক্রমের সারাংশ উপস্থাপনের প্রয়োজনীয়তা তুলে ধরে প্রধান বিচারপতি বলেন, সারাংশ হাতে পেলে এ বিষয়ে পরবর্তী পদক্ষেপ নেওয়া যাবে। প্রধান বিচারপতি বলেন, ‘এক রিটে আমরা পার্বত্য তিন জেলায় আদালত প্রতিষ্ঠার নির্দেশ দিয়ে রায় দিয়েছিলাম। সরকার এরপর এ ব্যাপারে যথাযথ পদক্ষেপ নেয়। পদক্ষেপ নেওয়া হলেও নানা সমস্যার কারণে এটা পুরোদমে কাজ শুরু করতে পারেনি। ওখানকার বিচারব্যবস্থা (লিগ্যাল সিস্টেম) খুবই নাজুক অবস্থায় আছে। তিনি বলেন, ‘আপনাদের (বিচারকদের) ওপর অর্পিত দায়িত্ব যথাযথভাবে পালন করবেন, এটাই প্রত্যাশা। কোনো অজুহাতেই যেন মামলা পড়ে না থাকে, এমন অভিযোগ যেন শুনতে না পাই। দ্রুত মামলা নিষ্পত্তি করতে হবে।’ কোনো সমস্য হলে সরাসরি যোগাযোগ করতে বিচারকদের পরামর্শ দেন তিনি। প্রধান বিচারপতি বলেন, ‘সংবিধান ও আইনে সবাইকে সম-অধিকার দেওয়ার কথা বলা হয়েছে। সেটা মাথায় রেখেই আমাদের এগোতে হবে। সাংবিধানিক অধিকার ও নির্দেশনা থেকে আমরা যেন বিচ্যুত না হই। আমরা আশা করব, সংবিধানের এই বাণী ও বাধ্যবাধকতা সংশ্লিষ্ট কর্তৃপক্ষ চিন্তাভাবনা করবেন ও প্রয়োজনীয় পদক্ষেপ নেবেন।’ বিচারক-সংকট নিরসনে আরও ১০১ জন সহকারী জজ নিয়োগ প্রক্রিয়াধীন আছে জানিয়ে এ বি এম খায়রুল হক বলেন, আরও ২৫০ জন সহকারী জজ নিয়োগের বিজ্ঞপ্তি দেওয়া হবে। এ ক্ষেত্রে আবেদনকারীর বয়সসীমা ৩২ করা হচ্ছে। তবে বার কাউন্সিলের পরীক্ষায় পাস করারসহ কয়েকটি শর্তও থাকছে। বর্তমানে এটা রাষ্ট্রপতির অনুমোদনের অপেক্ষায় রয়েছে। বিশেষ অতিথির বক্তব্যে বিচারপতি মো. মোজাম্মেল হোসেন বলেন, পার্বত্য অঞ্চলে বিভিন্ন সমস্যা রয়েছে। বিচারকদের দায়িত্ব হচ্ছে প্রচলিত আইন অনুসারে বিচার করা। বিচার বিভাগ পৃথক্করণের পর অবকাঠামোগত সমস্যা এখনো রয়েছে। বিচারিক হাকিমদের বসার জন্য পর্যাপ্ত আদালতকক্ষ নেই। তাঁরা আদালতকক্ষ ভাগ করে বিচারকাজ পরিচালনা করছেন। সততা, নিষ্ঠা, আন্তরিকতা ও প্রজ্ঞার সঙ্গে বিচারকদের কাজ করার আহ্বান জানান তিনি। বিশেষ অতিথির বক্তব্যে বিচারপতি এস কে সিনহা বলেন, পার্বত্য জেলাগুলোতে বিদ্যমান আইন এবং প্রথাগত আইনকে সমন্বয় করতে হবে। প্রচলিত আইন ও বিধির আলোকে দেওয়ানি ও ফৌজদারি আদালত পরিচালনা করতে হবে। এর বাইরে বিচারকদের যাওয়া সম্ভব নয়। আইনের পরিধির বাইরে গিয়ে কোনো বিষয়ের ব্যাখ্যা দেওয়া ঠিক হবে না। পার্বত্য অঞ্চলের জনগোষ্ঠীর ন্যায়বিচার প্রাপ্তির অধিকার বিষয়ে দেবাশীষ রায় আদিবাসী জনগোষ্ঠীর প্রথাগত আইনের সঙ্গে প্রচলিত আইনের সমন্বয়, প্রথাগত আইনের ওপর বিচারক ও আইনজীবীদের প্রশিক্ষণসহ বিভিন্ন বিষয়ের ওপর গুরুত্বারোপ করেন। অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল এম কে রহমান বলেন, পার্বত্য চট্টগ্রাম দেশের বাইরে নয়। টেলিফোন সাময়িকভাবে সমস্যার সমাধান সম্ভব, কিন্তু সমস্যার স্থায়ী সমাধানে রাষ্ট্রকে এগিয়ে আসতে হবে। পার্বত্য জেলাগুলোর আদালতে বিরাজমান সমস্যা নিয়ে আলোচনা চালিয়ে যাওয়ার আহ্বান জানিয়ে শাহ্দীন মালিক বলেন, তবেই দ্রুত সমস্যার সমাধান হবে। জে আই খান পান্না বলেন, বিচারকদের বসার জায়গা নেই। লাইব্রেরি ও বই-পুস্তক নেই। অবয়ব ও কাঠামো সরকারের পক্ষ থেকে দেওয়া হয়নি। তিনজন বিচারক এক কক্ষে বসে কাজ করছেন। বার কাউন্সিল এ ব্যাপারে উদ্যোগ নিতে পারে। ডিজিটাল বাংলাদেশের কথা বলা হচ্ছে। এই তিনটি আদালতকে ডিজিটাল করে এর সূচনা হতে পারে। কর্মশালার শুরুতে প্রেক্ষাপট তুলে ধরেন আইনজীবী ইদ্রিসুর রহমান ও মূল প্রবন্ধ পড়েন আইনজীবী জুয়েল দেওয়ান।