আইন হলে দুদক কতটুকু কার্যকর হবে, সন্দেহ চেয়ারম্যানের
সরকারি ব্যবস্থার মধ্যে একটি চক্র রয়েছে, যারা দুর্নীতিকে প্রশ্রয় দিতে চায়। তাই দুর্নীতি দমন আইন (দুদক) আইনটি চূড়ান্ত হলে তা কমিশনের কতটুকু উপকারে আসবে বা তা দুর্নীতি দূর করতে কতটা কার্যকর হবে, সেটা ভেবে দেখতে হবে।আজ শনিবার ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসি চত্বরে এক বিতর্ক প্রতিযোগিতার অনুষ্ঠানে দুদকের চেয়ারম্যান এ আশঙ্কার কথা জানান। ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশের (টিআইবি) সহযোগিতায় ঢাকা বিশ্ববিদ্যালয় ডিবেটিং সোসাইটি (ডিইউডিএস) এ বিতর্ক প্রতিযোগিতার আয়োজন করে।দুদকের চেয়ারম্যান গোলাম রহমান বলেন, দুদক এখনো পূর্ণাঙ্গ নয়। এর আইনটি পূর্ণাঙ্গ করতে দুদক কিছু সুপারিশ করেছে। কিন্তু সেটা অন্তর্ভুক্ত নাও করা হতে পারে।গোলাম রহমান বলেন, ‘তত্ত্বাবধায়ক সরকারের সময় দুদক সংবিধান ও আইনের ঊর্ধ্বে থেকে কাজ করেছিল। সে সময় দুটি আইনও তারা করেছিল। যা বর্তমান গণতান্ত্রিক সংসদীয় সরকার বাতিল করে দেয়। ওই সময়ে দুদক কর্তৃপক্ষের অভিযুক্ত রাজনৈতিক ব্যক্তি, ব্যবসায়ীসহ বিভিন্ন দুর্নীতির অভিযোগে গ্রেপ্তার হওয়া ব্যক্তিরা উচ্চ আদালত থেকে প্রায় সবাই রেহাই পেয়েছেন। আমরা চেষ্টা করছি, উচ্চ আদালতে আবেদন করে ওইসব ব্যক্তির বিরুদ্ধে তদন্ত করার।’টিআইবির নির্বাহী পরিচালক ইফতেখারুজ্জামান বলেন, দুর্নীতি রোধে সরকারকে কাছে অবশ্যই দাবি তোলা যাবে। তবে এর আগে জনগণকে এ বিষয়ে সচেতন হতে হবে। অন্যথা, সরকারের একার পক্ষে দেশ থেকে দুর্নীতি দূর করা অসম্ভব।ইস্ট ওয়েস্ট বিশ্ববিদ্যালয়কে পরাজিত করে প্রতিযোগিতায় বিজয়ী হয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয়। ফাইনালে বক্তা হয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের রিয়াসাদ আজিম। প্রতিযোগিতায় বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য আ আ ম স আরেফিন সিদ্দিক।এ অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন টিএসসির পরিচালক আলমগীর হোসেন, ডিইউডিএসের প্রধান মডারেটর সৈয়দ মনজুরুল ইসলাম, মডারেটর মাহবুবা নাসরিন, ডিইউডিএসের সাবেক সভাপতি রাশেদুল আলম ও আল আমিন চৌধুরী প্রমুখ।