আইন হয়েছে নয় মাস পূর্ণাঙ্গ মানবাধিকার কমিশন হয়নি
বিগত তত্ত্বাবধায়ক সরকারের আমলে অধ্যাদেশ জারির মাধ্যমে ২০০৮ সালের ১ ডিসেম্বর প্রতিষ্ঠিত হয় জাতীয় মানবাধিকার কমিশন। বর্তমান সরকার গত জুলাই মাসে মানবাধিকার কমিশন আইন পাস করে। এরপর প্রতিষ্ঠাকালীন দুই কমিশনার পদত্যাগ করেন। পরবর্তী নয় মাসেও কমিশনার নিয়োগ না হওয়ায় পূর্ণাঙ্গ কমিশন গঠিত হয়নি। বর্তমানে কমিশনের চেয়ারম্যান বিচারপতি আমিরুল কবীর চৌধুরী একাই দায়িত্ব পালন করছেন। কমিশনের কোনো বিধি, তদন্ত কর্মকর্তাসহ প্রয়োজনীয় লোকবলও নেই। ফলে গুরুত্বপূর্ণ এ সংস্থাটি মানবাধিকার রক্ষায় কার্যত কোনো অবদান রাখতে পারছে না।সূত্র জানায়, ১৯ জানুয়ারি জাতীয় সংসদ ভবনে স্পিকারের কার্যালয়ে স্পিকার আবদুল হামিদের সভাপতিত্বে বাছাই কমিটির বৈঠক হয়। বৈঠকে কমিশনের ছয়টি সদস্যপদের প্রতিটির জন্য দুজন করে যোগ্য লোক খুঁজে বের করতে আইন মন্ত্রণালয়কে দায়িত্ব দেওয়া হয়। নাম সংগ্রহের পর কমিটি আবার বৈঠক করে সদস্য নিয়োগ দেওয়ার কথা। এ কাজের অগ্রগতির বিষয়ে জানতে চাইলে আইন মন্ত্রণালয়ের মানবাধিকার কমিশন শাখার যুগ্ম সচিব সালমা বিনতে কাদির প্রথম আলোকে বলেন, ‘কাজ এগোচ্ছে। মন্ত্রীর দপ্তরে খোঁজ নিলে পাবেন।’ আইনমন্ত্রী শফিক আহমেদ বলেন, তাঁরা লোক বাছাই করেছেন। বাছাই কমিটি বৈঠক ডাকলেই কমিটির কাছে তাঁরা নামগুলো প্রস্তাব করবেন। এখনো পূর্ণাঙ্গ কমিশন না হওয়া প্রসঙ্গে জানতে চাইলে তিনি বলেন, ‘আমাদের আন্তরিকতার অভাব নেই। বৈঠক ডাকলেই (বাছাই কমিটি) সব হয়ে যাবে।’ মানবাধিকারকর্মী হামিদা হোসেন কমিশনের এ অবস্থায় হতাশা প্রকাশ করে প্রথম আলোকে বলেন, ‘আমি ঠিক বুঝি না কোথায় এগুলো আটকে আছে। আমরা নিজেরাই প্রশ্ন করছি, কেন এটা হচ্ছে না। দ্রুত এই উদ্যোগ নেওয়া উচিত। পাশাপাশি কমিশনার হিসেবে নিরপেক্ষ লোকদের যেন নিয়োগ দেওয়া হয়, সেদিকেও লক্ষ রাখতে হবে। নইলে কমিশনের উদ্দেশ্য সফল হবে না।’জাতীয় মানবাধিকার কমিশন আইন-২০০৯ অনুযায়ী একজন চেয়ারম্যান ও অনধিক ছয়জন সদস্য নিয়ে কমিশন গঠিত হবে। বাছাই কমিটির সুপারিশ অনুযায়ী রাষ্ট্রপতি এঁদের নিয়োগ দেবেন। আইন, বিচার, মানবাধিকার, শিক্ষা, সমাজসেবা বা মানবকল্যাণে উল্লেখযোগ্য অবদান রেখেছেন—এমন ব্যক্তিরাই এ পদগুলোতে নিয়োগ পাবেন। নেই বিধি, লোকবল: ২০০৮ সালের ১ ডিসেম্বর বিচারপতি আমিরুল কবীর চৌধুরীকে চেয়ারম্যান করে তিন সদস্যের কমিশন করা হয়। কমিশনের কাজে সহায়তা দিতে ইউএনডিপির ‘প্রমোটিং একসেস টু জাস্টিস অ্যান্ড হিউম্যান রাইটস ইন বাংলাদেশ’ অস্থায়ীভাবে পাঁচজন কর্মী দেয়। তাঁরাই কমিশনের নানা দাপ্তরিক কাজে সহায়তা দিচ্ছেন। বিধি প্রণয়ন করতে ‘স্থানীয় পরামর্শক’ নিয়োগ দিতে কমিশনের পক্ষ থেকে একাধিকবার সরকারকে চিঠি দেওয়া হয়। পরে কমিশনের চেয়ারম্যান নিজেই বিধির খসড়া করে গত ৪ আগস্ট আইন মন্ত্রণালয়ে জমা দেন। মন্ত্রণালয় এখনো তা চূড়ান্ত করেনি। অথচ বিধি চূড়ান্ত না হলে কোনো অভিযোগের তদন্ত করা সম্ভব হবে না।কমিশনের বিভিন্ন পদে ৬২ জনের নিয়োগ চেয়ে ২০০৮ সালের ২২ নভেম্বর কমিশন আইন মন্ত্রণালয়ে একটি তালিকা পাঠিয়েছিল। সরকার কেবল প্রেষণে একজন যুগ্ম সচিব, একজন অতিরিক্ত জেলা জজ ও একজন যুগ্ম জেলা জজকে কমিশনে পাঠিয়েছে। তাঁরা যথাক্রমে কমিশনের সচিব, পরিচালক ও উপপরিচালক হিসেবে কাজ করছেন।আইনশৃঙ্খলা বাহিনীও সহযোগিতা করছে না: কমিশনের চেয়ারম্যান বিচারপতি আমিরুল কবীর চৌধুরী জানান, তদন্ত কর্মকর্তা না থাকায় তাঁরা কোনো অভিযোগের তদন্তের জন্য পুলিশ ও র্যাবের ওপর নির্ভর করেন। কিন্তু কমিশনের হিসাব অনুযায়ী, গত ডিসেম্বর পর্যন্ত মানবাধিকার লঙ্ঘনের অন্তত আটটি ঘটনায় র্যাব ও পুলিশের কাছে তদন্ত প্রতিবেদন চেয়ে সময়মতো পায়নি কমিশন। দুটি ঘটনায় প্রতিবেদন দেওয়া হলেও সেগুলো ছিল দায়সারা গোছের। এগুলো কমিশনের কাছে বিশ্বাসযোগ্য মনে হয়নি। র্যাবের আরেকটি প্রতিবেদন কমিশনের কাছে গ্রহণযোগ্য মনে হয়নি। পরে এসব ঘটনায় আবারও তদন্ত করে বিস্তারিত জানাতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে অনুরোধ করা হয়।কথিত ‘ক্রসফায়ারে’ বরিশালের বাকেরগঞ্জ উপজেলার কালিদাসিয়া গ্রামের আলাউদ্দিন হাওলাদারের মৃত্যুর বিষয়ে তদন্ত করে প্রতিবেদন দিতে পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) নূর মোহাম্মদকে একাধিকবার চিঠি দিয়েছিল কমিশন। কিন্তু প্রতিবেদন পাঠানো হয়নি।গত ১৮ নভেম্বর আইজিপিকে পাঠানো এক চিঠিতে বলা হয়, ‘...অভিযোগটি তদন্তপূর্বক প্রয়োজনীয় ব্যবস্থা করে কমিশনের নিকট প্রতিবেদন প্রেরণ করতে মহাপুলিশ পরিদর্শক (আইজিপি) বরাবর একাধিকবার অভিযোগের অনুলিপিসহ পত্র প্রেরণ করা হয়েছিল। এ পর্যন্ত তাঁর নিকট হতে অত্র কমিশনে কোনো প্রতিবেদন পাওয়া যায়নি।’কমিশনের আইন অনুযায়ী, সংস্থাটি সরকার বা তার কর্তৃপক্ষের কাছে মানবাধিকার লঙ্ঘনের ঘটনায় প্রতিবেদন চাইতে পারে।