আইনজীবী অসদাচরণ করলে কী প্রতিকার
কথায় আছে, যে মামলা করে তাকে ভেড়ার বদলে ঘোড়া দিতে হয়। মামলা হলেই আইনজীবীর পরামর্শ ছাড়া কোনো উপায় নেই। আদিকাল থেকেই এই আইন পেশা সমাজে সম্মানিত পেশা হিসেবে স্বীকৃত। কিন্তু যে মহান নৈতিকতা ও সামাজিক দায়বদ্ধতা থেকে এই পেশার উদ্ভব, বর্তমান যুগে অনেকেই সেই একাগ্রতা ও সততার চূড়ান্ত উৎকর্ষতা থেকে বিচ্যুত। এমন অনেকেই আছেন, যাঁরা মামলা করতে গিয়ে ওকালতির আঠারো প্যাঁচে পড়ে সর্বস্বান্ত হয়েছেন। এখন হরহামেশাই আইনজীবীদের বিরুদ্ধে পেশাগত অসদাচরণের অভিযোগ পাওয়া যায়। দায়িত্ব পালনে গাফিলতি, জামিনের বা বিভিন্ন জায়গায় ঘুষ দেওয়ার নাম করে টাকা খাওয়া, শুনানির দিনে উপস্থিত না হওয়া, ব্যস্ততা দেখিয়ে মক্কেলকে পিছে পিছে ঘোরানো, বিপক্ষের সঙ্গে লেনদেন করা কিংবা নিজ মক্কেলের সঙ্গে প্রতারণার মতো বিষয়গুলোর শিকার হচ্ছেন অনেক অসহায় বিচারপ্রার্থী। বেশির ভাগ ক্ষেত্রেই তাঁরা বিচারের আশায় নীরবে এই নিগ্রহ সহ্য করে যান। অনেকেই আবার মুখ খুলতে চান না ভয়ে কিংবা জানেনই না যে আইনে এর প্রতিকার রয়েছে। অথচ এই অবস্থার শিকার যে কেউই বাংলাদেশ বার কাউন্সিলে আবেদনের মাধ্যমে সংশ্লিষ্ট আইনজীবীর বিরুদ্ধে অভিযোগ করে প্রতিকার পেতে পারেন।বাংলাদেশ বার কাউন্সিল: আইনজীবীদের পেশার সনদ প্রদান ও নিয়ন্ত্রণকারী পরিষদ হলো বাংলাদেশ বার কাউন্সিল। এই পরিষদ নতুন আইনজীবীদের তালিকাভুক্তির জন্য পরীক্ষা গ্রহণ, আইনজীবীদের পেশাগত আচরণের জন্য নীতিমালা নির্ধারণ, সব আইনজীবীর কর্মকাণ্ড নিয়ন্ত্রণ, আইন পেশার মান রক্ষা এবং আইনজীবীদের বিরুদ্ধে উত্থাপিত অভিযোগের বিচার করে। ১৯৭২ সালের বাংলাদেশ লিগ্যাল প্র্যাকটিশনারস ও বার কাউন্সিল আদেশ দ্বারা বার কাউন্সিলের গঠন, নির্বাচন ও পরিচালনা পদ্ধতি নিয়ন্ত্রিত হয়। এর পরিচালনার জন্য একটি পর্ষদ রয়েছে, যার মধ্যে রাষ্ট্রের প্রধান আইন কর্মকর্তা হিসেবে অ্যাটর্নি জেনারেল পদাধিকার বলে এই সংস্থার প্রধান। তবে আইনজীবীদের পেশাগত আচরণের নিয়ন্ত্রণ সংস্থা হিসেবে এ প্রতিষ্ঠানটি সাধারণ মানুষের কাছে ততটা পরিচিত নয় এবং সে কারণে ভুক্তভোগী বিচারপ্রার্থীরাও জানেন না যে পেশাগত অসদাচরণের জন্য সংশ্লিষ্ট আইনজীবীর বিরুদ্ধে এখানে অভিযোগ দায়ের করতে হয়।কীভাবে অভিযোগ করবেন: যেকোনো ব্যক্তি আইনজীবীর অসদাচরণের কারণে সংক্ষুব্ধ হলে তিনি বার কাউন্সিলের সচিব বরাবরে অভিযোগ দায়ের করবেন। কাউন্সিল সাধারণত সংক্ষিপ্ত শুনানিতে অভিযোগ নিষ্পত্তি করে থাকে। বেশির ভাগ ক্ষেত্রেই ছোটখাটো ভুল বোঝাবুঝির মতো বিষয়গুলো উভয় পক্ষের উপস্থিতিতে সমঝোতার মাধ্যমে নিষ্পত্তি করা হয়। তবে অভিযোগ গুরুতর হলে বা সমাধান না করা গেলে কাউন্সিল তা বার কাউন্সিল ট্রাইব্যুনালে পাঠিয়ে দেবে। এ ধরনের অভিযো নিষ্পত্তির জন্য বার কাউন্সিলে বর্তমানে পাঁচটি ট্রাইব্যুনাল আছে। একজন চেয়ারম্যান ও দুজন সদস্যের সমন্বয়ে এক-একটি ট্রাইব্যুনাল গঠিত। ট্রাইব্যুনাল অভিযোগ তদন্ত করবে এবং তদন্তে অভিযোগের সত্যতা প্রমাণিত না হলে তা নিষ্পত্তি করে দেবেন আর প্রমাণিত হলে সংশ্লিষ্ট আইনজীবীকে তিরষ্কার করাসহ তাঁর সদস্যপদ স্থগিত অথবা সমিতি থেকে বহিষ্কার করার মতো শাস্তি প্রদান করার বিধান রয়েছে। তবে শাস্তির প্রকার নির্ভর করে অভিযুক্ত ব্যক্তি কত গুরুতর অপরাধ করেছে তার ওপর। তবে কেউ যদি মিথ্যা বা উদ্দেশ্যপ্রণোদিতভাবে অভিযোগ করে এবং তা প্রমাণিত হয়, তবে তাকে ক্ষতিপূরণ হিসেবে সংশ্লিষ্ট আইনজীবীকে ৫০০ টাকা দিতে হবে। সংশ্লিষ্ট পক্ষ ট্রাইব্যুনালের রায়ের রিভিউ আবেদন করতে পারে। এ ছাড়া যেকোনো পক্ষ ট্রাইব্যুনালের রায়ের ৯০ দিনের মধ্যে হাইকোর্ট বিভাগে আপিল করতে পারবে।সবশেষে, আইন পেশা একটি মহান পেশা। তবে একশ্রেণীর অসাধু চক্রের নীতিবহির্ভূত কার্যকলাপের কারণে এই পেশা এখন অনেকের কাছেই অসদাচরণের দোষে তুষ্ট। তাই নৈতিকতা ও একাগ্রতার সীমানা না পেরিয়ে পেশাগত দায়বদ্ধতার মাধ্যমে যাতে এই পেশার মর্যাদা ও সুনাম বজায় থাকে, সেদিকে সংশ্লিষ্ট সবাইকে লক্ষ রাখা উচিত।