আইনজীবী এখনো সুপ্রিম কোর্টের কক্ষে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আইনজীবী মোহাম্মদ আলী এখনো সুপ্রিম কোর্টের আইনজীবী সমিতির সভাপতি খন্দকার মাহবুব হোসেনের কক্ষে অবস্থান করছেন। গতকাল বৃহস্পতিবার বিকেল থেকে আজ শুক্রবার সন্ধ্যা পর্যন্ত তিনি সেখানেই অবস্থান করছেন।প্রতিক্রিয়া জানতে চাইলে আইনজীবী মোহাম্মদ আলী প্রথম আলোকে বলেন, ‘কষ্টে আছি। বিনা কারণে হয়রানির শিকার হতে হচ্ছে। অনেকটা না খাওয়ার মতো অবস্থা।’ তিনি বলেন, ‘বাসা থেকে পোশাক পাঠানো হয়েছে। পোশাক পরিবর্তন করেছি।’ কক্ষে কতক্ষণ অবস্থান করবেন, জানতে চাইলে তিনি বলেন, প্রধান বিচারপতি মোহাম্মদ মোজাম্মেল হোসেনের সঙ্গে সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সম্পাদক এম বদরুদোজ্জা কথা বলেছেন। তাঁদের পরামর্শ অনুসারে এ ব্যাপারে পরবর্তী সিদ্ধান্ত নেওয়া হবে।এর আগে বেলা তিনটার দিকে মোহাম্মদ আলীর ব্যাপারে কথা বলতে প্রধান বিচারপতি মোহাম্মদ মোজাম্মেল হোসেনের বাসভবনে যান সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সম্পাদক এম বদরুদোজ্জা। সেখানে মোহাম্মদ আলীর ব্যাপারে তাঁদের মধ্যে আলোচনা হয়েছে।গতকাল বৃহস্পতিবার পুলিশের তদন্ত কর্মকর্তা আবদুল জলিলকে মারধরের অভিযোগে আইনজীবী মোহাম্মদ আলীকে গ্রেপ্তার করতে সুপ্রিম কোর্ট চত্বরে পুলিশ অবস্থান নেয়। গত মঙ্গলবার সংবিধান নিয়ে ইসলামী ঐক্যজোটের একাংশের চেয়ারম্যান ফজলুল হক আমিনীর কটাক্ষপূর্ণ বক্তব্যের অভিযোগে রিটের শুনানিকালে হাইকোর্টের এজলাস কক্ষে হইচই ও বিশৃঙ্খলার ঘটনা ঘটে। ওই রাতেই পুলিশ বাদী হয়ে ১৪ জন আইনজীবীসহ অজ্ঞাতনামা ৩০-৪০ জনের বিরুদ্ধে শাহবাগ থানায় মামলা করে। এরই ধারাবাহিকতায় গতকাল আদালত চত্বরে ডিবি পুলিশের তদন্ত কর্মকর্তাকে মারধরের ঘটনা ঘটে।