আইনজীবী ও বিচারকদের সংবেদনশীল হতে হবে
সভাপতি, বাংলাদেশ মহিলা পরিষদ বিদ্যমান আইনগুলো কতটা নারীবান্ধব? প্রচলিত আইনের অনেকগুলোতেই বেশ কিছু ত্রুটি রয়েছে। আবার আমাদের বিচারব্যবস্থায়ও অনেক ত্রুটি আছে। ফলে অনেক সময়ই নারীরা তাঁদের প্রাপ্য ন্যায়বিচার থেকে বঞ্চিত হচ্ছেন। তাই নারীদের জন্য কল্যাণমূলক আইনগুলো একেবারেই যে নারীবান্ধব, তা বলা যাবে না। তবে আইন একেবারেই না থাকার চেয়ে যে আইনগুলো আছে, তাও ভালো। এ আইনগুলো করার আগে ও পরে নারী নির্যাতনের মাত্রায় কেমন তারতম্য হয়েছে? অপরাধীরা প্রকৃত অর্থে শাস্তি পাচ্ছে কি? এ ধরনের তুলনামূলক পরিসংখ্যান নেই। তবে নারী নির্যাতনের মাত্রা যে কমে গেছে, তা কিন্তু নয়। কিছু ক্ষেত্রে অপরাধের মাত্রা বেড়ে গেছে বলে মনে হয়। তবে নারীরা আইনের আশ্রয় নিতে পারছেন, এটি তো ইতিবাচক। আমাদের দেশে গৃহনির্যাতনের মাত্রা অনেক বেড়ে যাওয়ায় গৃহনির্যাতন দমন আইন করতে যাচ্ছে সরকার। এতে নারীর এ ধরনের নির্যাতনের হাত থেকে অনেকটাই সুরক্ষার পথ প্রশস্ত হবে বলে আমার ধারণা। তবে আইনটি করলেই হবে না, এখানে আইনপ্রয়োগকারী সংস্থা, আইনজীবী ও বিচারকদের ভূমিকা ইতিবাচক থাকতে হবে। গৃহনির্যাতন যে প্রকৃত অর্থেই অপরাধ, এটি আমলে নিতে হবে। আদালতের পরিবেশ নিয়ে বলা হয় নারীবান্ধব নয়। আপনার মত কী? হ্যাঁ। এটা ঠিক। আইনজীবী ও বিচারকদের সংবেদনশীল হতে হবে। প্রশিক্ষণে নারী নির্যাতনের মামলার ক্ষেত্রে তাঁদের আচরণ কেমন হবে, বিষয়টি আনতে হবে এবং জেন্ডার-সংবেদনশীলতা বাড়াতে হবে। আইনপ্রয়োগকারী সংস্থা এবং মামলার তদন্ত কর্মকর্তাদেরও সচেতনতা বাড়ানো প্রয়োজন। সাক্ষীদের নিরাপত্তা দিতে হবে। আদালত অঙ্গনের অবকাঠামোগত উন্নয়নও বাড়াতে হবে। ধর্ষণের মামলাগুলোর ক্ষেত্রে ক্যামেরা ট্রায়াল পদ্ধতি অবলম্বন করা জরুরি বলে মনে করেন কি? অবশ্যই। ধর্ষণ-সংক্রান্ত মামলার সাক্ষ্য-শুনানি পর্যায়ে একজন নির্যাতনের শিকার নারী জেরার মুখে আরও নির্যাতিত হন। জনসমক্ষে বিভিন্ন স্পর্শকাতর প্রশ্নের উত্তর তাঁকে দিতে হয়। এ জন্য রুদ্ধদ্বার কক্ষে বিচার হওয়া উচিত। প্রচলিত আইনে এর বিধান আছে। পারিবারিক মামলাগুলোর ক্ষেত্রেও আছে। কিন্তু এর প্রয়োগ নেই বললেই চলে। পারিবারিক আদালতে পারিবারিক বিরোধ-সংক্রান্ত মামলা দীর্ঘদিন ঝুলে থাকে। ফলে একজন বিচারপ্রার্থী নারী বারবার আদালতে হাজির হতে গিয়ে ভোগান্তিতে পড়েন। এ থেকে উত্তরণের উপায় কী? পারিবারিক আদালতের মামলাগুলোর দ্রুত নিষ্পত্তিতে বিচারক ও আইনজীবীদের আরও মনোনিবেশ করা উচিত। দেখা যায়, দেনমোহরের সামান্য কটা টাকা উদ্ধারের জন্য মামলা করতে গিয়ে তার চেয়েও বেশি খরচ হয়ে গেছে। পারিবারিক আদালতের কিছু সীমাবদ্ধতাও রয়েছে। এগুলো দূর করা উচিত।