আইনজীবী না থাকায় মামলার কার্যক্রম আধা ঘণ্টা বন্ধ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নির্ধারিত সময়ের মধ্যে আসামিপক্ষের কোনো আইনজীবী উপস্থিত না থাকায় মানবতাবিরোধী অপরাধের মামলায় বিচার কার্যক্রম আধা ঘণ্টা বন্ধ ছিল। এরপর রাষ্ট্রপক্ষের সাক্ষীকে জেরা করার সুযোগ দেননি আদালত। আজ সকালে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১-এ এ ঘটনা ঘটে।সকালে ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া থানার সাবেক আওয়ামী লীগ নেতা মোবারক হোসেনের বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের মামলায় রাষ্ট্রপক্ষের ষষ্ঠ সাক্ষী আবদুল মালেককে আসামিপক্ষের জেরার দিন ধার্য ছিল।ট্রাইব্যুনালের চেয়ারম্যান বিচারপতি এ টি এম ফজলে কবীরের নেতৃত্বে অপর দুই বিচারপতি নির্ধারিত সময়ের (সকাল সাড়ে ১০টা) ১৫ মিনিট পরে এজলাসে আসন গ্রহণ করেন। এ সময় আসামির কাঠগড়ায় মোবারক হোসেন হাজির হলেও তাঁর আইনজীবী আহসানুল হক উপস্থিত ছিলেন না। তাঁর জন্য ট্রাইব্যুনাল অপেক্ষা করতে থাকেন। আসামির স্বজনেরা ট্রাইব্যুনালকে জানান, তাঁদের আইনজীবী যানজটের কারণে মত্স্য ভবনের কাছে আটকা পড়েছেন। এভাবে প্রায় আধা ঘণ্টা কোনো কার্যক্রম ছাড়াই বসে থাকেন ট্রাইব্যুনাল। বেলা সোয়া ১১টার দিকে ট্রাইব্যুনাল বলেন, ‘এটা খুবই দুঃখজনক। আদালতে ঠিক সময়ে আসতে হবে। ইতিমধ্যে প্রায় আধা ঘণ্টা পার হয়েছে। আমরা আর সুযোগ দেব না।’পরে ট্রাইব্যুনাল আদেশ দেন। আদেশে বলা হয়, ‘আজ রাষ্ট্রপক্ষের সাক্ষী আবদুল মালেককে জেরার দিন ধার্য থাকলেও আসামির আইনজীবী আহসানুল হক আদালতে উপস্থিত নেই। এ বিষয়টিও আমাদের জানানো হয়নি। তাঁর আচরণ অসন্তোষজনক। এ জন্য ষষ্ঠ সাক্ষীকে জেরা বন্ধ করে দেওয়া হলো। পরবর্তী সাক্ষ্য গ্রহণ হবে ২৮ জুলাই।’ আদেশের শেষ পর্যায়ে আহসানুল হক ও তাঁর সহযোগী আইনজীবী এজলাসে প্রবেশ করেন। আদেশ দেওয়া শেষ হলে আহসানুল হক ট্রাইব্যুনালকে বলেন, ‘আমরা খুব কষ্ট করে এসেছি। আমরা মধ্যাহ্নবিরতির পর জেরা করতে চাই।’ ট্রাইব্যুনাল বলেন, ‘না, অনেক সুযোগ দেওয়া হয়েছে।’ পরে বিচারকেরা এজলাস ত্যাগ করেন।