আইনজীবী নাজির হত্যায় দুজন গ্রেপ্তার
রাজধানীর ধানমন্ডিতে আইনজীবী নাজির হায়াত খান হত্যা মামলায় দুজনকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। গতকাল শনিবার রাতে ফরিদপুর থেকে তাঁদের গ্রেপ্তার করে ঢাকায় নিয়ে আসা হয়। গ্রেপ্তার হওয়া দুজন হলেন: শাম্মী ইসলাম ও নিতাই রায় শাওন।আজ রোববার ডিবি কার্যালয়ে গ্রেপ্তার হওয়া দুজনের উপস্থিতিতে এক সংবাদ সম্মেলন করা হয়। সেখানে তাঁরা সাংবাদিকদের জানান, তাঁর (শাম্মী) সঙ্গে নাজির হায়াতের অনেক দিন ধরে অনৈতিক সম্পর্ক ছিল। পাঁচ-ছয় মাস আগে নাজির হায়াত ধানমন্ডির ৬ নম্বরে পৈতৃক সম্পত্তি বিক্রি করেছিলেন। তাঁদের ধারণা ছিল, নাজিরের কাছে ওই বাড়ি বিক্রির টাকা রয়েছে। তাই ৩০ সেপ্টেম্বর শাম্মী নাজিরের বাসায় গিয়ে তাঁকে মদ্যপান করান। এতে নাজির কিছুটা ভারসাম্যহীন হয়ে পড়লে শাম্মী শাওন ও তাঁর ঘনিষ্ঠজন অনুপ চক্রবর্তীকে বাড়িতে ডেকে পাঠান। এরপর তাঁরা এসে নাজিরের হাত-পা বেঁধে মারধর করেন এবং ব্ল্যাংক চেকে স্বাক্ষর নেন। মারধরের একপর্যায়ে নাজির মারা যান। তারপর তাঁরা ফ্ল্যাট থেকে পালিয়ে যান।গত সোমবার বিকেলে ধানমন্ডির ৯/এ এলাকার একটি ফ্ল্যাট থেকে হাত-পা বাঁধা হাইকোর্টের আইনজীবী নাজির হায়াত খানের (৬০) অর্ধগলিত লাশ উদ্ধার করা হয়। পুলিশের ধারণা, নাজির হায়াত গত শুক্রবার দুপুরের দিকে খুন হয়েছেন। নাজির হায়াতের স্ত্রী সানজিদা খান বাদী হয়ে অজ্ঞাতনামা আসামিদের বিরুদ্ধে মামলা করেন। নাজির ওই বাসায় একা থাকতেন।