আইনজীবী নিয়োগে ধীরগতি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মন্ত্রী-প্রতিমন্ত্রীর দুই মতের কারণে চূড়ান্ত হয়নি আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল আইনজীবী প্যানেল। আইনমন্ত্রী শফিক আহমেদ ও প্রতিমন্ত্রী কামরুল ইসলাম দুজনই নিজেদের পছন্দের আইনজীবী নিতে চান। এ কারণে ট্রাইব্যুনাল বিধি প্রণয়ন, তথ্য-উপাত্ত সংগ্রহসহ আনুষঙ্গিক কাজকর্ম এগোলেও আইনজীবী নিয়োগ হচ্ছে না।বিশিষ্ট আইনবিদ শাহ্দীন মালিক এ বিষয়ে প্রথম আলোকে বলেন, ‘দলীয় লোককে আইনজীবী হিসেবে নিয়োগ দিলে যোগ্যতা থাকা সত্ত্বেও দলীয় আনুগত্য বেশি এসে যায়। এ জন্য আইনজীবী প্যানেলে যখন দুজন সাংসদের নাম ঘোষণা করা হয়, তখন আমি এর বিরোধিতা করি।’ তিনি বলেন, আইনে বলা আছে, আইনজীবীরা তদন্তে যেতে পারেন। তাই দ্রুত আইনজীবীদের পুরো প্যানেল চূড়ান্ত করা উচিত। কেননা তদন্তে যাওয়ার আগে আইনজীবীদের প্রস্তুতির জন্য সময় দরকার।আইন মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, মন্ত্রণালয় গত ২৪ দিনে পাঁচজন আইনজীবীকে নিয়োগ দিয়েছে। যদিও তাঁদের সবাইকে নিয়োগ দেওয়ার কথা ছিল গত ২৫ মার্চ। পাঁচজনের মধ্যে প্রধান কৌঁসুলি হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে গোলাম আরিফকে। অন্য চারজন হলেন সৈয়দ রেজাউর রহমান, জিয়াদ আল মালুম, মুখলেছুর রহমান ও আবদুর রহমান হাওলাদার।গোলাম আরিফ আইনজীবী নিয়োগে ধীরগতির বিষয়ে প্রথম আলোকে বলেন, দেশের বিভিন্ন জায়গা থেকে আইনজীবীদের মতামত নিয়ে নিয়োগ দেওয়ার চেষ্টা করায় কিছুটা দেরি হচ্ছে।যুদ্ধকালীন অপরাধের বিচারের জন্য গত ২৫ মার্চ ট্রাইব্যুনাল ও তদন্ত সংস্থার নাম ঘোষণার পাশাপাশি ১২ সদস্যের আইনজীবী প্যানেলের ঘোষণা দেওয়া হয়। ওই প্যানেলে আওয়ামী লীগের দুই সাংসদের নাম ছিল। পরে আইনজীবী প্যানেল পরিবর্তনের কথা জানানো হয়।দলীয় ব্যক্তিদের আইনজীবী নিয়োগ দেওয়া হচ্ছে কি না, জানতে চাইলে আইনমন্ত্রী শফিক আহমেদ প্রথম আলোকে বলেন, ‘আমি কি তাহলে জামায়াতের লোকদের আইনজীবী হিসেবে নিয়োগ দেব? আইনজীবী তো আইনজীবীই।’ আইনজীবী নিয়োগে ধীরগতির বিষয়ে তিনি বলেন, ‘আমি দেরির কিছু দেখছি না। আইনে এর কোনো বিধান নেই।’এ প্রসঙ্গে আইন প্রতিমন্ত্রী কামরুল ইসলাম বলেন, রাজনৈতিক বিবেচনায় নিয়োগ বড় কথা নয়, সততা ও আদর্শ আছে কি না, তা বিবেচনা করতে হবে।