আইনজীবী ফখরুলের বক্তব্য ঔদ্ধত্যপূর্ণ: আইনমন্ত্রী

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মুক্তিযুদ্ধ সম্পর্কে জামায়াতের নেতা দেলাওয়ার হোসাইন সাঈদীর আইনজীবী ফখরুল ইসলামের বক্তব্যকে ‘বিকৃত মানসিকতা’র বহিঃপ্রকাশ বলে অভিহিত করেছেন আইনমন্ত্রী শফিক আহমেদ। আজ বৃহস্পতিবার তাঁর মন্ত্রণালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ মন্তব্য করেন। আইনমন্ত্রী বলেন, এ ধরনের বক্তব্য মিথ্যা, ধৃষ্টতাপূর্ণ ও বিকৃত মানসিকতার পরিচায়ক। জনগণ এ ধরনের বক্তব্য প্রত্যাশা করে না। এ ব্যাপারে কোনো আইনি ব্যবস্থা নেয়া হবে কি না, এমন প্রশ্নের জবাবে আইনমন্ত্রী বলেন, আইন প্রয়োগকারী সংস্থা বিষয়টি খতিয়ে দেখবে। তিনি আরও বলেন, আদালতে এ ধরনের মন্তব্যের জন্য যেকোনো রকম ব্যবস্থা নেওয়ার এখতিয়ার আদালতের আছে।এদিকে বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ রাষ্ট্রদ্রোহমূলক ও ঔদ্ধত্যপূর্ণ বক্তব্য দেওয়ায় ফখরুল ইসলামের গ্রেপ্তার দাবি করেছে। আজ বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ কেন্দ্রীয় কমান্ড কাউন্সিলের চেয়ারম্যান মেজর জেনারেল (অব.) হেলাল মোর্শেদ খান বীর বিক্রম ও মহাসচিব এমদাদ হোসেন মতিন এক বিবৃতিতে এ দাবি জানান। উল্লেখ্য, গতকাল বুধবার আইনজীবী ফখরুল ইসলাম মন্তব্য করেন, ‘৭১-এ মুক্তিযুদ্ধ হয়নি। ভারত ও পাকিস্তানের মধ্যে যুদ্ধ হয়েছিল। বাসস ও ইউএনবি।