আইনজীবী সমিতির নির্বাচনে আজ ভোট পড়ল ৯৮২টি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

উত্সবমুখর ও শান্তিপূর্ণ পরিবেশে আজ বুধবার সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির নির্বাচনে (২০১১-১২) প্রথম দিনের ভোট গ্রহণ শেষ হয়েছে। প্রথম দিনে ভোট পড়েছে ৯৮২টি।নির্বাচন উপকমিটির আহ্বায়ক মো. হারুন-নর-রশিদ বলেন, আজ প্রথম দিনের মতো ভোট গ্রহণ শেষ হয়েছে। কাল বৃহস্পতিবার সকাল সাড়ে নয়টা থেকে আবার ভোট গ্রহণ শুরু হয়ে চলবে বিকেল সাড়ে পাঁচটা পর্যন্ত।এ ব্যাপারে নির্বাচন উপকমিটির সদস্য মুশফাকুর রহমান দুপুরে প্রথম আলোকে বলেন, বেলা একটা পর্যন্ত ৫৭৬টি ভোট পড়েছিল।নির্বাচনে ১৪টি পদের বিপরীতে প্রতিদ্বন্দ্বিতা করছেন ৩৬ জন প্রার্থী। প্রতিবারের মতো এবারও নির্বাচনে আওয়ামী লীগ ও বিএনপির সমর্থক আইনজীবী প্যানেলের প্রার্থীরাই মূলত প্রতিদ্বন্দ্বিতায় রয়েছেন। এ ছাড়া ইন্ডিপেনডেন্ট ল-ইয়ার্স ফোরাম (আইএলএফ) থেকে পাঁচজন এবং তিনজন স্বতন্ত্র প্রার্থী হয়েছেন।আওয়ামী লীগের সমর্থক সম্মিলিত আইনজীবী সমন্বয় পরিষদ (সাদা প্যানেল) থেকে সভাপতি পদে আবদুল বাসেত মজুমদার ও সম্পাদক পদে এস এম আবুল হোসেন এবং বিএনপির সমর্থক জাতীয়তাবাদী আইনজীবী ঐক্য পরিষদ (নীল প্যানেল) থেকে সভাপতি পদে খন্দকার মাহবুব হোসেন ও সম্পাদক পদে এম বদরুদ্দোজা প্রতিদ্বন্দ্বিতা করছেন। স্বতন্ত্রভাবে সভাপতি পদে জাকির হোসেন এবং আইএলএফ থেকে সম্পাদক পদে মো. শাহজাহান নির্বাচন করছেন। নির্বাচনকে ঘিরে সকাল থেকেই সমিতি অঙ্গনে ছড়িয়ে পড়ে উত্সবের আমেজ। ভবনের সামনে সকাল থেকেই জড়ো হতে থাকেন দলীয় সমর্থক আইনজীবীরা। সমিতি ভবন থেকে ভোটকেন্দ্র পর্যন্ত লম্বা লাইনে দাঁড়িয়ে নীল প্যানেলে বিএনপি-সমর্থক আইনজীবীরা এবং সাদা প্যানেলে আওয়ামী লীগ-সমর্থক আইনজীবীরা সাধারণ ভোটারদের হাতে কার্ড ও প্রার্থী তালিকা তুলে দেন।সকালে হারুন-অর রশিদ প্রথম আলোকে বলেন, চারটি বুথে বেলা সোয়া ১১টা থেকে ভোট গ্রহণ শুরু হয়। প্রতিদিন এক ঘণ্টা করে বিরতি থাকবে। এবার মোট ভোটার দুই হাজার ৩১৮ জন।