আইনজীবী সমিতির নির্বাচনে বিএনপিপন্থীদের নিরঙ্কুশ জয়

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির নির্বাচনে চারদলীয় জোট-সমর্থিত জাতীয়তাবাদী আইনজীবী ঐক্য পরিষদের নীল প্যানেল নিরঙ্কুশভাবে জয়ী হয়েছে। সভাপতি পদে খন্দকার মাহবুব হোসেন ও সম্পাদক পদে এম বদরুদ্দোজা পুনরায় নির্বাচিত হয়েছেন। এ নিয়ে সমিতির মোট ১৪টি পদের মধ্যে ১১টিতে বিজয়ী হয়েছে বিএনপি-সমর্থক আইনজীবীরা। মাত্র তিনটি পদে বিজয়ী হয়েছে সাদা প্যানেলে আওয়ামী লীগ-সমর্থক সম্মিলিত আইনজীবী সমন্বয় পরিষদ। গতকাল বৃহস্পতিবার রাত পৌনে চারটায় নির্বাচন উপকমিটির আহ্বায়ক মো. হারুনর-রশিদ সমিতির দক্ষিণ হলে বেসরকারিভাবে এ ফলাফল ঘোষণা করেন।নীল প্যানেলের খন্দকার মাহবুব হোসেন এক হাজার ৭৩ ভোট পেয়ে সভাপতি নির্বাচিত হয়েছেন। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী সাদা প্যানেলে আবদুল বাসেত মজুমদার পেয়েছেন ৯৭৩ ভোট। সহসভাপতির দুটি পদের একটিতে সাদা প্যানেলের এ কে এম জগলুল হায়দার আফ্রিক এবং অপরটিতে নীল প্যানেলের মো. আসাদ উল্লাহ নির্বাচিত হয়েছেন। সম্পাদক পদে নীল প্যানেলের এম বদরুদ্দোজা এক হাজার ২১৯ ভোট পেয়ে জয়ী হয়েছেন। তাঁর প্রতিদ্বন্দ্বী সাদা প্যানেলের এস এম আবুল হোসেন পেয়েছে ৮০৩ ভোট। নীল প্যানেল থেকে ফাহিমা নাসরিন ১৯৮ ভোট পেয়ে কোষাধ্যক্ষ নির্বাচিত হয়েছেন। এ ছাড়া সদস্য সাতটি পদের মধ্যে নীল প্যানেল থেকে ছয়জন এবং সাদা প্যানেল একজন জয়ী হয়েছে। প্রসঙ্গত, গত বুধবার সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির নির্বাচনে (২০১১-১২) ভোট গ্রহণ শুরু হয়। মাঝে বিরতি দিয়ে গতকাল ভোট গ্রহণ শেষ হয়। এবার মোট ভোটার ছিলেন দুই হাজার ৩১৮ জন।