আইনজীবী সমিতির নির্বাচনের ভোট গণনা শুরু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দেশের অন্যতম বড় পেশাজীবী সংগঠন সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির দুই দিনব্যাপী নির্বাচনের (২০১৩-১৪) ভোট গণনা শুরু হয়েছে। আজ বৃহস্পতিবার রাত পৌনে নয়টায় ভোট গণনা শুরু হয়। এবারের নির্বাচনে মোট ভোট পড়েছে তিন হাজার ২০৩টি।নির্বাচন উপকমিটির আহ্বায়ক নূর হোসেন চৌধুরী প্রথম আলো ডটকমকে এ তথ্য জানান। তিনি বলেন, রাত একটার মধ্যে ফল প্রকাশ করা যাবে।এর আগে আজ সকাল ১০টায় দ্বিতীয় দিনের ভোট নেওয়া শুরু হয়। বিরতি দিয়ে শেষ হয় বিকেল পাঁচটায়। গতকাল প্রথম দিনে ভোট দেন এক হাজার ৬৬২ জন। এবার মোট ভোটার ছিলেন চার হাজার ৪৫ জন।এবারের নির্বাচনে আওয়ামী লীগের নেতৃত্বাধীন মহাজোটের সমর্থক আইনজীবীদের মোর্চা সম্মিলিত আইনজীবী সমন্বয় পরিষদ-সমর্থিত সাদা প্যানেল থেকে সভাপতি পদে আইনজীবী আবদুল বাসেত মজুমদার ও সম্পাদক পদে রবিউল আলম প্রতিদ্বন্দ্বিতা করেন। অন্যদিকে, বিএনপি-জামায়াতের সমর্থক জাতীয়তাবাদী আইনজীবী ঐক্য পরিষদ-সমর্থিত (নীল প্যানেল) প্যানেল থেকে সভাপতি পদে এ জে মোহাম্মদ আলী ও সম্পাদক পদে মাহবুব উদ্দিন খোকন প্রতিদ্বন্দ্বিতা করেন। এবারের নির্বাচনে ১৪টি পদে দুই প্যানেলে ২৮ জন এবং স্বতন্ত্র ছয়জনসহ মোট ৩৪ জন প্রার্থী অংশ নিয়েছেন। স্বতন্ত্রভাবে সভাপতি পদে ব্যারিস্টার নাজমুল হুদা ও মো. ইউনূস আলী আকন্দ নির্বাচনে লড়েন। তবে প্রতিবারের মতো এবারের নির্বাচনেও দুই প্যানেলের মধ্যে মূল প্রতিন্দ্বন্দ্বিতা হবে বলে ধারণা সাধারণ আইনজীবীদের।সমন্বয় পরিষদ: সমন্বয় পরিষদ-সমর্থিত প্যানেল থেকে সহসভাপতি দুটি পদে সরওয়ার আহমেদ ও শেখ আওসাফুর রহমান, কোষাধ্যক্ষ পদে মো. আমির হোসেন, সহসম্পাদক দুটি পদে মো. সুজা আল ফারুক ও মোহাম্মদ আলী আজম নির্বাচন করছেন। সদস্য সাতটি পদে আবুল কালাম আজাদ, আয়েশা ফ্লোরা, জহিরুল ইসলাম ভূঁইয়া, মো. হাবিবুর রহমান ওরফে হাবিব, গৌরাঙ্গ চন্দ্র কর, মো. আনোয়ার হোসেন ওরফে রেজা ও হোসনে আরা বেগম ওরফে বাবলী প্রতিদ্বন্দ্বিতা করেন।ঐক্য পরিষদ: ঐক্য পরিষদ-সমর্থিত প্যানেল থেকে সহসভাপতি দুটি পদে এ বি এম ওয়ালিউর রহমান খান ও মো. শাহজাদা, কোষাধ্যক্ষ পদে মো. রবিউল করিম, সহসম্পাদক দুটি পদে এ বি এম রফিকুল হক তালুকদার রাজা ও মোহাম্মদ সাইফুর রহমান নির্বাচন করছেন। সাতটি সদস্য পদে আঞ্জুমান-আরা বেগম, ফাতেমা খাতুন, এম মিজানুর রহমান ওরফে মাসুম, মো. আলমগীর হোসেন, মো. কামরুজ্জামান সেলিম, মো. তাজুল ইসলাম মজুমদার ও মো. ওয়াহিদুজ্জামান ওরফে সোহেল নির্বাচনে লড়েন।