আইনজীবী সমিতির সমঝোতা-বৈঠক প্রত্যাখ্যান আইনজীবী পরিষদের

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

হাইকোর্টে বিশৃঙ্খলার ঘটনা নিয়ে উদ্ভূত পরিস্থিতি নিরসনে সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির ডাকা সমঝোতা-বৈঠক প্রত্যাখ্যান করেছে সম্মিলিত আইনজীবী পরিষদ। আজ শনিবার দুপুরে সম্মিলিত আইনজীবী পরিষদের সংবাদ সম্মেলনে সমঝোতা-বৈঠক প্রত্যাখ্যান করা হয়।উদ্ভূত পরিস্থিতি নিরসনের উপায় খুঁজতে সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সভাপতি খন্দকার মাহবুব হোসেন জ্যেষ্ঠ আইনজীবীদের নিয়ে কাল রোববার বিকেল তিনটায় এ বৈঠক ডেকেছিলেন।সম্মিলিত আইনজীবী পরিষদ বলেছে, বৈঠকের আমন্ত্রণ জানিয়ে পাঠানো চিঠিতে প্রধান বিচারপতি এমন একটি বৈঠক ডাকার অনুরোধ করেছেন বলে উল্লেখ করা হয়েছে। এটি বারের নিজস্ব উদ্যোগ নয়। তা ছাড়া বারের সভাপতির কক্ষে ফৌজদারি মামলার আসামিকে অবস্থান করার সুযোগ দিয়ে বারের পবিত্রতা নষ্ট করা হয়েছে। যতক্ষণ পর্যন্ত না দোষীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হচ্ছে, ততক্ষণ এ ধরনের বৈঠকে যোগ না দেওয়ার কথা বলে সম্মিলিত আইনজীবী পরিষদ।তবে সুপ্রিম কোর্ট বারের নেতা বদরুদ্দোজা বাদল এক প্রশ্নের জবাবে বলেন, এটা নেহাতই অজুহাত। প্রধান বিচারপতি সুপ্রিম কোর্টের অভিভাবক। তাই তাঁর অনুরোধের কথাটি চিঠিতে উল্লেখ করা হয়েছে। চিঠির ভাষায় ত্রুটি থাকলে তা দূর করার উদ্যোগ নেওয়া যেতে পারত।বারের সভাপতির কক্ষে ফৌজদারি মামলার আসামির অবস্থান সম্পর্কে বদরুদ্দোজা বাদল বলেন, এখন যদি বিএনপি ক্ষমতায় থাকত আর আওয়ামী লীগের কোনো আইনজীবী এমন অবস্থায় পড়তেন, তাহলেও তাঁরা একই কাজ করতেন। তিনি জোর দিয়ে বলেন, বারকে রাজনৈতিক উদ্দেশ্যে ব্যবহার করতে দেওয়া হবে না।এক প্রশ্নের জবাবে বারের কক্ষে আশ্রয় নেওয়া মোহাম্মদ আলী প্রথম আলোকে বলেন, তাঁকে গ্রেপ্তার করলে তাঁর সঙ্গে অসৌজন্যমূলক আচরণ করা হবে। এমন আশঙ্কা কেন করছেন জানতে চাইলে তিনি বলেন, জামিন পাওয়া ছাড়া এখান থেকে তাঁর বের হওয়ার আর কোনো উপায় নেই। তিনি দাবি করেন, মামলায় যাঁদের গ্রেপ্তার করা হয়েছে, তাঁদের সঙ্গে অসৌজন্যমূলক আচরণ করা হয়েছে।