পুলিশের তদন্ত কর্মকর্তা আবদুল জলিলকে মারধরের অভিযোগে আইনজীবী মোহাম্মদ আলীকে গ্রেপ্তার করতে সুপ্রিম কোর্ট চত্বরে পুলিশ অবস্থান নিয়েছে। মোহাম্মদ আলী সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সভাপতি খন্দকার মাহবুব হোসেনের কক্ষে অবস্থান নিয়েছেন। আজ বৃহস্পতিবার রাত ১০ টায় শেষ খবর পাওয়া পর্যন্ত তিনি সেখানেই অবস্থান করছেন।এর আগে আজ বিকেলে ডিবি পুলিশের তদন্ত কর্মকর্তা আবদুল জলিলকে আইনজীবীরা মারধর করেন। রাজধানীর রমনা অঞ্চলের পুলিশের উপকমিশনার নুরুল আসলাম বলেছেন, আইনজীবী মোহাম্মদ আলী গোয়েন্দা কর্মকর্তাকে মারধর করেছেন বলে অভিযোগ রয়েছে। এ কারণে তাঁকে গ্রেপ্তার করার চেষ্টা চলছে। তবে এ ব্যাপারে মোহাম্মদ আলী বলেন, তিনি তদন্ত কর্মকর্তা আবদুল জলিলকে মারধর তো দূরের কথা স্পর্শও করেননি।নুরুল ইসলাম আরও বলেন, এ ঘটনায় মোহাম্মদ আলীকে আইনের আওতায় আনা হবে। রাজধানীর শাহবাগ থানায় মামলা প্রক্রিয়াধীন রয়েছে বলে তিনি জানান।এদিকে বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও আইনজীবী রফিকুল ইসলাম মিয়া বলেছেন, মোহাম্মদ আলী আজ রাতে সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সভাপতি খন্দকার মাহবুব হোসেনের কক্ষেই অবস্থান করবেন। তাঁরা বিষয়টি বিশেষ আদালতে নিয়ে নিষ্পত্তি করার জন্য আবেদন করবেন। প্রধান বিচারপতি চাইলে এটা করতে পারেন বলে তিনি জানান।গত মঙ্গলবার সংবিধান নিয়ে ইসলামী ঐক্যজোটের একাংশের চেয়ারম্যান ফজলুল হক আমিনীর কটাক্ষপূর্ণ বক্তব্যের অভিযোগে রিটের শুনানিকালে হাইকোর্টের এজলাসকক্ষে হইচই ও বিশৃঙ্খলার ঘটনায় ওই রাতেই পুলিশ বাদী হয়ে ১৪ জন আইনজীবীসহ অজ্ঞাতনামা ৩০-৪০ জনের বিরুদ্ধে শাহবাগ থানায় মামলা করে। এরই ধারাবাহিকতায় আজ আদালত চত্বরে ডিবি পুলিশের তদন্ত কর্মকর্তাকে মারধরের ঘটনা ঘটে।