গ্রেপ্তার হয়ে হাসপাতালে চিকিত্সাধীন আইনজীবী এম ইউ আহমেদের সুচিকিত্সার ব্যবস্থা করতে সরকারের প্রতি দাবি জানিয়েছেন সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সভাপতি খন্দকার মাহবুব হোসেন। আজ মঙ্গলবার দুপুরে সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির ব্যানারে দক্ষিণ হলে অনুষ্ঠিত এক সংবাদ সম্মেলনে সমিতির সভাপতি এই দাবি জানান। প্রয়োজনে তাঁকে চিকিত্সার জন্য বিদেশে পাঠানোর আহ্বানও জানানো হয়েছে।সংবাদ সম্মেলনে সমিতির সভাপতি খন্দকার মাহবুব সরকারের প্রতি হুঁশিয়ারি উচ্চারণ করে বলেন, ‘অনেক করেছেন, আইনজীবীদের গায়ে হাত দিয়েছেন, এবার থামুন। এম ইউ আহমেদকে যখন গ্রেপ্তার করা হয়, তখন তিনি সুস্থ ছিলেন। তাঁর কিছু হলে এর দায় সরকারকেই বহন করতে হবে। গ্রেপ্তারের পর এম ইউ আহমেদকে ডিবি কার্যালয়ে চার ঘণ্টা রাখা হয়। সেখানে কী হয়েছে, আমরা জানি না। এখন তিনি মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছেন।’শুরুতেই সমিতির সম্পাদক এম বদরুদ্দোজা জানান, গত ১১ আগস্ট রাত দুইটার দিকে বাসা থেকে এম ইউ আহমেদকে ডিবি পুলিশ তুলে নিয়ে যায়। চার ঘণ্টা তাঁকে ডিবি কার্যালয়ে রাখা হয়। পরে তিনি অসুস্থ হলে সকাল ছয়টার দিকে তাঁকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। সেখান থেকে তাঁকে ফিরিয়ে দেওয়া হলে হূদরোগ ইনস্টিটিউটে নেওয়া হয়। বর্তমানে তিনি সেখানে চিকিত্সাধীন।এ সময় আইনজীবী রফিকুল ইসলাম মিয়া, জয়নুল আবেদীন, জামিল আক্তার এলাহী, রুহুল কুদ্দুস প্রমুখ উপস্থিত ছিলেন।খন্দকার মাহবুব আরও বলেন, ‘পুলিশের করা একটি মিথ্যা মামলায় তাঁকে গ্রেপ্তার করা হয়েছিল। ওই মামলায় আইনজীবীদের জন্য আমরা হাইকোর্টে আগাম জামিন চেয়ে আবেদন করেছিলাম। আদালত আগাম জামিন দেননি। আদালত তাঁদের আগাম জামিন দিলে একজন আইনজীবীকে এভাবে পুলিশের কাছে নাজেহাল হতে হতো না। আইনজীবীদের কোর্টের অফিসার বলা হয়। অথচ তাঁদের যে হাইকোর্ট থেকে আগাম জামিন দেওয়া হলো না, এ দুঃখ আমরা ভুলব না।’