আইনজীবীদের বৈঠক মুলতবি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

এজলাসকক্ষে বিশৃঙ্খল ঘটনায় পুলিশের কাজে বাধা দেওয়া ও নাজেহাল করার অভিযোগে করা দুটি মামলার আইনজীবীদের জামিন আবেদনের শুনানি হলেও কোনো আদেশ হয়নি। আজ সোমবার পর্যন্ত আদেশ মুলতবি রাখা হয়েছে।গতকাল রোববার সকালে বিচারপতি মোহাম্মদ আনোয়ার উল হক ও বিচারপতি এ কে এম জহিরুল হকের সমন্বয়ে গঠিত হাইকোর্টের বেঞ্চে এসব আবেদনের ওপর শুনানি হয়।এদিকে ২ আগস্ট হাইকোর্টের এজলাসকক্ষে হট্টগোলের ঘটনায় উদ্ভূত সমস্যা নিরসনে বিকেলে জ্যেষ্ঠ আইনজীবীরা আলোচনায় বসেন। আইনজীবী সমিতির সম্মেলনকক্ষে এ বৈঠকে অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল এম কে রহমান ছাড়া সরকার-সমর্থক অন্য আইনজীবীরা অংশ নেননি। আজ বিকেল সাড়ে তিনটায় আবার বৈঠকে বসার কথা রয়েছে।অন্যদিকে পুলিশের করা দুটি মামলার আসামি আইনজীবী মোহাম্মদ আলী বৃহস্পতিবার থেকে টানা তিন রাত সমিতির সভাপতির কক্ষে অবস্থান করেন। তবে গতকাল বিকেলে তাঁকে সেখানে দেখা যায়নি। সংশ্লিষ্ট আইনজীবীরা জানিয়েছেন, জামিন আবেদন শুনানির পর বিকেলে মোহাম্মদ আলী আদালত প্রাঙ্গণ ত্যাগ করেছেন। সন্ধ্যায় তাঁর মুঠোফোনে যোগাযোগ করার চেষ্টা করা হলেও তা বন্ধ পাওয়া যায়।আলোচনার বিষয়ে সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সভাপতি খন্দকার মাহবুব হোসেন প্রথম আলোকে বলেন, জ্যেষ্ঠ আইনজীবীদের মধ্যে যাঁরা বৈঠকে আসেননি, তাঁদের সঙ্গে ও অ্যাটর্নি জেনারেলের সঙ্গে আলোচনা করা হবে। আজ সোমবার পর্যন্ত আলোচনা মুলতবি রাখা হয়েছে।এম কে রহমান প্রথম আলোকে বলেন, ‘সমিতির জ্যেষ্ঠ সদস্য হিসেবে বৈঠকে যোগ দিয়েছি। সমিতির সভাপতি আইনজীবীদের নির্বাচিত নেতা। বিচারিক প্রক্রিয়া সচল রাখতে দল-মতের ঊর্ধ্বে থেকে তিনি কার্যকর ভূমিকা রাখতে পারেন। আলোচনার মাধ্যমে মতৈক্যের ভিত্তিতে সিদ্ধান্ত নিতে পারেন।’১২ আইনজীবীর জামিন আবেদন: বেলা ১১টায় দুটি মামলায় ১২ আইনজীবীর পক্ষে জামিন আবেদনের ওপর শুনানিতে অংশ নেন খন্দকার মাহবুব হোসেন। তিনি বলেন, ২ আগস্ট হাইকোর্টের ৬ নম্বর এজলাসে হট্টগোল ও দুই দল আইনজীবীর মধ্যে হাতাহাতির ঘটনা ঘটে। এ মামলায় বিএনপির সাংসদ আশিফা আশরাফী পাপিয়াসহ দুজন গ্রেপ্তার হয়েছেন।খন্দকার মাহবুব আদালতে বলেন, ২০০৬ সালে প্রধান বিচারপতির এজলাস ও অ্যাটর্নি জেনারেলের কার্যালয় ভাঙচুর করা হয়েছিল। তখন সুপ্রিম কোর্টের পক্ষ থেকে মামলাও করা হয়। কিন্তু এবার সুপ্রিম কোর্টের পক্ষ থেকে মামলা হয়নি।এজাহার তুলে ধরে খন্দকার মাহবুব বলেন, এজাহারে বলা হয়েছে, দুই পক্ষের মধ্যে হাতাহাতি হয়েছে। কিন্তু মামলার আসামি করা হলো একটি দলের সমর্থক হিসেবে পরিচিত আইনজীবীদের। প্রধান বিচারপতির সঙ্গে সাক্ষাতের পর তিনি দুই পক্ষকে সমঝোতার পরামর্শ দেন। এর অংশ হিসেবে ইতিমধ্যে সমঝোতার উদ্যোগ নেওয়া হয়েছে।জামিন আবেদনের বিরোধিতা করে অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম বলেন, মামলায় অভিযুক্তদের জামিন দিলে আদালতের ভাবমূর্তি নষ্ট হবে। কারণ তাঁরা আদালতের প্রতি অবমাননাকর আচরণ করেছেন, পুলিশের গায়ে হাত দিয়েছেন। তদন্ত কর্মকর্তাকেও আঘাত করেছেন। এ অবস্থায় জামিন দিলে প্রতিষ্ঠান ভেঙে পড়বে। তাঁরা একজন বিচারকের বিরুদ্ধে অশালীন ভাষায় স্লোগান দিয়েছেন।আইনজীবীদের বৈঠক মুলতবি: সুপ্রিম কোর্টের সম্মেলন কক্ষে গতকাল বিকেল সাড়ে চারটার দিকে জ্যেষ্ঠ আইনজীবীদের বৈঠক শুরু হয়ে পৌনে পাঁচটা পর্যন্ত চলে।বৈঠকে আইনজীবী সমিতির সভাপতি খন্দকার মাহবুব হোসেন ও সম্পাদক এম বদরুদ্দোজা ছাড়াও যোগ দেন মইনুল হোসেন, এ বি এম নুরুল ইসলাম, আবদুর রেজাক খান, জয়নুল আবেদীন, রফিকুল ইসলাম মিয়া, খান সাইফুর রহমান, আবদুর রাজ্জাক, আবদুল ওয়াহাব, শাহ খসরুজ্জামান, এ জে মোহাম্মদ আলী, জমির উদ্দিন সরকার, মওদুদ আহমদ, মো. নজরুল ইসলাম, আমিনুল হক ও সাইদুর রহমান। বৈঠকে অংশ নেওয়া বেশির ভাগ আইনজীবী বিএনপি-সমর্থক।বৈঠক সূত্র জানায়, সমিতির সভাপতি সংকট সমাধানে জ্যেষ্ঠ আইনজীবীদের পরামর্শ চান। ২ আগস্টের বিশৃঙ্খলার ঘটনা ও পুলিশের করা দুটি মামলা নিয়ে আলোচনা হয়।বৈঠক থেকে বেরিয়ে খন্দকার মাহবুব সাংবাদিকদের বলেন, ‘আমরা উদ্ভূত পরিস্থিতি নিয়ে আলোচনা করেছি। আমরা একমত হয়েছি, কোনো অবস্থাতেই যেন সুপ্রিম কোর্টের ভাবমূর্তি নষ্ট না হয়। সমঝোতার ভিত্তিতে সম্মানজনকভাবে সমস্যার সমাধান করা হবে। জামিন আবেদনের ব্যাপারে আজ সময় নেওয়া হবে বলে জানান তিনি।সম্মিলিত আইনজীবী সমন্বয় পরিষদের সদস্য-সচিব সুব্রত চৌধুরী প্রথম আলোকে বলেন, একটি বেঞ্চকে অভিযুক্ত করে যেভাবে চিঠি দেওয়া হয়েছে, তা উদ্দেশ্যপ্রণোদিত। দলীয় বিভাজনের ভিত্তিতে জ্যেষ্ঠ আইনজীবীদের আলোচনায় বসার কোনো সুযোগ নেই।সংশ্লিষ্ট সূত্র জানায়, সমিতির পক্ষ থেকে সাবেক বিচারপতি ও জ্যেষ্ঠ আইনজীবীসহ প্রায় ৭০ জনকে বৈঠকে আমন্ত্রণ জানানো হয়। তাঁদের মধ্যে ৩০ জন আইন পেশায় সক্রিয়। গতকালের বৈঠকে ১৯ জন অংশ নেন।