আইনজীবীদের সঙ্গে পরামর্শ মহিউদ্দিনের

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চট্টগ্রাম সিটি করপোরেশন নির্বাচনে পরাজিত মেয়র পদপ্রার্থী এ বি এম মহিউদ্দিন চৌধুরী এখনো নিজের অবস্থানে অনড় রয়েছেন। তিনি নির্বাচনকে পক্ষপাতদুষ্ট বলে অভিযোগ তুলে তাঁর পরাজয়ের জন্য নির্বাচন কমিশনকে দায়ী করছেন। এমনকি তিনি নির্বাচন কমিশনের বিরুদ্ধে মামলা করারও প্রস্তুতি নিচ্ছেন বলে জানা গেছে। অথচ আওয়ামী লীগ সভানেত্রী ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা এ নির্বাচনকে অবাধ ও সুষ্ঠু উল্লেখ করে নতুন মেয়র মোহাম্মদ মন্জুর আলমকে অভিনন্দন জানিয়েছেন।জানা গেছে, মহিউদ্দিন নির্বাচন কমিশনের বিরুদ্ধে মামলা করার বিষয় নিয়ে পরামর্শ করতে গতকাল শনিবার দুপুরে চট্টগ্রামের আওয়ামী লীগ-সমর্থক দুজন আইনজীবীকে তাঁর চশমা হিলের বাসায় ডেকে নেন। দুজন আইনজীবী হলেন চট্টগ্রাম মহানগর আদালতের সরকারি কৌঁসুলি (পিপি) কামাল উদ্দিন আহম্মদ এবং জেলা আইনজীবী সমিতির সাবেক সাধারণ সম্পাদক মনতোষ বড়ুয়া। মহিউদ্দিন তাঁর ১৪ দফা অভিযোগ তুলে ধরে নির্বাচন কমিশনের বিরুদ্ধে মামলা করার প্রস্তুতি নিতে তাঁদের নির্দেশনা দেন।নির্বাচনী ফলাফল আর পুরোনো অভিযোগ নিয়ে আদালতে মামলা করা যাবে কি না জানতে চাইলে মনতোষ বড়ুয়া প্রথম আলোকে বলেন, ‘সাধারণ আদালতে মামলা করা যাবে না। মামলা করতে হবে নির্বাচন কমিশনের ট্রাইব্যুনালে। সেখানে যেতে না চাইলে আইনকে চ্যালেঞ্জ করে উচ্চ আদালতে রিট মামলা করতে হবে।’চশমা হিলের বাসায় আইনজীবীর সঙ্গে এ প্রতিবেদক কথা বলার সময় মহিউদ্দিন সেখানে উপস্থিত ছিলেন। বিষয়টি নিয়ে আর কথা না বলতে তিনি দুই আইনজীবীকে পরামর্শ দেন। মামলার বিষয়ে মহিউদ্দিনের বক্তব্য জানতে চাইলে তিনি এ নিয়ে কোনো কথা বলতে অস্বীকৃতি জানান। নতুন মেয়রকে অভিনন্দন জানাবেন কি না জানতে চাইলেও তিনি মাথা নেড়ে ‘না’ সূচক জবাব দেন।গতকাল দুপুরে মহিউদ্দিন মামলার বিষয়ে দুই আইনজীবীর সঙ্গে পরামর্শ করার সময় সেখানে রাউজান উপজেলা পরিষদের চেয়ারম্যান এহসানুল হায়দার চৌধুরীসহ অন্তত ১০ জন দলীয় নেতা-কর্মী উপস্থিত ছিলেন।প্রসঙ্গত, গত শুক্রবার রাতে মহিউদ্দিন নিজ বাসায় সংবাদ সম্মেলন করে তাঁর পরাজয়ের জন্য নির্বাচন কমিশনকে দায়ী করে ১৪ দফা অভিযোগ তুলে ধরেন। এগুলোর মধ্যে রয়েছে: সাজাপ্রাপ্ত ব্যক্তিকে বৈধ প্রার্থী ঘোষণা, নির্বাচন কমিশন ও প্রশাসনের নিরপেক্ষ ভূমিকা পালন না করা, প্রতিদ্বন্দ্বী প্রার্থীর আচরণ ভঙ্গের অসংখ্য অভিযোগ দেওয়ার পরও তা গ্রহণ না করা, প্রতিদ্বন্দ্বীর নগদ অর্থ বিলির অভিযোগ দেওয়ার পরও আইনানুগ ব্যবস্থা না নেওয়া, ভোট গণনার রাতে র‌্যাব, পুলিশ ও নির্বাচন কমিশনের নীরব ভূমিকা পালন, কেন্দ্রের ফলাফল ঘোষণা নিয়ে নির্বাচন কমিশনের ষড়যন্ত্র ইত্যাদি।শুক্রবার নির্বাচনের চূড়ান্ত রায় ঘোষণার পর প্রধানমন্ত্রী শেখ হাসিনা এক বিবৃতিতে মন্জুরকে অভিনন্দন জানিয়ে বলেন, বর্তমান সরকার অবাধ ও সুষ্ঠু নির্বাচনে প্রতিজ্ঞাবদ্ধ। চট্টগ্রাম সিটি করপোরেশন নির্বাচন এর চমৎকার উদাহরণ। এ নির্বাচনে প্রমাণিত হয়েছে, সরকার নির্বাচন কমিশনকে স্বাধীন ও শক্তিশালী রাখতে চায়। দলের সাধারণ সম্পাদক সৈয়দ আশরাফুল ইসলামও নতুন মেয়রকে অভিনন্দন জানান।বাসায় আড্ডায় সময় পার: নির্বাচনের পর মহিউদ্দিন চৌধুরী দুই দিন ধরে বাড়ি থেকে বের হননি। বেশির ভাগ সময় একা কাটিয়েছেন। তবে এখন তিনি স্বাভাবিক হওয়ার চেষ্টা করছেন। গতকাল সকাল থেকে তিনি বাড়িতে আসা লোকজনের সঙ্গে হাসিমুখে কথা বলেন। পুরোনো কায়দায় হালকা আলাপ আর মুখরোচক আলোচনা করে নিজেকে স্বাভাবিক করার চেষ্টা করেন। সকালে তাঁর চশমা হিলের বাসায় গিয়ে দেখা যায়, নগরের বিভিন্ন ওয়ার্ড থেকে আওয়ামী লীগ ও যুবলীগের নেতা-কর্মী ছাড়াও বিভিন্ন শ্রেণী-পেশার লোকজন তাঁর সঙ্গে দেখা করতে আসেন। দুপুরে সাংসদ চেমন আরা তৈয়ব আসেন। কয়েকজন পরাজিত ওয়ার্ড কাউন্সিলর পদপ্রার্থীও তাঁর সঙ্গে দেখা করেন। মহিউদ্দিন সবাইকে কলা, মিষ্টি আর বিস্কুট দিয়ে আপ্যায়ন করেন। আলোচনার একপর্যায়ে মহিউদ্দিন তাঁর ডান পাশে বসা নগর জাতীয় পার্টির সভাপতি সোলাইমান আলমকে উদ্দেশ করে বলেন, ‘মেয়র পদে তুইও তো দুই হাজার ভোট পেয়েছিস।’ কিছুক্ষণ পর আসেন সিটি করপোরেশনের ভারপ্রাপ্ত প্রধান রাজস্ব কর্মকর্তা অনুপম সাহা। উপস্থিত অতিথিদের নিয়ে দুপুরের আহার সারেন তিনি। তারপর আবার অতিথিশালায় বসে আড্ডা জুড়ে দেন। এ সময় মহিউদ্দিন চৌধুরী এক রাজনৈতিক নেতাকে বলেন, ‘সিদ্ধান্ত নিয়েছি, মানুষের সঙ্গে আর মুখ খারাপ করব না।’