আইনজীবীদের সামাজিক দায়বদ্ধতা অনেক বেশি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

এবিসি রেডিওর স্টুডিওতে প্রথম আলো জবস ‘হতে চাই পেতে চাই’ অনুষ্ঠানে ১৩ সেপ্টেম্বর এসেছিলেন তানিম খান অ্যান্ড অ্যাসোসিয়েটসের প্রধান ব্যারিস্টার তানিম খান। কথা বলেছেন কথাবন্ধু লিনার সঙ্গে। আইন বিষয়ে পড়াশোনা এবং আইনজীবীদের পেশাগত বিভিন্ন বিষয় আলোচনা করেছেন।কথাবন্ধু: আইন বা ব্যারিস্টারি পড়তে হলে একজন শিক্ষার্থীকে শুরু থেকে কোন বিষয়গুলোর ওপর জোর দেওয়া উচিত?তানিম খান: দক্ষতা ও অভিজ্ঞতা অর্জনের মাধ্যমে আইনি পেশায় সফল হওয়া যায়। এ জন্য শুরু থেকে আইন বিষয়ে পড়ার লক্ষ্য থাকতে হবে। এবং সেভাবেই আপনাকে এগিয়ে চলতে হবে। আইন পেশা একটি দক্ষতানির্ভর পেশা। আপনি যদি আইন বিষয়ে পড়তে চান, তাহলে অবশ্যই আপনাকে ইংরেজি ভাষায় দক্ষ হতে হবে। লিখিত এবং মৌখিক দুই দিক থেকেই সমান দক্ষতা অর্জন করতে হবে। বিভিন্ন ধরনের আইনবিষয়ক বই পড়তে হবে, গবেষণা করতে হবে। আপনাকে মামলাসংক্রান্ত আইন অর্থাৎ কেস ল, আন্তর্জাতিক কেস ল, বিভিন্ন দেশের আইনবিষয়ক বই পড়তে হবে।কথাবন্ধু: বাংলাদেশে কি ব্যারিস্টারি বিষয়ের ওপর পড়াশোনা করা যায়?তানিম খান: অবশ্যই। বাংলাদেশে ব্যারিস্টারি পড়ার সুযোগ রয়েছে। আর তা হচ্ছে ইউনিভার্সিটি অব লন্ডন এক্সটার্নাল প্রোগ্রাম। আপনি বাংলাদেশে আইন বিষয়ে অনার্স করতে পারেন। এ জন্য বাংলাদেশেই পাঁচটি ইনস্টিটিউট রয়েছে। এরপর সর্বশেষ আপনাকে এক বছরের জন্য বার ইজ এন ইনটেনসিভ কোর্সটি করতে হবে। আর এ জন্য আপনাকে যুক্তরাজ্যে যেতে হবে। কথাবন্ধু: বাংলাদেশে যে সিলেবাস অনুযায়ী পড়ানো হয়, তা কি আন্তর্জাতিক মানসম্পন্ন?তানিম খান: বাংলাদেশের সিলেবাস অবশ্যই আন্তর্জাতিক মানসম্পন্ন। কারণ দেশের বাইরেও বাংলাদেশের সিলেবাস একই রকম। কারণ তাঁরা যে বইগুলো পড়ছেন, আমাদের দেশের শিক্ষার্থীরাও একই বই পড়ছেন। তবে অন্যান্য দিক থেকে কিছুটা পার্থক্য রয়েছে। তাদের গ্রন্থাগারগুলো আমাদের দেশ থেকে অনেক উন্নত। প্রযুক্তিগত দিক থেকেও তারা অনেক এগিয়ে রয়েছে। কথাবন্ধু: রাজনীতির সঙ্গে আইন পেশার কি কোনো মেলবন্ধন রয়েছে?তানিম খান: আমাদের দেশে অনেক রাজনীতিবিদই আইন শিক্ষায় শিক্ষিত এবং আইন পেশায় নিয়োজিত রয়েছেন। অনেক রাজনীতিবিদই দেশের জাতীয় নির্বাচেনে অংশ নেন এবং জয়লাভ করেন। তখন তাঁদের যে দায়িত্ব দেওয়া হয়, তা হচ্ছে আইনপ্রণেতার দায়িত্ব। তাঁরা তখন রাষ্ট্রের প্রয়োজনে আইন প্রণয়ন করেন। এতে আইনপ্রণেতাদের কাছ থেকে স্বচ্ছ, মার্জিত এবং পরিণত আইন পাওয়ার ফলে রাষ্ট্রের সম্ভাবনাও বেড়ে যায়। কথাবন্ধু: আইনজীবী হিসেবে মামলা পরিচালনার ক্ষেত্রে কী ধরনের প্রস্তুতি গ্রহণ করতে হয়?তানিম খান: আইনজীবী হিসেবে যখন কোনো মামলার জন্য কাজ শুরু করি, তখন শুরুতেই মামলা সম্পর্কে জানতে হয়। মামলায় জড়িত ব্যক্তির কাছ থেকে মামলা সম্পর্কে সব ধরনের বিস্তারিত তথ্য আদায় করে নিতে হয়। এরপর মামলার সঙ্গে সমন্বয় রেখে যথাযথ আইন খুঁজে বের করতে হয়। এ জন্য সাক্ষাৎকারের কোনো বিকল্প নেই। এটি একটি গবেষণার অংশ। এতে রেলিভেন্ট ল, ইন্টারপেটিশন অব ল, এপিকেশন অব ল এবং রেলিভেন্ট কেস ল নিয়ে পড়াশোনা করতে হয়। বিভিন্ন ধরনের আইনবিষয়ক বই পড়ে সংশ্লিষ্ট মামলাবিষয়ক আইন খুঁজে বের করতে হয়। সব ধরনের তথ্য সংগ্রহের পরই প্রস্তুতিটি শুরু হয়। পরবর্তী সময়ে যুক্তিতর্ক আকারে আদালতের কাছে তা উপস্থাপন করতে হয়। কথাবন্ধু: ব্যারিস্টারি পড়ার আগে কীভাবে এবং কোথায় আবেদন করতে হয়? পুরো প্রক্রিয়াটি যদি শিক্ষার্থীদের উদ্দেশে বলতেন?তানিম খান: ব্যারিস্টারি পড়তে হলে আপনাকে এইচএসসির অথবা এ-লেভেল এবং ও-লেভেলের পর আপনি এ বিষয়ে পড়াশোনা শুরু করতে পারেন। এ জন্য বাংলাদেশে পাঁচটি ইনস্টিটিউট রয়েছে। এর মধ্যে ঢাকা সেন্টার ল অ্যান্ড ইকোনমিকস, এলসিএলএস, এলসিএলএস সাউথ, ব্রিটিশ স্কুল অব ল এবং নিউক্যাসেল ল একাডেমি রয়েছে। তাই আপনাকে এলএলবি অনার্সের জন্য যেকোনো প্রতিষ্ঠানে রেজিস্ট্রেশন করতে হবে। তবে এ ক্ষেত্রে আপনাকে অবশ্যই ইংরেজিতে দক্ষ হতে হবে। এরপর চারটি ল সোসাইটির যেকোনো একটিতে সদস্য হতে হবে। এ ছাড়া বার অ্যাট ল করার জন্য আটটি ইনস্টিটিউট রয়েছে। সেখানেও যথাযথ নিয়মানুযায়ী আবেদন করতে হবে।কথাবন্ধু: বিশ্বের বিভিন্ন দেশে ব্যারিস্টারি পড়তে যাওয়ার জন্য কি কোনো বৃত্তির ব্যবস্থা আছে?তানিম খান: আমার জানামতে, বার অ্যাট লয়ের জন্য কোনো বৃত্তির ব্যবস্থা নেই। তবে আপনি এলএলবির পর কোনো ল ফার্মে ইন্টার্নি অর্থাৎ শিক্ষানবিশ হয়ে কাজ করতে পারেন। সে ক্ষেত্রে যুক্তরাজ্যে এ রকম অনেক ল ফার্ম রয়েছে। পড়াশোনা চালিয়ে নিতে আর্থিক সহায়তার জন্য এটি একটি ভালো সুযোগ। কথাবন্ধু: আইন বিষয়ে পড়ার ক্ষেত্রে প্রচুর মুখস্থবিদ্যার প্রয়োজন হয়, এ বিষয়ে আপনার মতামত কী?তানিম খান: এ ক্ষেত্রে আমি দ্বিমত পোষণ করতে চাই। আইন বিষয়ে পড়াশোনা করতে হলে প্রচুর মুখস্থবিদ্যার প্রয়োজন নেই। কারণ এখানে হাজার হাজার আইন আছে। আপনি কতগুলো আইন মুখস্থ করবেন? আইন মুখস্থ করা আইনজীবীদের কাজ নয়। আপনাকে মামলার প্রয়োজনে আইন খুঁজে বের করতে হবে; গবেষণা করতে হবে। কাজের ক্ষেত্রে দক্ষতা অর্জন করতে হবে।কথাবন্ধু: আইন বিষয়ে পড়াশোনা করার পর বাংলাদেশে ইন্টার্নি করার কোনো সুযোগ আছে কি না?তানিম খান: আমাদের দেশে বর্তমানে প্রচুর ল ফার্ম রয়েছে। এসব ফার্মে অনেক জ্যেষ্ঠ আইনজীবী কাজ করছেন। এ ছাড়া প্রতিদিনই নতুন নতুন চেম্বার তৈরি হচ্ছে। তাদের ল ফার্মে বর্তমানে অনেকেই ইন্টার্নি করছেন। ভবিষ্যতে এ সুযোগ আরও বাড়বে। কথাবন্ধু : আমাদের দেশে যাঁরা আইন বিষয়ে পড়াশোনা করতে চান, তাঁদের উদ্দেশে কিছু বলুন?তানিম খান: আইন পেশা একটি মর্যাদাপূর্ণ পেশা। এ পেশার মাধ্যমে আপনি সামাজিক দায়িত্ব পালন করতে পারেন। কারণ আইনজীবীদের সামাজিক দায়বদ্ধতা অনেক বেশি। এ জন্য আপনাকে শুরু থেকেই লক্ষ্য নিয়ে এগিয়ে যেতে হবে। ইংরেজিতে অনেক দক্ষ হতে হবে। অনেক বই পড়তে হবে। আইন পেশায় পড়ার কোনো বিকল্প নেই। সততা এবং নিষ্ঠা ছাড়া এ পেশায় আসা উচিত নয়। আইনি পেশায় আসতে হলে আপনাকে আগে থেকে সিদ্ধান্ত নিতে হবে। গ্রন্থনা: সুদীপ দে