আইনজীবীদের হাতাহাতি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সংবিধান নিয়ে বক্তব্য দেওয়ার ক্ষেত্রে সতর্কতার কথা বললেন হাইকোর্ট। তবে আদালতের অভিমতে বিরোধীদলীয় নেতার প্রসঙ্গ আসায় দুই পক্ষের আইনজীবীর মধ্যে আদালতকক্ষে হাতাহাতি ও বিশৃঙ্খলার সৃষ্টি হয়। আদালত বলেছেন, ‘সার্বভৌমত্বের প্রতীক হচ্ছে সংবিধান। এ নিয়ে বিরোধীদলীয় নেতা ও আমিনীর বক্তব্যে পার্থক্য খুবই অল্প। আমিনীর বক্তব্য রাষ্ট্রদ্রোহমূলক হলে বিরোধীদলীয় নেতার বক্তব্যও অনুরূপ। সংবিধান ছুড়ে ফেলে দেওয়া বা ডাস্টবিনে ফেলে দেওয়ার মতো ধৃষ্টতাপূর্ণ বক্তব্য আমরা কোনো অবস্থায় সহ্য করব না।’বিচারপতি এ এইচ এম শামসুদ্দিন চৌধুরী ও বিচারপতি গোবিন্দ চন্দ্র ঠাকুরের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ গতকাল মঙ্গলবার এই অভিমত দেন।তবে সংবিধান ছুড়ে ফেলা প্রসঙ্গে বিরোধীদলীয় নেতা বেগম খালেদা জিয়ার বক্তব্য নিয়ে আদালত পর্যবেক্ষণ তুলে ধরার সময় হট্টগোলের সূচনা হয়। দুই দফায় প্রায় আধাঘণ্টার মতো এজলাসকক্ষে হইচই চলে। যদিও আদালত বলেছেন, এই আদেশের বিরুদ্ধে সংক্ষুব্ধ হলে আপিল বিভাগে যাওয়ার সুযোগ রয়েছে। এ সময় আদালতকক্ষে সরকার ও বিরোধী দল-সমর্থক আইনজীবীদের মধ্যে হয় হাতাহাতি-ধস্তাধস্তি ও বিশৃঙ্খল পরিস্থিতির সৃষ্টি হয়। ভাঙচুর করা হয় আইনজীবীদের বসার আসন। এমনকি এজলাসের দিকে লক্ষ্য করে প্লাস্টিকের ভাঙা একটি অংশ ছুড়ে মারা হয়। বিচারপতিদের বিরুদ্ধে বিভিন্ন স্লোগানও দেওয়া হয়।সংবিধান ডাস্টবিনে ছুড়ে ফেলে দেওয়া হবে—এ ধরনের বক্তব্য দেওয়ার অভিযোগে করা একটি রিট আবেদনের পরিপ্রেক্ষিতে হাইকোর্ট মুফতি আমিনীকে তলব করেন। এ নির্দেশনা অনুসারে গতকাল সকাল সাড়ে ১০টার দিকে আদালতে হাজির হন তিনি। আইনজীবীর মাধ্যমে ব্যক্তিগত হাজিরা থেকে অব্যাহতি চেয়ে আবেদনও করেন তিনি। আদালত শুনানি নিয়ে আদেশ দেন। তবে আমিনীকে হাজিরা থেকে অব্যাহতি না দিয়ে তাঁর বিরুদ্ধে জারি করা রুলের ওপর ১৭ আগস্ট শুনানির দিন ধার্য করা হয়।গতকালের শুনানি ও ঘটনার শুরু: সকাল সাড়ে ১০টার দিকে এজলাসকক্ষে পৌঁছেন আমিনী। ১১টার দিকে শুনানি শুরু হয়। এ সময় আমিনী আইনজীবীর পেছনে দাঁড়ান। শুরুতে তাঁর আইনজীবী এম বদরুদ্দোজা ব্যক্তিগত হাজিরা থেকে অব্যাহতি চেয়ে একটি আবেদন তুলে দেন। এ ছাড়া রুলের জবাব দেওয়ার জন্য সময় চাওয়া হয়। এ পর্যায়ে আদালত রিট আবেদনকারীর বক্তব্য শোনার কথা বলেন। রিট আবেদনকারী সাংবাদিক শাহরিয়ার কবির সামনে এগিয়ে আসেন। তাঁর আইনজীবী মনজিল মোরসেদকে আদালত বক্তব্য দিতে বলেন। মনজিল মোরসেদ বলেন, সংবিধানকে ডাস্টবিনে ছুড়ে ফেলা দেওয়া হবে, এ ধরনের বক্তব্যের মাধ্যমে সংবিধান ও সুপ্রিম কোর্টকে অবমাননা করা হয়েছে। এ ধরনের কথা বলে তিনি (আমিনী) দেশের প্রচলিত আইনে অপরাধ করেছেন। আমিনী তাঁর ওই বক্তব্য অস্বীকার করেননি।এরপর আদালত অ্যাটর্নি জেনারেলের বক্তব্য শুনতে চান। অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম সংবিধান তুলে ধরে বলেন, বিচারপতিরা দেশের আইন ও সংবিধান রক্ষা, সমর্থন ও নিরাপত্তা বিধানের জন্য শপথ নেন। যে বক্তব্যের ব্যাখ্যা দেওয়ার জন্য আমিনীকে ডাকা হয়েছে, সে বিষয়ে নীরব থেকে তিনি হাজিরা থেকে অব্যাহতি চাইছেন। এভাবে নীরব থেকে আদালতের কাছ থেকে কোনো আদেশ পেতে পারেন না। মাহবুবে আলম আরও বলেন, আমিনী কোনো ধরনের অনুকম্পাও পেতে পারেন না। এ বিষয়টি হালকাভাবে দেখা হলে সংবিধান, বিচারব্যবস্থা ও সভ্যতা ভেঙে পড়বে। ওই বক্তব্যে আমরা সবাই আহত, মর্মাহত ও বিপর্যস্ত। এ সময় আদালত এজলাসকক্ষে উপস্থিত আইনজীবীদের বক্তব্য শুনতে চান। প্রথমে এম আমীর-উল ইসলাম বলেন, আমিনী ওই কথা বলে নিজের মত প্রকাশের স্বাধীনতাকে ডাস্টবিনে ছুড়ে ফেলে দেওয়ার কথা বলেছেন। সংবিধানের পবিত্রতা হানির অধিকার কাউকে দেওয়া হয়নি।এরপর ইউসুফ হোসেন হুমায়ুন, এ এফ এম মেসবাহউদ্দিন, আবদুল মতিন খসরু, নুরুল ইসলাম সুজন, মাহবুব উদ্দিন খোকন, রফিকুল ইসলাম মিয়া, সানজিদা খানম শুনানিতে অংশ নেন। পরে অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল এম কে রহমান ও মুরাদ রেজাও শুনানিতে অংশ নেন। মতিন খসরু বলেন, সংবিধান দেশের সর্বোচ্চ আইন। সংবিধান নিয়ে সমালোচনা করা ও অসম্মান করা এক বিষয় নয়। সংবিধান ছুড়ে ফেলে দেওয়ার ধৃষ্টতা যেন ভবিষ্যতে কেউ না দেখায়, সে জন্য ব্যবস্থা নেওয়া উচিত।এর আগে মাহবুব উদ্দিন খোকন বলেন, যত আলোচনা-সমালোচনা হবে গণতন্ত্র তত শক্তিশালী হবে। আমিনী তো বলেননি, তিনি বাংলাদেশের স্বাধীনতায় বিশ্বাস করেন না।শাহরিয়ার কবির আদালতে বলেন, সংবিধান রাষ্ট্রের সবচেয়ে মর্যাদাপূর্ণ প্রতিষ্ঠান। এটা স্বাধীনতা ও সার্বভৌমত্বের প্রতীক। ব্যক্তি স্বাধীনতা ও মত প্রকাশের স্বাধীনতার নামে সংবিধান ডাস্টবিনে ফেলে দেবে, এটা গ্রহণযোগ্য নয়। আমিনীর এ ধরনের বক্তব্য এই প্রথম নয়। এর আগে ২০০১ সালে তিনি হাইকোর্টের ফতোয়া নিয়ে দেওয়া রায়ের বিরুদ্ধে বক্তব্য রেখেছিলেন। ওই সময় তিনি দুজন বিচারপতিকে মুরতাদ ঘোষণা করেছিলেন। তখনই যদি তাঁর বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হতো, তবে এখন তিনি এ ধরনের কথা বলতেন না। আমিনী ও বিরোধীদলীয় নেতা একই ধরনের কথা বলেছেন।এ পর্যায়ে আমিনীর আইনজীবী বদরুদ্দোজা বলেন, স্বরাষ্ট্রসচিব, আইজিপি ও ডিএমপি কমিশনারের প্রতি রুল জারি করা হয়েছে। ওই রুলের জবাব দেওয়া হয়নি। অ্যাটর্নি জেনারেল তাঁদের পক্ষে বক্তব্য রাখার কথা। কিন্তু তিনি বক্তব্য রেখেছেন রিট আবেদনকারীর পক্ষে। আমার জীবনে এ ধরনের ঘটনা দেখিনি। আদালত বলেন, তিনি সরকারের অ্যাটর্নি জেনারেল নন। তিনি অ্যাটর্নি জেনারেল ফর বাংলাদেশ। এরপর আদালত ১২টা ৫০ মিনিটে আদেশ দেওয়া শুরু করেন।আধাঘণ্টার বিশৃঙ্খলা: প্রথম দফায় হইচই ও হট্টগোল শুরু হয় দুপুর একটায়। আদালত বলেন, বিরোধীদলীয় নেতাও এ ধরনের মন্তব্য করেছেন। এ সময় সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সম্পাদক ও আমিনীর আইনজীবী এম বদরুদ্দোজা এ কথা আদেশে উল্লেখ না করতে বলেন। তিনি বলেন, আপনি (আদালত) আমিনীর হাজিরা থেকে অব্যাহতির আবেদনের ব্যাপারে আদেশ দিচ্ছেন। এখানে বিরোধীদলীয় নেতার কথা টেনে আনার প্রয়োজন নেই। এতে রাজনৈতিক বিবাদ তৈরি হবে।এ সময় সরকারবিরোধী আইনজীবীরা আদালতের উদ্দেশে ‘নো’ ‘নো’ বলতে থাকেন। অন্যদিকে সরকার-সমর্থক আইনজীবীরা বিএনপির আইনজীবীদের বক্তব্যের প্রতিবাদ জানান। আদালতে চলতে থাকে হইচই। এতে আদালত আদেশও দিতে পারছিলেন না। জ্যেষ্ঠ আইনজীবীরা পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা করেন। এ পর্যায়ে অ্যাটর্নি জেনারেল আদালতকে দুপুরের বিরতির পর আদেশ দেওয়ার পরামর্শ দিলে একটা ১০ মিনিটে এজলাস ত্যাগ করেন বিচারপতিরা। এরপর তিনটার দিকে এজলাসে আসেন দুই বিচারপতি। এ সময় আদালত খালেদা জিয়ার বক্তব্য প্রসঙ্গে পর্যবেক্ষণ দেওয়া শুরু করলে আপত্তি জানান আইনজীবী সমিতির সভাপতি খন্দকার মাহবুব হোসেন। তিনি এ ধরনের পর্যবেক্ষণ না দেওয়ার অনুরোধ জানান। বদরুদ্দোজাও একই ধরনের অনুরোধ জানান। আদালত আদেশ দেওয়া অব্যাহত রাখলে বিএনপি-সমর্থক আইনজীবীরা প্রতিবাদ জানাতে থাকেন। আওয়ামী লীগ-সমর্থক আইনজীবীরা তাঁদের চুপ থাকতে বলেন। একপর্যায়ে আইনজীবীরা হাতাহাতিতে জড়িয়ে পড়েন।বেলা তিনটা ২০ মিনিটের দিকে অ্যাটর্নি জেনারেল আদালতকে জানান, আদালতের নির্ধারিত সময় শেষ হয়ে গেছে। এ সময় বিচারপতিরা এজলাস ত্যাগ করেন।আদালতের আদেশ: বিরতি দিয়ে দুই দফায় দেওয়া আদালতের আদেশে বলা হয়, আমরা খুবই স্পর্শকাতর একটি সাংবিধানিক বিষয় নিয়ে কাজ করছি। যদি কোনো ব্যক্তি সংবিধান ছুড়ে ফেলে দেওয়ার কথা বলে থাকেন, তবে তিনি রাষ্ট্রদ্রোহ অপরাধ করেছেন। তাঁর দেশপ্রেম নিয়ে প্রশ্ন রয়েছে। কোনো দেশপ্রেমিক ব্যক্তি এ ধরনের কথা বলতে পারেন না। যাঁরা এ ধরনের কথা বলেন, তাঁরা বাংলাদেশের স্বাধীনতায় বিশ্বাস করেন না। সার্বভৌমত্বের প্রতীক হচ্ছে সংবিধান। সংবিধানকে ডাস্টবিনে ছুড়ে ফেলা মানে রাষ্ট্রের সার্বভৌমত্বকে ছুড়ে ফেলা।পর্যবেক্ষণে আদালত বলেন, সংবিধানের অভিভাবক হিসেবে একে সব ধরনের আক্রমন থেকে রক্ষা করার সাংবিধানিক দায়িত্ব আমাদের। আমরা যদিও এবার নেহাত সম্মান দেখানোর জন্য বিরোধীদলীয় নেতাকে তলব করিনি। আশা করি, ভবিষ্যতে কেউ এ ধরনের বক্তব্য দেবেন না।পরস্পরবিরোধী অবস্থান: হাইকোর্টের আদেশের প্রতিবাদে সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতি সাড়ে তিনটার দিকে প্রতিবাদ সভা করে। দক্ষিণ হলের ওই সভায় আদালতের আদেশ প্রত্যাহারের আহ্বান জানানো হয়। এ বিষয়ে প্রধান বিচারপতির হস্তক্ষেপ কামনা করে তারা। নইলে কোনো ভয়ঙ্কর পরিস্থিতির সৃষ্টি হলে এর দায়ভার সমিতি নেবে না বলে বলা হয়। সমিতির সভাপতি খন্দকার মাহবুব হোসেন বলেন, একজন বিচারপতির এমন আচরণ দুর্ভাগ্যজনক। সুপ্রিম কোর্টের অন্য বিচারপতিদের জন্যও এটা মানহানিকর। তিনি বলেন, আমিনীর বিরুদ্ধে রিট হয় ও আদালত রুল জারি করেছিলেন। আমরা মনে করেছিলাম, আমিনীর বিষয়ে আদালত আদেশ দেবেন। কিন্তু আদালত রুলের বাইরে গিয়ে রাজনৈতিক নেতৃত্বকে জড়িয়েছেন। মাহবুব হোসেন বলেন, আমিনীর বাইরে গিয়ে তিনি একজন রাজনৈতিক নেতাকে নিয়ে কটাক্ষ করেছেন। এ আদেশে আইনজীবীরা ক্ষুব্ধ হয়েছেন। আমরা আইনজীবীদের শান্ত করার চেষ্টা করেছি। অন্যদিকে এজলাসকক্ষে বিশৃঙ্খলা, হইচইয়ের প্রতিবাদে সমিতির উত্তর হলে সমসাময়িক সময়ে সরকার-সমর্থক আইনজীবীরা সম্মিলিত আইনজীবী সমন্বয় পরিষদের ব্যানারে প্রতিবাদ সভা করেন। সভায় ওই উচ্ছৃঙ্খল আচরণের নিন্দা জানানো হয়। এটি বিচারব্যবস্থাকে ধ্বংস করার ষড়যন্ত্র বলেও অভিহিত করা হয়। সভায় অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম বলেন, আজ আদালতের বিচারিক কাজে বাধা দেওয়া হয়েছে। বিশৃঙ্খলা সৃষ্টি করা হয়েছে। কিছু আইনজীবী বিচারপতি ও আইনজীবীদের বিরুদ্ধে আক্রমণাত্মক বক্তব্য দিয়েছেন। যাঁরা এ ধরনের কাজ করেছেন, তাঁরা আইনজীবী নামধারী ও আদালত অবমাননার দায়ে অভিযুক্ত। খালেদা জিয়া, তারেক রহমানসহ তাঁদের নেতা-নেত্রীদের মামলায় আদালত আদেশ দিতে গেলেই তাঁরা এটা করে থাকেন। এ সময় জ্যেষ্ঠ আইনজীবী ইউসুফ হোসেন হুমায়ূন, সুব্রত চৌধুরী, এ এম আমিনউদ্দিন, বশির আহমেদ, আজহারুল্লাহ ভূঁইয়া প্রমুখ উপস্থিত ছিলেন।