আইনজীবীর চেম্বার থেকে
আইনজীবী, বাংলাদেশ সুপ্রিম কোর্টসমস্যা: আমার মা ১৯৯০ সালে মারা যান। এর কিছুদিন পর আমার নানাও মারা যান। আমি মায়ের একমাত্র ছেলেসন্তান। আমার নানা দুটি বিয়ে করেছিলেন। তাঁর প্রথম স্ত্রীর ঘরে আমার মা, এক ছেলে ও এক মেয়ে আছে। আমার আপন নানিও মারা গেছেন। আমার নানার দ্বিতীয় স্ত্রীর ঘরে আমার তিনজন মামা আছেন। আমার সৎনানি বেঁচে আছেন। বর্তমানে নানার দ্বিতীয় পক্ষের স্ত্রীর ছেলেরা আমাকে কোনো সম্পত্তি দিতে চাইছেন না। এখন আমি মামাদের কাছ থেকে আইনের মাধ্যমে কীভাবে নানার সম্পত্তি পেতে পারি? আইনের মাধ্যমে আমি নানার কতটুকু সম্পত্তি পেতে পারি? ফারাবী, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়।পরামর্শ: আপনার আপন নানি আপনার নানার আগে মারা গেছেন, না পরে মারা গেছেন তা বোঝা গেল না। যদি আগে মারা যান, তবে আপনার নানা মারা যাওয়ার সময় একজন স্ত্রী, চার ছেলে ও দুই কন্যা রেখে যান (আপনার মা-সহ), আর যদি পরে মারা গিয়ে থাকেন তবে আপনার নানা মারা যাওয়ার সময় দুই স্ত্রী, চার ছেলে ও দুই কন্যা রেখে যান। উভয় ক্ষেত্রেই আপনার মা আপনার নানার সম্পত্তির ৪০ ভাগের ১৪ অংশের ভাগীদার এবং তা আপনার মায়ের একমাত্র ছেলে হিসেবে আপনিই পাবেন। মামারা দিতে না চাইলে স্বত্ব ঘোষণা, বণ্টন এবং দখলের মামলা করা যেতে পারে। সমস্যা: আমার বাড়ি থেকে প্রায় দুই কিলোমিটার দূরে ৩২ শতক জমি আছে। জমিসংলগ্ন এক ভদ্রলোকের ২৪ শতক বাড়ি-বাগান আমার বসতবাড়ি-বাগানের পাশে (তিন পাশেই আমার ভিটা বাগান ও একপাশে গ্রাম্য রাস্তা) অবস্থিত। আজ প্রায় ১৯ বছর অর্থাৎ ১৯৯০ সাল থেকে ওই ভদ্রলোক আমার জমি ভোগদখল করেন এবং আমি তাঁর বাগানবাড়ি ভোগদখল করি। এ নিয়ে উভয়ের মধ্যে কোনো ধরনের বাগিবতণ্ডা হয়নি। তিনি ও আমি মৌখিক সমঝোতায় উভয়ে বাগান করে গাছপালা রোপণ করি। হঠাৎ ওই ভদ্রলোক তাঁর জায়গা ১৯ বছর ভোগদখলের পর বিক্রি করার জন্য আরেক ভদ্রলোকের সঙ্গে কথাবার্তা বলেন এবং আমাকে তাঁর জায়গা ছেড়ে দিতে বলেন। দু-চারজন যাঁরা সাক্ষী ছিলেন, তাঁরা সবাই ভদ্রলোককে বোঝানোর চেষ্টা করেন কিন্তু তিনি অটল। আমি কীভাবে ওই জায়গা পেতে পারি এবং আমার জায়গাটা কীভাবে রক্ষা করতে পারি, তার একটি সুপরামর্শ দিলে আমি উপকৃত হব। অনেকেই আমাকে আদালতে মোকদ্দমা করার পরামর্শ দিয়েছেন। কিন্তু আমার কাছে কোনো লিখিত দলিল নেই। আমি ৮০ বছরের বৃদ্ধ। কোনো দিন এ রকম বিপদে পড়িনি। আবদুল মালেক, কুষ্টিয়া। পরামর্শ: আপনারা কিসের ভিত্তিতে একজন আরেকজনের সম্পত্তি ভোগদখল করছিলেন, তা একেবারেই বোঝা গেল না। যে জমিটুকু আপনি আপনার নিজস্ব বলে দাবি করছেন, তার কাগজপত্রও যদি আপনার কাছে না থাকে তবে আপনি কিসের ভিত্তিতে মালিকানা দাবি করছেন তাও বোঝা গেল না। আপনি আপনার সমস্ত বিষয় নিয়ে কোনো আইনজীবীর সঙ্গে আলোচনা করুন।সমস্যা: আমার ছেলের সঙ্গে একটি মেয়ের সম্পর্ক হয় এবং বিয়ে হয়। মাঝেমধ্যেই ছেলেমেয়ে বাড়ি ছেড়ে পালিয়ে যায়। তখন আমি তাদের আবার বাসায় ফিরিয়ে আনি। এটা নিয়ে স্থানীয় লোকজনকে নিয়ে বেশ কয়েকবার সালিস হয়। ওই সালিসে মেয়ে সবাইকে বলে আমার ছেলের কাছে থাকবে। মেয়ের মা এটা মেনে নিচ্ছে না। আমি এর একটা সুষ্ঠু সমাধান চাই। এ বিষয়ে আইনি পরামর্শ কী? নাম প্রকাশে অনিচ্ছুক, কুমিল্লা।পরামর্শ: ছেলে ও মেয়ের বয়স উল্লেখ করা হয়নি। তারা যদি প্রাপ্তবয়স্ক হয়, তবে তারা নিজেরা আইনসংগতভাবেই বিয়ে করতে পারে, এতে মেয়ের মায়ের আপত্তি থাকলেও তা অগ্রহণযোগ্য। মেয়ে যদি অপ্রাপ্তবয়স্ক হয়, তবে আইনি ঝামেলা হতে পারে; মেয়ের অভিভাবকেরা মেয়েকে ফুঁসলিয়ে নিয়ে যাওয়ার অভিযোগ আনতে পারেন। মেয়ে যদি প্রাপ্তবয়স্ক হয় এবং নিজের ইচ্ছাতেই ছেলের কাছে থাকতে চায়, তবে তার বাবা-মা তাকে আইনসংগতভাবে বাধা দিতে পারেন না।