আইনজীবীর চেম্বার থেকে
সমস্যা: আমার বোনের স্বামী বিদেশে থাকেন। বোনের এক মেয়ে। অনেক দিন ধরে বোনের স্বামী আমার বোনকে কোনো রকম ভরণপোষণ দিচ্ছেন না। তিনি দ্বিতীয় বিয়ে করতে চাচ্ছেন বলে শুনেছি। বোনের ভরণপোষণ ভগ্নিপতির ভাইবোনেরা দিচ্ছেন। এখন আমরা কী করব? স্বপ্না, ঢাকা।পরামর্শ: ভরণপোষণ বিষয়ে বলা যায়, আপনার বোন তাঁর ও সন্তানের ভরণপোষণ দাবি করে দেশেই পারিবারিক আদালতে মামলা করতে পারেন। আপনার কথা অনুযায়ী মনে হচ্ছে, আপনার বোন দেশেই থাকেন। যদি আপনার বোন দেশেই থেকে থাকেন, তাহলে পারিবারিক আদালতের দ্বারস্থ হতে কোনো সমস্যা নেই। আইন অনুযায়ী স্ত্রীর বিনা অনুমতিতে কেউ দ্বিতীয় বিয়ে করতে পারেন না। যদি বিয়ে করে ফেলেন, তাহলে ১৯৬১ সালের মুসলিম পারিবারিক আইন অনুযায়ি মামলা দায়ের করা যেতে পারে । সমস্যা: আমার বাবা কিছুদিন আগে হঠাৎ মারা যান। আমরা দুই বোন ও মা আছি। আমার চাচারা তিন ভাই, তিন বোন ছাড়া দাদিও জীবিত আছেন। বাবা সরকারি চাকরি করতেন। তাঁর পেনশন বা এককালীন জমা টাকার কোনো অংশ আমার চাচারা কি দাবি করতে পারবেন? বা ওই টাকা বণ্টনের ক্ষেত্রে ইসলামি ফরায়েজের প্রশ্ন আসবে কি? এ সম্পর্কে বিস্তারিত ব্যাখ্যা দিলে উপকৃত হব।নাম প্রকাশে অনিচ্ছুক পরামর্শ: আপনার বাবার পেনশনের টাকা যদি কাউকে নমিনি করে দিয়ে থাকেন, তাহলে তিনিই আইনত এটি পাবেন। আর যদি নমিনি করে না থাকেন, তাহলে যেহেতু এ টাকা তাঁর সম্পত্তি হিসেবে গণ্য, তাই মুসলিম ফরায়েজমতে বণ্টিত হবে। আপনার বাবার মা ১/৬ অংশ, তাঁর স্ত্রী ১/৮ অংশ এবং তাঁর দুই কন্যা ২/৩ অংশ পাবেন। বাকি অংশ মৃত ব্যক্তির তিন ভাই ও তিন বোনের মধ্যে বণ্টিত হবে।