আইনজীবীর চেম্বার থেকে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আইনজীবী, বাংলাদেশ সুপ্রিম কোর্ট, হক অ্যান্ড পার্টনারসসমস্যা  আমার দাদার দুই ছেলে ও দুই মেয়ে। মৃত্যুর আগে ৪০ শতক ভূমি দিয়ে এক বিধবাকে বিয়ে করেন, যাঁর ঘরে কোনো সন্তান হয়নি। আমার বাবা বর্তমানে বেঁচে আছেন। বাবা ও চাচার পরিবারের মধ্যে আমিই একমাত্র পুত্রসন্তান। চাচা ও চাচির মৃত্যুর পর তাঁদের ছয় মেয়ের চারজনই স্বামী, সন্তান নিয়ে চাচার বসতবাড়িতে থাকছেন। দাদার সম্পত্তি বাংলাদেশ জরিপে আমার বাবা, চাচা ও ফুফুদের নামে যৌথ খতিয়ানভুক্ত হওয়ার সুযোগে আমার চাচাতো বোনেরা তাঁদের স্বামী-সন্তানদের দিয়ে জোরপূর্বক অধিক পরিমাণ সম্পত্তি ভোগ করছেন। আমি যাতে আমার প্রাপ্য সম্পত্তি ভোগ করতে না পারি, সে জন্য অপকৌশলে মিথ্যা মামলা দিয়ে আমাকে বিভিন্নভাবে হয়রানি করছেন। আমাকে সাত-আট বছর ধরে বাড়ির বাইরে থাকতে হচ্ছে। এলাকার গণ্যমান্য ব্যক্তিদের সঙ্গে নিয়ে কয়েক দফা আপসের চেষ্টা করেও ব্যর্থ হই। তাঁরা কোনো সামাজিক রীতিনীতি পরোয়া করেন না। এমতাবস্থায় আমি কীভাবে তাঁদের মিথ্যা মামলার হয়রানি থেকে মুক্ত হয়ে স্বাভাবিক জীবনযাপন করতে পারি; চাচা ও দাদির সম্পত্তিতে আমার এবং আমার বাবার পাওনা অংশ আছে কি না এবং কী পরিমাণ পাওয়ার বিধান আছে?এম দেলোয়ার, বিজয়পুর, কুমিল্লা।পরামর্শ  আপনার চিঠি থেকে জানা যায়, আপনার বাবা বেঁচে আছেন। চাচা-চাচি মারা গেছেন। আপনার সৎ দাদি ও ফুফুরা বেঁচে আছেন কি না, বলেননি। আপনার দাদার সম্পত্তি হতে আপনার সৎ দাদি (যদি বেঁচে থাকেন) ১/৮ অংশ পাবেন। বাকি ৭/৮ অংশকে ছয় ভাগ করে আপনার বাবা ও চাচা, প্রত্যেকে দুই ভাগ করে পাবেন এবং দুই ফুফু প্রত্যেকে এক ভাগ করে পাবেন। সে হিসাবে আপনার দাদার সম্পত্তি থেকে আপনার বাবা কিংবা চাচার প্রাপ্য অংশ দাঁড়ায় ১৪/৪৮ (৭/৮-এর ২/৬ অংশ)। আপনার চাচার প্রাপ্য ১৪/৪৮ অংশ সম্পত্তি আবার তিন ভাগ হবে। তার দুই ভাগ পাবেন আপনার ছয় চাচাতো বোন এবং বাকি এক ভাগ ২: ১ অনুপাতে আপনার বাবা ও দুই ফুফু পাবেন। যেহেতু চিঠিতে আপনার দাদার পুরো সম্পত্তির পরিমাণ কত, তা আপনি উল্লেখ করেননি, সেহেতু শতাংশ হিসাবে ঠিক কত সম্পত্তি আপনার বাবা পাবেন, তা উল্লেখ করা সম্ভব নয়। আপনার চিঠি অনুযায়ী, দ্বিতীয়বার বিবাহের সময় আপনার সৎ দাদিকে আপনার দাদা আলাদা করে যে ৪০ শতাংশ ভূমি দিয়েছেন, তা উপরিউক্ত হিসাবের অন্তর্ভুক্ত নয়। তবে আপনার সৎ দাদি মারা যাওয়ার পর তাঁর নিজস্ব ৪০ শতাংশ ভূমি ও দাদার কাছ থেকে ওয়ারিশসূত্রে প্রাপ্ত ১/৮ অংশ সম্পত্তি আপনার বাবা, চাচা ও ফুফুরা পাবেন। সে ক্ষেত্রে আপনার বাবা এবং চাচা প্রত্যেকে ২/৬ অংশ করে এবং দুই ফুফু প্রত্যেকে ১/৬ অংশ করে সৎ দাদির সম্পত্তি পাবেন। আপনার চাচার প্রাপ্য ২/৬ অংশ সম্পত্তি আবার তিন ভাগ হবে। তার দুই ভাগ পাবেন আপনার চাচাতো বোনেরা। অবশিষ্ট এক ভাগ ২: ১ অনুপাতে আপনার বাবা ও দুই ফুফু পাবেন। উল্লেখ্য, আপনার বাবার জীবদ্দশায় আপনি কোনো সম্পত্তি পাবেন না। আর সম্পত্তির এ হিসাবে আপনার কোনো বোন নেই এবং আপনার দুই ফুফু জীবিত আছেন ধরে প্রদান করা হয়েছে। চিঠিতে আপনি মিথ্যা মামলায় হয়রানি থেকে মুক্তির ব্যাপারে অনুরোধ করেছেন। কিন্তু মিথ্যা মামলাগুলো দেওয়ানি না ফৌজদারি, তা সুনির্দিষ্টভাবে উল্লেখ না করায় সঠিক পরামর্শ দেওয়া সম্ভব হচ্ছে না। যেহেতু চিঠিতে আপনি সাত-আট বছর ধরে বাড়ির বাইরে থাকতে বাধ্য হচ্ছেন বলে উল্লেখ করেছেন, সেহেতু অনুমান করা যায়, মামলাগুলো ফৌজদারি প্রকৃতির। সে ক্ষেত্রে জামিনপূর্বক হয়রানি থেকে সাময়িকভাবে মুক্তি পেতে পারেন এবং মামলায় প্রতিদ্বন্দ্বিতা করতে পারেন।