আইনজীবীর চেম্বার থেকে
সমস্যা: এক ব্যক্তি দীর্ঘ পাঁচ বছর প্রকল্পের আওতায় কাজ করার পর প্রকল্পের পদগুলোর নয়টির মধ্যে আটটি পদ রাজস্ব খাতে স্থানান্তর করা হয়েছে। শুধু ব্যক্তির একটি পদ রাজস্ব খাতে স্থানান্তর করা হয়নি। কারণ, সংস্থাপন মন্ত্রণালয় ব্যক্তির প্রয়োজনীয় তথ্য না পেয়ে তাঁর পদ রাজস্ব খাতে স্থানান্তরে বিবেচনা করেনি। ব্যক্তির প্রশ্ন, প্রয়োজনীয় তথ্য ছাড়া প্রকল্প অফিসে চাকরি কীভাবে করল? পরে প্রকল্প অফিস ব্যক্তির কাছ থেকে প্রয়োজনীয় তথ্য কেন চায়নি? এভাবে সাড়ে তিন বছর ধরে তাঁর পদ রাজস্ব খাতে স্থানান্তর হবে বলে আশা দেওয়া সত্ত্বেও কোনো কাজ হচ্ছে না। বরং অধিদপ্তর ও মন্ত্রণালয় থেকে নানা রকম বিভ্রান্তিমূলক কথাবার্তা বলে তাঁকে নিয়মিত হয়রানি করা হচ্ছে। প্রকল্পের পদ রাজস্ব খাতে স্থানান্তর অত্যন্ত গোপনীয়ভাবে করা হয়েছে, যা ব্যক্তি জানত না। এদিকে ভদ্রলোক টাকা-পয়সা খরচ করে নিঃস্বপ্রায়, মানসিকভাবে ভারাক্রান্ত। এভাবে কোনো ব্যক্তিকে অন্যায়ভাবে চাকরি পাওয়ার অধিকার থেকে বাদ দেওয়া হয়, তবে এর প্রতিকার পাওয়ার জন্য আইনগতভাবে রিট করলে কত দিনের মধ্যে মামলার নিষ্পত্তি করা সম্ভব। মামলা করার জন্য ব্যক্তির কাছে যথেষ্ট প্রমাণস্বরূপ কাগজপত্র আছে। প্রকল্পের পদগুলো রাজস্ব খাতে স্থানান্তরে অত্যন্ত গোপনীয়ভাবে করা হয়েছে। পরে দেখা গেল, ব্যক্তির পদে জালিয়াতির মাধ্যমে অন্য ব্যক্তিকে অবৈধভাবে নিয়োগ দেওয়া হয়েছে। এর জন্য কোন ধারায় মামলা করা যাবে। নাসিম আহমেদ পরামর্শ: মৌলিক অধিকার লঙ্ঘিত হলে উচ্চ আদালতে রিট করার অধিকার রয়েছে। তবে রিট দায়ের করলে কত দিনের মধ্যে নিষ্পত্তি হবে, তা নির্দিষ্ট করে বলা সম্ভব নয়। এটি নির্ভর করে উভয়পক্ষের আইনজীবী এবং আদালতের ওপর। চাকরিচ্যুতির কারণে প্রশাসনিক ট্রাইব্যুনালেও প্রতিকার চাইতে পারেন। সমস্যা: আমি বর্তমানে একটি স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানে দ্বিতীয় শ্রেণীর কর্মকর্তা পদে কর্মরত। এ পদে যোগদান করার আগে আমি পেনশনযোগ্য একটি সরকারি প্রতিষ্ঠানে তৃতীয় শ্রেণীর কর্মচারী ছিলাম। ওই পদে প্রায় পৌনে পাঁচ বছর চাকরি করা অবস্থায় যথাযথ কর্তৃপক্ষের মাধ্যমে আবেদন করে আমি বর্তমান পদে নিয়োগপ্রাপ্ত হই। আবেদন করার পরও বর্তমান কর্তৃপক্ষ আমার আগের চাকরিকাল গণনা করছে না। ফলে চাকরিকাল শেষ হয়ে যাওয়ার পর আমি বর্তমান প্রতিষ্ঠানের নিয়ম অনুযায়ী আর্থিক সুবিধাদি কম পাব। কারণ, এ প্রতিষ্ঠানে পেনশনের নিয়ম হলো বছরে (যত বছর চাকরি করা হয়) দুটি মূল বেতনের বেসিক ধরে গ্র্যাচুইটি দেওয়ার। আগের চাকরিকাল গণনা করা হলে আমি প্রায় পাঁচ বছরে অন্তত নয় মাসের মূল বেতনের বেসিক গ্র্যাচুইটির সময় বেশি পাব। ‘কর্তৃপক্ষ নিয়ম নেই’ এ অজুহাতে আমার পূর্ববর্তী চাকরির ‘চাকরিকাল’ গণনা করছে না। এখন আমি ‘আইন অধিকার’-এর মাধ্যমে বর্তমানে প্রচলিত বিধির মধ্যে পূর্ববর্তী চাকরির চাকরিকাল গণনা বিষয়ে সুস্পষ্ট উত্তর কামনা করছি। নাম প্রকাশে অনিচ্ছুক পরামর্শ: চাকরিস্থল একই প্রতিষ্ঠান হলে প্রথম থেকেই চাকরির কর্মকাল গণনা করা হবে। আপনি দ্বিতীয় শ্রেণীর কর্মকর্তা হিসেবে একই প্রতিষ্ঠানে পদোন্নতি হলে তবে তৃতীয় শ্রেণীর চাকরির যোগদান থেকে অদ্যাবধি কর্মকাল গণনা হবে। আপনি পেনশনের সব আর্থিক সুবিধা পাবেন।