আইনজীবীর চেম্বার থেকে
সমস্যা: আমাদের প্রেমের বিয়ে। বিয়ে হয় পাঁচ বছর আগে। আমার তিন বছরের একটি মেয়ে আছে। বিয়ের কয়েক বছর যেতে না-যেতেই আমার স্বামী অন্য মেয়েদের প্রতি আসক্ত হয়ে পড়েন। আমার সঙ্গে দুর্ব্যবহার করতে থাকেন। আমার আর বাচ্চার ঠিকমতো খরচাপাতি দেননি। আমি এ বিষয়ে পারিবারিকভাবে অনেকবার মিটমাটের চেষ্টা করেছি। কিন্তু তাঁর ব্যবহারের কোনো পরিবর্তন হয়নি। আমি অবশেষে সহ্য করতে না পেরে তাঁকে তালাক দিই আইনগতভাবে। আমার কাবিননামায় তালাক দেওয়ার ক্ষমতা দেওয়া ছিল। তালাক দেওয়ার পরপরই আমার স্বামী আমাকে ফিরিয়ে নিতে দাম্পত্য অধিকার চেয়ে মামলা করেন পারিবারিক আদালতে। আগামী সপ্তাহে এর জবাব দিতে বলা হয়েছে। এখন আমার কী করণীয় আছে, আইন অধিকারের মাধ্যমে জানতে চাই।নাম প্রকাশে অনিচ্ছুক,ঢাকাপরামর্শ: আপনাকে একজন আইনজীবীর মাধ্যমে জবাব দাখিল করতে হবে আদালতে। তারপর মামলার কার্যক্রম শুরু হবে। আপনার সমস্যা পড়ে মনে হচ্ছে, এ মোকদ্দমায় আপনার পক্ষেই শক্ত অবস্থান রয়েছে। যেহেতু কাবিননামায় আপনার তালাক দেওয়ার ক্ষমতা দেওয়া আছে, তাই আপনি আপনার স্বামীকে আইনসম্মতভাবেই তালাক দিয়েছেন। এখন আইনজীবীর মাধ্যমে মামলাটি পরিচালনা করে যান। সাধারণত এ ধরনের মামলায় স্ত্রীর পক্ষেই রায় আসে।