আইনজীবীর চেম্বার থেকে
আইনজীবী,বাংলাদেশ সুপ্রিম কোর্টসমস্যা: আমার দাদার বাবা, চাচা, জেঠারা পাঁচজন ১৯২২ সালের ১ নভেম্বর জরিপ চলাকালীন একটি সাফকবলা দলিলের মাধ্যমে এক কানি সম্পত্তি ক্রয় করেন । ওই জমির বিক্রেতা দুজন (অর্থাৎ দুই ভাই)। দলিলে চার খণ্ড জমি চৌহদ্দি দেওয়া আছে এবং শেষে খতিয়ান নম্বর ও দাগ নম্বর দেওয়া আছে। কিন্তু খতিয়ান ও চৌহদ্দি ঠিক থাকলেও দাগ নম্বর দুটি ভুল হয়। সিএস খতিয়ানে বিক্রেতা লিপিবদ্ধ থাকলেও পরবর্তীকালে এমআর এবং বিএস খতিয়ানে ক্রেতার (আমাদের) যার যার ওয়ারিশের নামে রেকর্ড হয়। জমি আমরাই ভোগদখল করছি এবং সর্বশেষ বিএসও যার যার ওয়ারিশের নামে খতিয়ানভুক্ত হয়। দীর্ঘ ৮৮ বছর পর দুজন বিক্রেতার একজনের এক ওয়ারিশ প্রথমে দাবি করেন যে তাঁদের জমি বিক্রি করেননি। আমরা যে দলিলের মাধ্যমে সম্পত্তি ভোগ করছি তা একটি জাল দলিল। দলিলে যে দুটি দাগ নম্বর আছে, তা সঠিক নয়। এই দাগ নম্বরে যে জমি আছে তার অন্য লোকের সঙ্গে বিক্রেতার কোনো সম্পর্ক নেই। দলিলে বিক্রেতা দুজনের একজনের স্বাক্ষর এবং অন্যজনের টিপসই দেওয় আছে। অতএব, দলিল অবৈধ—এই বলে তাঁরা জমি দখলের চেষ্টা করেন এবং জমি বিক্রি করার অপচেষ্টা চালান। কিছুদিন পর তাঁরা তাঁদের এই দাবি থেকে পিছু হটে কিছু নতুন দাবি উত্থাপন করেন। আমাদের এই মৌজায় বর্তমানে ৯০ শতাংশে এক কানি হিসেবে গণনা করা হয়। দলিলের চারটি চৌহদ্দিতে জমির পরিমাণ ১২০ শতাংশ। অতএব, আমরা ৯০ শতাংশ রেখে বাকি ৩০ শতাংশ ছেড়ে দিই। এরপর তাঁরা আদালতে একটি মামলা করেন। এতে এক কানি জমির খণ্ডের বিশেষ দাগ তাঁরা তাঁদের বলে দাবি করেন, এমনকি আমরা নাকি তাঁদের জমি জোর করে দখল করে আছি—সেখানে এ কথাও উল্লেখ করা হয়। এখন প্রশ্ন, দীর্ঘ ৮৮ বছর পর খতিয়ান, চৌহদ্দি, দখল এবং পরবর্তী সব জরিপ আমাদের ওয়ারিশদের নামে হওয়া সত্ত্বেও তাঁদের দাবি কতটুকু যৌক্তিক। দলিল যদি ঠিক থাকে, তাহলে তাঁদের দ্বিতীয় যে দাবি, ৯০ শতাংশ ও ১২০ শতাংশ নিয়ে তা কতটা যৌক্তিক (যদিও আমাদের এই মৌজায় ১২০ শতাংশ কানি হিসেবে আরও অনেক জমি রেজিস্ট্রি হয়েছে)। আমাদের সবকিছু যদি সঠিক থাকে তাহলে আমরা তাঁর বিরুদ্ধে কী ধরনের ব্যবস্থা নিতে পারি। এম বরকতুল্লাহ,চাঁদপুর পরামর্শ: আপনাদের প্রতিপক্ষ কি মামলা করেছেন তা আপনার প্রশ্ন থেকে বোঝা গেল না। স্বত্ব ঘোষণার মামলা যদি হয় তবে কী স্বত্ব ঘোষনা চেয়েছেন তাও বোঝা গেল না। যদি ধরেও নিই আপনাদের বর্তমানে দখলাধীন সম্পত্তির কোনো অংশে তাঁরা তাঁদের স্বত্ব প্রতিষ্ঠা করতে চান, তবে তাঁরা তাঁদের মামলায় কিসের ভিত্তিতে স্বত্ব দাবি করেছেন তা মামলার আর্জি না দেখলে বোঝা যাবে না। আর্জির বক্তব্য পুরোপুরি জানা গেলে পরামর্শ দেয়া যেত। তবে এটুকু বলা যায়, আপনার বক্তব্য অনুযায়ী যে জমির মালিকানা ও দখল নিয়ে দীর্ঘ ৮৮ বছর কোনো বিবাদ হয়নি, সে জমিতে স্বত্বের দাবি প্রতিষ্ঠা করা আপনার প্রতিপক্ষের জন্য অত্যন্ত দুরূহ হওয়ারই কথা।