আইনজীবীর জামিনে বিশেষ বেঞ্চ গঠনের আবেদন
সুপ্রিম কোর্টে স্বেচ্ছায় অবস্থানকারী আইনজীবী মোহাম্মদ আলীর জামিনের জন্য বিশেষ বেঞ্চ গঠন করতে প্রধান বিচারপতি মোহাম্মদ মোজাম্মেল হোসেনের কাছে আবেদন করা হয়েছে।আজ শুক্রবার বেলা তিনটার দিকে সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সম্পাদক এম বদরুদোজ্জা প্রথম আলোকে বলেন, বিশেষ বেঞ্চ গঠনের অনুমতি চেয়ে আবেদন প্রস্তুত করা হয়েছে। কিছুক্ষণের মধ্যে সেটি রাজধানীর হেয়ার রোডের প্রধান বিচারপতির বাসভবনে পৌঁছে দেওয়া হবে। প্রসঙ্গত, গতকাল বৃহস্পতিবার পুলিশের তদন্ত কর্মকর্তা আবদুল জলিলকে মারধরের অভিযোগে আইনজীবী মোহাম্মদ আলীকে গ্রেপ্তার করতে সুপ্রিম কোর্ট চত্বরে পুলিশ অবস্থান নেয়। গতকাল রাত ১০টা পর্যন্ত পুলিশ সেখানেই ছিল। মোহাম্মদ আলী সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সভাপতি খন্দকার মাহবুব হোসেনের কক্ষে অবস্থান নেন। আজ শেষ খবর পাওয়া পর্যন্ত তিনি সেখানেই অবস্থান করছিলেন।গত মঙ্গলবার সংবিধান নিয়ে ইসলামী ঐক্যজোটের একাংশের চেয়ারম্যান ফজলুল হক আমিনীর কটাক্ষপূর্ণ বক্তব্যের অভিযোগে রিটের শুনানিকালে হাইকোর্টের এজলাস কক্ষে হইচই ও বিশৃঙ্খলার ঘটনা ঘটে। ওই রাতেই পুলিশ বাদী হয়ে ১৪ জন আইনজীবীসহ অজ্ঞাতনামা ৩০-৪০ জনের বিরুদ্ধে শাহবাগ থানায় মামলা করে। এরই ধারাবাহিকতায় গতকাল আদালত চত্বরে ডিবি পুলিশের তদন্ত কর্মকর্তাকে মারধরের ঘটনা ঘটে।