আইনজীবীর পোশাক হোক আবহাওয়া উপযোগী
বিচার অঙ্গনে বিচারক ও আইনজীবী এজলাসে তাঁদের নিজ নিজ কর্ম করেন কালো কোট-গাউন পরে। এটা গ্রীষ্ম, বর্ষা কি শীতে আদালতপাড়ায় পরিচিত দৃশ্য। আইন অঙ্গনে নির্ধারিত পোশাক পরার রীতি অনেক পুরোনো, যা যুগে যুগে প্রতিটি রাষ্ট্রেই লক্ষণীয়। আমাদের এই জনপদের বিচারব্যবস্থার অনেকটাই ব্রিটিশদের থেকে ধার করা। সেটা যেমন লর্ড মেকলের দণ্ডবিধির ক্ষেত্রে প্রযোজ্য, আবার সেটা কালো কোট-গাউনের ক্ষেত্রেও প্রযোজ্য। এ পোশাক আমাদের দেশের বিচারক ও আইনজীবীদের জন্য মোটেই আবহাওয়া উপযোগী নয়। এ ধরনের পোশাক বিলেতি আবহাওযায় উপযোগী হলেও আমাদের মতো দেশের যেখানে নয় মাসই গরম আবহাওয়া বিরাজমান, সেখানে মানানসই, আরামদায়ক ও কর্মবান্ধব নয়। একজন আইনজীবীকে চৈত্র, বৈশাখ ও জ্যৈষ্ঠ মাসে বিলেতি সাহেবদের আদলে পোশাক পরে আদালত প্রাঙ্গণে মামলা পরিচালনা করা যে কত কষ্টের, তা মনে হয় সমগ্র দেশের আইনজীবীদেরই জানা। যদিও সবেমাত্র বাংলাদেশের উচ্চ আদালতের এজলাস ও আইনজীবীদের বসার হলরুমগুলো শীতাতপনিয়ন্ত্রিত হয়েছে। কিন্তু গোটা বাংলাদেশের জেলা শহরে অবস্থিত আদালত এবং আইনজীবীদের কক্ষগুলোকে শীতাতপ নিয়ন্ত্রণের আওতায় আনা সম্ভব নয়। তাই সময় এসেছে আবহাওয়া উপযোগী পোশাক নির্ধারণ করার। জেলা শহরের অনেক বিজ্ঞ আইনজীবীকে দেখেছি, যাঁদের কালো কোট রোদে পুড়ে, ঘামে ভিজে বিবর্ণ হতে। আদালত চলমান অবস্থায় বিদ্যুৎবিভ্রাটের কারণে অনেক সময় বিজ্ঞ বিচারকদের কালো কোট-গাউন পরার কারণে অতিমাত্রায় ক্লান্ত হতে দেখা যায়। অনেক ক্ষেত্রে কালো কোট তাঁদের বিচারিক কার্যে বিঘ্ন ঘটায়। তাই আইনজীবী ও বিচারকদের ক্ষেত্রে পোশাক সম্পর্কিত বাধ্যবাধকতার ওপর কালো কোটের ব্যাপারে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে এই একবিংশ শতাব্দীতে নতুন করে ভাবতে হবে। ভারতে আইনজীবীদের জন্য কয়েকটি প্রদেশে গ্রীষ্মকালীন আবহাওয়া উপযোগী পোশাক নির্ধারণ করে আইন পাস করা হয়েছে। সময়ের প্রয়োজনে যদি ১৯০৮ সালের দেওয়ানি কার্যবিধি ও ১৮৯৮ সালের ফৌজদারি কার্যবিধি সংসদে সংশোধন করতে পারে, তবে এ ক্ষেত্রে যাঁরা আইনের শাসন প্রতিষ্ঠায় কাজ করে যাচ্ছেন, তাঁদের জন্য কেন নয়। একজন আইনজীবীকে তাঁর পেশাগত দায়িত্ব পালন করতে গিয়ে রৌদ্রময় ধূলি-ধূসরিত আদালতপাড়ায় সুসজ্জিত পোশাকে দেওয়ানি, ফৌজদারি ও নির্বাহী প্রতিরোধমূলক আদালতে মামলা পরিচালনা করা কতটা বিড়ম্বনার ও কষ্টের, তা যাঁরা ওকালতিতে নিয়োজিত আছেন, সবারই ভালো জানা। জেলা শহরের অনেক আইনজীবী সমিতির বিজ্ঞ সদস্যরা যেখানে অনেক সময় তাঁবুর নিচে বা খোলা আকশের নিচে ভবন সংকটের অভাবে বসেন, সেই পরিস্থিতিতে কালো অনেক ক্ষেত্রেই মড়ার ওপর খাঁড়ার ঘা হয়ে দাঁড়ায়। এ ছাড়া বর্তমান সময়ে বাংলাদেশে অধস্তন আদালতগুলোয় সুপ্রিম কোর্টের আদলে আইনজীবীদের টাইয়ের পরিবর্তে ব্যান্ড (সাদা রং ব্যতীত) ব্যবহারের কথা সংশ্লিষ্ট কর্তৃপক্ষ ভেবে দেখতে পারে। সময়ের চাহিদা আর যুগের প্রয়োজনে অনেক কিছুই পরিবর্তিত হয়। আদালতপাড়ায় এই পরিবর্তন সময়ের দাবি। বর্তমান আবহাওয়া আর যুগের পরিপ্রেক্ষিতে এমন একটা পোশাকের সংস্করণ প্রয়োজন, যাতে বজায় থাকবে আইন পেশার ঐতিহ্য, পরিধানে হবে সহনীয় ও স্বাস্থ্য উপযোগী।লেখক আইনজীবী, জেলাবার সমিতি, কুড়িগ্রাম।