সুপ্রিম কোর্টে অধস্তন আদালত থেকে বিচারক নিয়োগে আনুপাতিক সংখ্যা বৃদ্ধির সুপারিশ করেছে আইন কমিশন। একই সঙ্গে কমিশনের সুপারিশে বলা হয়, আইনজ্ঞ, আইনের অধ্যাপক বা আইনের গবেষকও বিচারপতি নিয়োগের জন্য বিবেচিত হতে পারবেন। এ ক্ষেত্রে তাঁর বয়সের নিম্নসীমা হবে ৪৫ বছর।এত দিন শুধু অধস্তন আদালত ও আইনজীবীদের মধ্য থেকে উচ্চ আদালতে বিচারক নিয়োগ করা হতো।কমিশন ৫ আগস্ট ছয় দফা সুপারিশসহ আইন মন্ত্রণালয়ে প্রতিবেদন পাঠায়। কমিশনের ভারপ্রাপ্ত চেয়ারম্যান অধ্যাপক এম শাহ আলম প্রথম আলোকে বলেন, সুপ্রিম কোর্টের বিচারক পদে নিয়োগে সাংবিধানিক শর্তাবলি ও আইনের দ্বারা নির্ধারিত শর্তাবলি বিষয়ে প্রতিবেদন পাঠানো হয়েছে। এতে নতুন করে আইন প্রণয়নের সুপারিশ করা হয়েছে।উচ্চ আদালতে বিচারক নিয়োগ সম্পর্কে রাজনৈতিক অঙ্গন ও আইনজীবীসহ সংশ্লিষ্টদের মধ্যে কয়েক বছর ধরে বিতর্ক চলে আসছে। দাবি উঠেছে সুস্পষ্ট নীতিমালা প্রণয়নের। গত ৩ জুলাই সুপ্রিম কোর্টের বিচারক নিয়োগে আইন প্রণয়নের প্রস্তাব করেন জাতীয় পার্টির সাংসদ মুজিবুল হক। ওই দিন তিনি ‘সুপিরিয়র জুডিশিয়াল কমিশন বিল, ২০১২’ নামের একটি বেসরকারি বিল সংসদ সচিবালয়ের আইন শাখায় জমা দেন। এর এক মাস পরে আইন কমিশন সুপ্রিম কোর্টে বিচারপতি নিয়োগে সুপারিশমালা তৈরি করে মন্ত্রণালয়ে প্রতিবেদন পাঠায়।যোগাযোগ করা হলে আইনমন্ত্রী শফিক আহমেদ বলেন, ‘বিচারপতি নিয়োগের বিষয়ে আইন কমিশনের প্রতিবেদন পেয়েছি। পরীক্ষা-নিরীক্ষা করে দেখা হচ্ছে। সংবিধানের সঙ্গে সাংঘর্ষিক কোনো বিষয় না থাকলে যতটুকু সম্ভব বিবেচনা করা হবে।’কমিশনের সুপারিশে বলা হয়, সংবিধানের অনুচ্ছেদ ৯৫ (২) (খ)-এর অধীনে বর্তমানে সুপ্রিম কোর্টের বিচারক হিসেবে নিয়োগ লাভের জন্য অধস্তন আদালতে চাকরির অভিজ্ঞতা ১০ বছর বিশেষভাবে বুঝতে ও গণনা করতে হবে। এই ১০ বছর পুরোটাই বিচারকাজে নিয়োজিত অবস্থায় থাকতে হবে, কোনো বিচার বিভাগীয় প্রশাসন যেমন, আইন মন্ত্রণালয় বা অন্য কোনো সরকারি সংস্থায় কর্মের সময় গণনায় আনা যাবে না। ১০ বছরের মধ্যে অবশ্যই ন্যূনতম তিন বছর জেলা জজ বা সমপর্যায়ের বিচারক হিসেবে অভিজ্ঞতাসম্পন্ন হতে হবে।সংবিধানের ৯৫ (২) (ক) উল্লেখ করে দ্বিতীয় সুপারিশে বলা হয়, সুপ্রিম কোর্টের আইনজীবী হিসেবে কর্মকালের ১০ বছরও বিশেষভাবে বুঝতে ও পড়তে হবে। আদালতে ১০ বছরের জন্য নিছক অন্তর্ভুক্তি (এনরোলমেন্ট) যথেষ্ট বিবেচিত হবে না। উল্লেখযোগ্য সংখ্যক মামলা সফলভাবে পরিচালনাসহ তাঁকে নিয়মিত সক্রিয়ভাবে আইন পেশা (প্র্যাকটিস) করতে হবে, যা প্রধান বিচারপতি ও তাঁর সহবিচারপতিরা নির্ধারণ করবেন। এ ছাড়া অন্তত দুই বছর আপিল বিভাগে মামলা পরিচালনার অভিজ্ঞতাও থাকতে হবে।তৃতীয় সুপারিশে সংবিধানের ৯৫ (২) (ক) ও ৯৫ (২) (খ) উল্লেখ করে বলা হয়, এর অধীন আইনজীবী ও বিচারক ছাড়াও ৯৫ (২) (গ) এর অধীন কোনো আইনজ্ঞ (যেমন আইনের অধ্যাপক বা আইনের গবেষক), যাঁর প্রাতিষ্ঠানিক পরিচয় রয়েছে তিনি সুপ্রিম কোর্টের বিচারপতি হিসেবে নিয়োগের জন্য বিবেচিত হতে পারবেন। এ ক্ষেত্রে তাঁর বয়সের নিম্ন সীমা হবে ৪৫ বছর।চতুর্থ সুপারিশে কমিশন বলেছে, সুপ্রিম কোর্টে অধস্তন আদালত থেকে বিচারক নিয়োগের আনুপাতিক সংখ্যা বৃদ্ধি করা প্রয়োজন।সংবিধানের ৯৮ অনুচ্ছেদ উল্লেখ করে পঞ্চম সুপারিশে বলা হয়, এর অধীন হাইকোর্ট বিভাগে অস্থায়ী মেয়াদে অতিরিক্ত বিচারক নিয়োগ এবং হাইকোর্ট বিভাগ থেকে অস্থায়ী মেয়াদে কোনো বিচারকের আপিল বিভাগে আসন গ্রহণের বিধান বোধগম্য কারণে বিচার বিভাগের স্বাধীনতার ধারণার সঙ্গে সংগতিপূর্ণ নয় বিধায় সংবিধান সংশোধনীর মাধ্যমে তা বিলুপ্ত করা প্রয়োজন।ষষ্ঠ সুপারিশে বলা হয়, বিচারক নিয়োগের ক্ষেত্রে রাষ্ট্রপতি কর্তৃক প্রধান বিচারপতির সঙ্গে ‘পরামর্শ’ নিছক আভিধানিক অর্থে নয়, বরং তা সাংবিধানিক ও বিচার বিভাগীয় ধ্যান-ধারণায় বিশেষ অর্থে পড়তে ও বুঝতে হবে। যার ফলে ‘পরামর্শ’ হয়ে উঠতে পারে অর্থবহ ও কার্যকর। এ জন্য রাষ্ট্রপতি কর্তৃক প্রধান বিচারপতির পরামর্শ চাওয়া এবং প্রধান বিচারপতির পরামর্শ প্রদান প্রক্রিয়া হতে হবে স্বচ্ছ ও লিখিতভাবে।কমিশনের প্রতিবেদনের ভূমিকায় বলা হয়, সংবিধানে বিচারক নিয়োগে কিছু সুনির্দিষ্ট শর্তাবলির উল্লেখ ছাড়াও আইনের দ্বারা শর্তাবলি নির্ধারণের (৯৫/২/গ) ব্যবস্থা রয়েছে। কিন্তু বিগত ৪০ বছরে এই উপ-অনুচ্ছেদের অধীনে কোনো আইন প্রণয়ন করা হয়নি।