আইনত হোসনে আরাই অধ্যক্ষ: শিক্ষামন্ত্রী
শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ বলেছেন, আইনগতভাবে হোসনে আরা বেগম এখনো ভিকারুননিসা নূন স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ। তিনি বলেন, ভিকারুননিসার ব্যাপারে তিন সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়েছে। তদন্তের পর এ ব্যাপারে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে।আজ বৃহস্পতিবার সচিবালয়ে নিজ কার্যালয়ে শিক্ষামন্ত্রী সাংবাদিকদের এসব কথা বলেন।শিক্ষামন্ত্রী বলেন, পরিচালনা পর্ষদের ওই সভায় আইনগতভাবে আম্বিয়া খাতুনকে ভারপ্রাপ্ত অধ্যক্ষের দায়িত্ব দেওয়া হয়নি। কারণ পর্ষদের ১১ জন সদস্যের মধ্যে চার-পাঁচজন সদস্য ওই সিদ্ধান্ত নিয়েছেন। কিন্তু কোনো সিদ্ধান্ত অনুমোদনের জন্য কমপক্ষে ছয়জন সদস্যের সমর্থন প্রয়োজন।নুরুল ইসলাম নাহিদ আরও বলেন, গতকাল শিক্ষাপ্রতিষ্ঠানগুলোতে শোক কর্মসূচি পালনের দিনেও আম্বিয়া খাতুনকে কেক কেটে স্বাগত জানানোর ঘটনার মধ্য দিয়ে এটাই প্রমাণিত হয় যে ভিকারুননিসা স্কুলের ঘটনার পেছনে কারও না কারও ইন্ধন রয়েছে।প্রসঙ্গত, গত মঙ্গলবার রাতে কলেজ পরিচালনা পর্ষদের পাঁচজন সদস্য এক সভায় মিলিত হয়ে অধ্যক্ষ হোসনে আরা বেগমকে অপসারণ করেন। ভিকারুনিনসার শিক্ষক আম্বিয়া খাতুনকে ভারপ্রাপ্ত অধ্যক্ষের দায়িত্ব দেওয়া হয়। এর কয়েক ঘণ্টা পরই ঢাকা শিক্ষা বোর্ড ওই পর্ষদ ভেঙে দেয়। ইউএনবি।