সাংসদদের আইনপ্রণেতা বলা হলেও আইন প্রণয়নে তাঁদের আগ্রহ বা ভূমিকা কম। বর্তমান সংসদে ৩৪৫ জন সদস্য। তাঁদের মধ্যে বড়জোর ২০-৩০ জন সাংসদ আইন প্রণয়নসংক্রান্ত বিলের ব্যাপারে নোটিশ দেন। অন্যদের এ ব্যাপারে কোনো উৎসাহ নেই। তাঁরা শুধু বিল পাসের সময় ‘হ্যাঁ’ বা ‘না’ বলে দায়িত্ব শেষ করেন। সংসদের প্রতিদিনের কার্যপ্রবাহ ও বুলেটিন থেকে এ তথ্য জানা গেছে।তবে বিরোধীদলীয় সদস্যদের কেউ কেউ উল্লেখযোগ্যসংখ্যক নোটিশ দিলেও তাঁরা সংসদে উপস্থিত থাকেন কম। তাই তাঁদের নোটিশও উত্থাপিত হয় না। আর দলীয় নির্দেশনার বাইরে সরকারি দলের সদস্যদের নোটিশ দেওয়াকে নিরুৎসাহিত করা হয়। কেউ নোটিশ দিলেও তাঁদের চিফ হুইপের ভর্ৎসনা শুনতে হয়। ফলে কোনো বিতর্ক ছাড়াই শুধু সরকারি দলের সদস্যদের ‘হ্যাঁ’ শব্দ উচ্চারণের মধ্য দিয়ে বর্তমান সংসদে অন্তত ৪০টি বিল পাস হয়েছে। এসব বিল পাস হতে সময় লেগেছে দেড় থেকে পাঁচ মিনিট। কোনো নোটিশই উত্থাপিত হয়নি।সংসদের স্পিকার আবদুল হামিদের বক্তব্যেও তা স্পষ্ট। তিনি বলেন, ‘আসলেই আইন প্রণয়নের বিষয়ে অধিকাংশ সাংসদের আগ্রহ কম। তাঁরা বিল পড়েও দেখেন না। এ বিষয়ে তাঁদের জানার আগ্রহও কম। বরং তাঁরা স্থানীয় উন্নয়ন নিয়ে বেশি ভাবেন। দেশের জনগণও তা-ই চায়। আমি নিজেও যখন শুধুই সাংসদ ছিলাম, বিল নিয়ে ভাবতাম না।’তবে আইন প্রণয়নে সাংসদদের কম অংশগ্রহণের বিষয়টি উদ্বিগ্ন হওয়ার মতো নয় বলে মনে করেন স্পিকার। তিনি বলেন, একটি বিল মন্ত্রণালয়, মন্ত্রিপরিষদ বিভাগ এবং সংসদীয় কমিটি দেখার পর এতে সাধারণত করণিক ভুল ছাড়া অন্য কোনো ভুল থাকে না, যে কারণে সরকারি বা বিরোধী দলের সাংসদদের কোনো নোটিশ দেওয়ার প্রয়োজন হয় না।‘হ্যাঁ’ বা ‘না’ বলে দায়িত্ব শেষ: সংসদের কার্যপ্রণালি বিধি অনুযায়ী মন্ত্রীরা সংসদে বিল উত্থাপন করেন। এরপর মন্ত্রী ইচ্ছা করলে সেই বিল জনমত যাচাই বা পরীক্ষা-নিরীক্ষার জন্য সংসদীয় কমিটিতে পাঠানোর প্রস্তাব করতে পারেন। কিন্তু সাধারণত মন্ত্রী জনমত যাচাই বা বাছাই কমিটিতে পাঠানোর প্রস্তাব করেন না। তবে কমিটিতে পাঠিয়ে থাকেন। সেখান থেকে সংসদে ফিরে আসার পর সাংসদেরা বিলটির ব্যাপারে জনমত যাচাই-বাছাই কমিটিতে পাঠানো এবং সংশোধনী প্রস্তাব আনতে পারবেন। কিন্তু সাংসদেরা তা করেন না।সংসদের কার্যপ্রবাহ পর্যালোচনা করে দেখা যায়, বর্তমান সংসদের ২০ মাসে মোট ১১৩টি বিল পাস হয়েছে। প্রথম অধিবেশনে ৩২টি, দ্বিতীয় অধিবেশনে ২৩, তৃতীয় অধিবেশনে ১১, চতুর্থ অধিবেশনে ২৩ ও পঞ্চম অধিবেশনে ২৪টি বিল পাস হয়েছে। এসব বিলের ব্যাপারে বিরোধী দলের কয়েকজন সদস্য প্রায় এক হাজার নোটিশ দিয়েছেন। স্বতন্ত্র সদস্য ফজলুল আজিম একাই দিয়েছেন দুই শতাধিক নোটিশ। বিপরীতে সরকারি দলের সদস্যদের নোটিশের সংখ্যা ২৫ থেকে ৩০। তবে মাঝেমধ্যে সরকারি ও বিরোধী দলের জ্যেষ্ঠ সদস্য তোফায়েল আহমেদ, সুরঞ্জিত সেনগুপ্ত, চিফ হুইপ আব্দুস শহীদ, মওদুদ আহমদ, এম কে আনোয়ার, সালাউদ্দিন কাদের চৌধুরী ও বিরোধীদলীয় চিফ হুইপ জয়নুল আবদিন ফারুকসহ আরও দু-চারজন বিলের ওপর অনির্ধারিত আলোচনা করেছেন।দেড় থেকে পাঁচ মিনিটে বিল পাস: বর্তমান সংসদের কার্যপ্রবাহ থেকে জানা গেছে, যথাযথ বিতর্ক এবং কখনো কখনো কোনো রকম বিতর্ক ছাড়াই বেশির ভাগ বিল পাস হয়েছে। এর কারণ বিরোধী দলের অনুপস্থিতি। হিসাব করে দেখা গেছে, বর্তমান সংসদের ১৫৮ কার্যদিবসের মধ্যে বিরোধী দল উপস্থিত ছিল ৪৪ দিন। এ সময়ের মধ্যে ১১৩টি বিল পাস হলেও বিরোধী দল ৩৯টি বিল পাস হওয়ার সময় সংসদে উপস্থিত ছিল। অন্য ৩৪টি বিল পাস হয়েছে সরকারি দল ও একমাত্র স্বতন্ত্র সদস্য ফজলুল আজিমের উত্থাপিত নোটিশের ভিত্তিতে, যে কারণে এসব বিলের ক্ষেত্রে বিএনপির নোটিশ থাকলেও উত্থাপিত হয়নি। আবার এমনও দেখা গেছে, দল সংসদে থাকলেও নোটিশদাতা অনুপস্থিত। সব মিলিয়ে দেখা গেছে, বিরোধী দলের জমা দেওয়া নোটিশের ৯০ শতাংশই উত্থাপিত হয়নি নোটিশদাতার অনুপস্থিতির কারণে।কার্যপ্রবাহ থেকে জানা গেছে, ২০০৯ সালের ৮ জুলাই (দ্বিতীয় অধিবেশন) মাত্র ২২ মিনিটে সাতটি বিল পাস হয়েছে। বিলগুলো হলো, ইসলামী বিশ্ববিদ্যালয়, জাতীয় বিশ্ববিদ্যালয়, উন্মুক্ত বিশ্ববিদ্যালয়, শেরেবাংলা বিশ্ববিদ্যালয়, জগন্নাথ বিশ্ববিদ্যালয়, জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয় ও সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়সংক্রান্ত। এর মধ্যে সিলেট কৃষি বিশ্ববিদ্যালয় (সংশোধন) বিলটি পাস হয়েছে মাত্র দেড় মিনিটে। পঞ্চম অধিবেশনে স্ট্যাম্প (সংশোধন), ইনকাম ট্যাক্স (সংশোধন) ও ক্যাডার-বহির্ভূত প্রথম ও দ্বিতীয় শ্রেণীর গেজেটেড কর্মকর্তা (শুল্ক, আবগারি ও ভ্যাট) নিয়োগ ও কর্মের শর্তাবলি (সংশোধন)—এই তিনটি বিল পাস হতে সময় লেগেছে মাত্র ১০ মিনিট। সংশ্লিষ্ট কর্মকর্তাদের মতে, আরও বেশ কয়েকটি বিল দেড়-দুই মিনিটে পাস হয়েছে।প্রধান বিরোধী দল না থাকায় ২০টির মতো বিলে একমাত্র স্বতন্ত্র সদস্য ফজলুল আজিমের নোটিশ উত্থাপিত হয়েছে। তা না হলে এসব বিলও দু-চার মিনিটে পাস হয়ে যেত।আইন মন্ত্রণালয়-সম্পর্কিত সংসদীয় কমিটির সভাপতি সুরঞ্জিত সেনগুপ্ত বলেন, গণতন্ত্রে বিরোধী দলের দায়িত্ব হলো পাহারা দেওয়া। সংসদেও তাদের একই দায়িত্ব পালন করতে হয়। বিরোধী দল সংসদে না থাকলে প্রকৃত অর্থে ক্ষতিগ্রস্ত হয় সরকারি দল। এতে সরকারি দল খেয়াল-খুশিমতো কাজ করার সুযোগ পায়। ফলে আইনগুলো খুবই দুর্বলভাবে পাস হয়। বিরোধী দল থাকলে ত্রুটিপূর্ণভাবে বিল পাস হওয়ার সুযোগ কম থাকে।বিএনপির স্থায়ী কমিটির সদস্য এম কে আনোয়ার প্রথম আলোকে বলেন, ‘বিলের ব্যাপারে নোটিশ দেওয়া বড় ধরনের কোনো কঠিন কাজ নয়। তা সত্ত্বেও এ বিষয়ে নোটিশ দেওয়ার সংস্কৃতি আমাদের এখানে তৈরি হয়নি। সুযোগ থাকলেও সরকারি দলের সাংসদেরা সচরাচর সরকারি সিদ্ধান্তের বাইরে নোটিশ দেন না। আর বিরোধী দল উল্লেখযোগ্যসংখ্যক নোটিশ দিলেও সংসদে কম উপস্থিতি থাকায় তাদের অধিকাংশ নোটিশ উত্থাপিত হয় না। আবার সংসদে থাকলেও তাদের কথা বলার সুযোগ দেওয়া হয় না, যে কারণে অধিকাংশ বিল খুবই স্বল্প সময়ের মধ্যে পাস হয়ে যায়।’বিল পাসের ক্ষেত্রে উল্টো চিত্রও আছে। বিরোধী দলের উপস্থিতিতে বিল পাসের সময় তুমুল বিতর্কের কারণে সংসদ ছিল প্রাণবন্ত। এ ক্ষেত্রে প্রতিটি বিল পাস হতে সময় লেগেছে ৩০ মিনিট, আবার কখনো এক ঘণ্টারও বেশি। এসব বিলে বিরোধী দলের সদস্যদের সংশোধনী প্রস্তাব গ্রহণের নজিরও রয়েছে। সবচেয়ে বেশি প্রস্তাব গ্রহণ হয়েছে ফজলুল আজিমের। এর বাইরে বিএনপির জাফরুল ইসলাম চৌধুরীর একাধিক এবং রাশেদা বেগম ও জামায়াতের হামিদুর রহমান আযাদের সংশোধনী প্রস্তাব গৃহীত হয়েছে।সংসদীয় দলের নিয়ন্ত্রণ: আইন প্রণয়নের ব্যাপারে সরকারি দলের সাংসদদের নিষ্ক্রিয়তার কারণে দলের নিয়ন্ত্রণমূলক মনোভাব দায়ী বলে সংশ্লিষ্ট ব্যক্তিরা মনে করেন। জানা গেছে, দল থেকে ব্যক্তিগত উদ্যোগে নোটিশ দেওয়াকে নিরুৎসাহিত করা হয়। কেউ দলীয় নির্দেশনা বা চিফ হুইপের পরামর্শ ছাড়া নোটিশ দিলে তিরস্কার করা হয়। তার পরও বেশ কয়েকজন সাংসদ দলীয় নির্দেশনার বাইরে উত্থাপিত বিলের ওপর সংশোধনী প্রস্তাব দিয়েছেন।গত অধিবেশনে সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী রফিকুল ইসলাম ন্যাশনাল অ্যানথেম বিলের ওপর সংশোধনী নোটিশ দিয়েছিলেন। কিন্তু শেষ পর্যন্ত নোটিশ উত্থাপনের সময় তিনি সংসদে উপস্থিত ছিলেন না। জানা গেছে, চিফ হুইপের অনুরোধে ওই সময় তিনি আসন ছেড়ে বাইরে বসে ছিলেন। দলীয় নির্দেশনার বাইরে নোটিশ দেওয়ায় জাসদের একজন এবং জাতীয় পার্টির একজন নারী সাংসদকে দলের ভর্ৎসনা হজম করতে হয়েছে। বিমা বিলের ওপর নোটিশ দিয়ে বিব্রতকর অবস্থায় পড়েছিলেন আবদুল মতিন খসরু। শেষ পর্যন্ত তিনি মন্ত্রণালয়ের প্রস্তাবিত দফার সঙ্গে সামঞ্জস্যপূর্ণ দফাগুলো উত্থাপন করেন। বাকিগুলো উত্থাপন করেননি। এ বিষয়ে স্বতন্ত্র সদস্য ফজলুল আজিম বলেন, ‘রফিকুল ইসলাম সাহেব স্বপ্রণোদিত হয়েই নোটিশ দিয়েছিলেন। পরে দেখলাম তিনি আসনে নেই। শুনেছি, দল থেকে আপত্তি ওঠায় তিনি ওই সময়ে লাউঞ্জে গিয়ে বসে ছিলেন।’সূত্র জানিয়েছে, সরকারি বিলে বড় ধরনের কোনো অসংগতি পরিলক্ষিত হলে শুধু তখনই বোঝাপড়ার মাধ্যমে নির্দিষ্ট কয়েকজন দলীয় সদস্যকে দিয়ে নোটিশ দেওয়া হয়, যে কারণে ফজলে রাব্বি মিয়া, আ ক ম মোজাম্মেল হক, আবদুল মতিন খসরুসহ আরও দু-একজনকে বেশি নোটিশ দিতে দেখা যায়।সংশ্লিষ্ট ব্যক্তিদের মতে, সংবিধানের ৭০ অনুচ্ছেদ অনুযায়ী দলের বিপক্ষে ভোট দিলে সদস্যপদ বাতিল হয়ে যাবে। কিন্তু এর সঙ্গে বিলসংক্রান্ত নোটিশের কোনো সম্পর্ক না থাকলেও অনেকেই মনে করেন, ব্যক্তিগত উদ্যোগে বিলের ব্যাপারে নোটিশ দিলে তা যেকোনো সময় দলের বিপক্ষে ভোট হিসেবে গণ্য হতে পারে। এ আশঙ্কায় সদস্যরা সচরাচর দলীয় নির্দেশনার বাইরে নোটিশ দেন না।বিরোধীদলীয় চিফ হুইপ জয়নুল আবদিন ফারুক বলেন, বর্তমান সাংসদদের উল্লেখযোগ্য অংশ নতুন। নোটিশ কীভাবে দিতে হবে, সে বিষয়ে তাঁদের ধারণা কম। তাঁদের দক্ষ করে তোলার জন্য সংসদ থেকে কোনো প্রশিক্ষণের ব্যবস্থা করা হয়নি, যে কারণে নতুনেরা নোটিশের ব্যাপারে আগ্রহী নন।চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের লোকপ্রশাসন বিভাগের অধ্যাপক ও সংসদের কার্যপ্রণালি বিধি বিশেষজ্ঞ নিজামউদ্দিন আহমদ বলেন, ‘উন্নত গণতন্ত্রচর্চা যেসব দেশে আছে, সেখানে বিলের ওপর সরকারি ও বিরোধী দল—উভয়ই আলোচনা করে থাকে। এ ক্ষেত্রে আইনগত কোনো বাধা নেই। কিন্তু আমাদের দেশে রাজনৈতিক কারণে সরকারি সদস্যদের নোটিশ দেওয়াকে নিরুৎসাহিত করা হয়। আবার বিরোধী দলও সংসদে থাকে না, যে কারণে বিলগুলো অস্বাভাবিক দ্রুত পাস হয়ে যায়। কিন্তু সংসদকে কার্যকর করতে হলে আইন প্রণয়নের ক্ষেত্রে সাংসদদের আরও সম্পৃক্ত করতে হবে।’