আইনপ্রণেতারা পেলেন স্থানীয় উন্নয়নের দায়িত্ব

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আইন প্রণয়ন করা সাংসদদের প্রধান কাজ হলেও তাঁদের দায়িত্ব দেওয়া হলো স্থানীয় উন্নয়নের। পাঁচ বছরের জন্য প্রত্যেক সাংসদকে গড়ে ১৫ কোটি টাকা করে বরাদ্দ দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে সরকার। নিজ নিজ এলাকার উন্নয়নে তাঁরা এ টাকা খরচ করবেন। সরকার বলছে, থোক বরাদ্দ হিসেবে কোনো টাকা দেওয়া হবে না, টাকা দেওয়া হবে প্রকল্পের বিপরীতে।সরকারের পরিকল্পনা অনুযায়ী আওয়ামী লীগ, বিএনপি, জাতীয় পার্টি, জামায়াতে ইসলামীসহ সব দল এবং নির্দলীয় সাংসদ সমপরিমাণ টাকা বরাদ্দ পাবেন। সংরক্ষিত আসনের নারী সাংসদেরা আপাতত কোনো বরাদ্দ পাচ্ছেন না। সিটি করপোরেশন থেকে নির্বাচিত সাংসদদেরও এ প্রকল্পের বাইরে রাখা হয়েছে।সংবিধানের ৬৫ অনুচ্ছেদে বলা আছে, সাংসদদের দায়িত্ব আইন প্রণয়ন করা। আবার ৫৯ অনুচ্ছেদ অনুযায়ী, স্থানীয় উন্নয়ন স্থানীয় সরকারের দায়িত্ব। স্থানীয় সরকার বিশেষজ্ঞরা মনে করছেন, সরকারের এই সিদ্ধান্ত দুর্বল উপজেলা পরিষদকে আরও দুর্বল করবে।দেশের ৩০০ নির্বাচিত সাংসদকে দেওয়া হবে মোট চার হাজার ৬৯১ কোটি টাকা। পুরো টাকা ব্যয় হবে সরকারি কোষাগার থেকেই। পাঁচ বছরের মধ্যে চলতি অর্থবছর এবং শেষ অর্থবছরের জন্য রাখা হয়েছে ৫০০ কোটি টাকা। আর চার হাজার কোটিরও বেশি পরিমাণ টাকা রাখা হয়েছে মাঝখানের তিন অর্থবছরের জন্য।পরিকল্পনামন্ত্রী এ কে খন্দকার সাংবাদিকদের এসব তথ্য জানিয়ে বলেন, উন্নয়নমূলক কাজে সাংসদেরা নিজেদের নির্বাচনী এলাকার জন্য যেসব প্রকল্প প্রস্তাব জমা দিয়েছেন, সেগুলোর বিপরীতেই টাকা বরাদ্দ দেওয়া হবে, অন্য কিছুর বিপরীতে নয়। আর অন্য প্রকল্পগুলো যেভাবে বাস্তবায়িত হয়, এগুলোও সেভাবেই হবে। সুতরাং দুর্নীতির কোনো সুযোগ থাকবে না।গতকাল মঙ্গলবার শেরেবাংলা নগরের এনইসি সম্মেলন কক্ষে জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির (একনেক) সভায় সাংসদদের জন্য ২০১৪ সালের জুন পর্যন্ত ১৫ কোটি টাকা করে ব্যয়ের একটি প্রকল্প অনুমোদন দেওয়া হয়েছে বলে জানান পরিকল্পনামন্ত্রী।এ কে খন্দকার বলেন, অর্থ বরাদ্দ দেওয়া হবে স্থানীয় সরকার বিভাগের ‘অগ্রাধিকার ভিত্তিতে গুরুত্বপূর্ণ পল্লি অবকাঠামো উন্নয়ন প্রকল্পের’ আওতায়। আর প্রকল্প বাস্তবায়নকারী সংস্থা হচ্ছে স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর (এলজিইডি)।বৈঠক শেষে পরিকল্পনামন্ত্রী সাংবাদিকদের কাছে প্রকল্পটির বিভিন্ন দিক তুলে ধরেন। পরিকল্পনাসচিব হাবিব উল্লাহ মজুমদার এ সময় উপস্থিত ছিলেন।পরিকল্পনামন্ত্রী জানান, সাংসদদের নির্বাচনী এলাকায় রাস্তাঘাট করা, উপজেলা, ইউনিয়ন ও গ্রামীণ সড়ক উন্নয়ন, সেতু ও কালভার্ট নির্মাণ, বাঁধ প্রশস্ত করা, হাটবাজার উন্নয়ন এবং বৃক্ষরোপণ হবে এ প্রকল্পের মূল কাজ।এ কে খন্দকার জানান, নির্বাচিত সাংসদদের জন্যই এ প্রকল্পটি অনুমোদন দেওয়া হয়েছে। যাঁরা নির্বাচিত হন, নিশ্চয়ই তাঁদের পক্ষে জনসমর্থন রয়েছে। এলাকার উন্নয়নের জন্যই কাজ করেন তাঁরা। এলাকার উন্নয়নসংবলিত অনেক প্রকল্প প্রস্তাব তাঁরা পরিকল্পনা মন্ত্রণালয়ে জমা দিয়েছেন। প্রক্রিয়াটি চলছে এক বছর ধরেই। নিখুঁতভাবে পরীক্ষা-নিরীক্ষা করার পর তবেই পাঠানো হয়েছে একনেকে।পরিকল্পনামন্ত্রী বলেন, প্রকল্পটির প্রকল্প এলাকা দেশব্যাপী ৬৪ জেলা। এর মেয়াদকাল ২০০৯ সালের জুলাই থেকে ২০১৪ সালের জুন পর্যন্ত। এর মধ্যে আবার আট মাস পার হয়ে গেছে। একনেকের বৈঠকে এ প্রকল্পটিকে সত্যিকারের প্রয়োজনীয় প্রকল্প হিসেবে আখ্যা দেওয়া হয়েছে।পরিকল্পনা কমিশন সূত্রে জানা গেছে, পাঁচ বছরের মধ্যে চলতি ২০০৯-১০ অর্থবছরের জন্যই সবচেয়ে কম, অর্থাত্ ১৫৪ কোটি ৪৭ লাখ টাকা বরাদ্দ রাখা হয়েছে। ২০১০-১১ অর্থবছরে এক হাজার ৩৭৫ কোটি ৫৪ লাখ টাকা, ২০১১-১২ অর্থবছরে এক হাজার ৪০৫ কোটি ৫১ লাখ টাকা, ২০১২-১৩ অর্থবছরে এক হাজার ৪০৫ কোটি ৩৫ লাখ টাকা এবং শেষ ২০১৩-১৪ অর্থবছরের জন্য ৩৫০ কোটি ২৩ লাখ টাকা।পরিকল্পনামন্ত্রী সংরক্ষিত কোটায় মনোনীত নারী সাংসদদের কোনো অর্থ বরাদ্দ না দেওয়ার কথা জানালেও পরিকল্পনা কমিশনের শীর্ষ পর্যায়ের একটি সূত্র জানায়, প্রাথমিকভাবে ৩০০ সাংসদের জন্যই চিন্তা করা হয়েছিল। পরে নারী সাংসদদেরও এ প্রকল্পের আওতায় আনা হবে। তবে তাঁদের জন্য টাকার পরিমাণ ন্যূনতম। আর সিটি করপোরেশনের মধ্যেও যেসব নির্বাচনী আসন গ্রামীণ প্রান্তসীমায় রয়েছে বা গ্রামীণ উন্নয়নের ব্যাপার রয়েছে, সেগুলোর ক্ষেত্রেও বরাদ্দ থাকছে।বড় তহবিল আসছে কোত্থেকে: যোগাযোগ করা হলে সাবেক তত্ত্বাবধায়ক সরকারের উপদেষ্টা এম হাফিজ উদ্দিন খান প্রথম আলোকে বলেন, এত বড় তহবিল আসছে কোত্থেকে। যদি স্থানীয় সরকার বিভাগ থেকে আসে, তাহলে তো ওই বিভাগের তহবিল কমে যাবে। বিষয়টি গুরুত্বের সঙ্গে ভাবা উচিত ছিল সরকারের।ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল, বাংলাদেশের (টিআইবি) ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যান হাফিজ উদ্দিন খান আরও বলেন, স্থানীয় সরকারের কাজ দেওয়া হচ্ছে সাংসদদের। বিষয়টি শুধু অস্বস্তিকর নয়, অসাংবিধানিকও। তা ছাড়া উপজেলা চেয়ারম্যানদের সঙ্গে সাংসদদের যে দ্বন্দ্ব লেগে আছে, এই সিদ্ধান্তে সেটি খারাপ থেকে খারাপতর হবে। তিনি বলেন, উন্নয়নের জন্য স্থানীয় সরকারই শক্তিশালী হওয়া দরকার। আওয়ামী লীগ নিজেও বহুবার বলেছে এ কথা। অথচ স্থানীয় সরকারকে দুর্বল ও সংকুচিত করে, এমন সিদ্ধান্তই নিল সরকার।রংপুরের বদরগঞ্জ উপজেলার চেয়ারম্যান বিশ্বনাথ সরকার প্রথম আলোকে বলেন, উন্নয়ন করতে গেলে স্থানীয় সরকারকে শক্তিশালী করার বিকল্প নেই। আর উপজেলা চেয়ারম্যানরাই জনগণের সঙ্গে বেশি সম্পৃক্ত। অথচ সব ধরনের উন্নয়ন কর্মকাণ্ড থেকে তাঁদের দূরে রাখা হচ্ছে।প্রতিবেশী ভারতে মেম্বার অব পার্লামেন্ট লেজিসলেটিভ এরিয়া ডেভেলপমেন্ট (এমপিএলএডি) নামে একটি প্রকল্প আছে। সাংসদদের জন্য এতে বছরে দুই কোটি রুপি বরাদ্দ রাখা হয়। তবে অর্থ ব্যবহারের বিষয়টি অনুমোদন করেন জেলা ম্যাজিস্ট্রেট। এ প্রকল্প সাংসদদের দুর্নীতির সুযোগ করে দেওয়ায় ভারতের সাবেক প্রধানমন্ত্রী ভিপি সিং এর বিরোধিতা করেছিলেন। ভারতের সাবেক প্রধান বিচারপতি ভেনকেটাচালিয়ার নেতৃত্বে গঠিত সংবিধান পর্যালোচনা কমিটিও এমন প্রকল্প বাতিলের পক্ষে সুপারিশ করেছিল।গত জোট সরকারের আমলে একটি প্রজ্ঞাপনের মাধ্যমে ‘জেলা মন্ত্রী পদ’ সৃষ্টির ফলে সাংসদ হিসেবে আনোয়ার হোসেন মঞ্জু নিজ এলাকার আইনশৃঙ্খলা রক্ষা ও উন্নয়নে ভূমিকা রাখতে পারছেন না, এমন অভিযোগে ২০০৩ সালে হাইকোর্টে একটি রিট করেন। ২০০৬ সালে বিচারপতি এ বি এম খায়রুল হক ও বিচারপতি এ টি এম ফজলে কবীর এক রায়ে সুস্পষ্টভাবে বলেন, ‘সাংসদদের জেলা বা অন্যান্য প্রশাসনিক একাংশে উন্নয়ন বা আইনশৃঙ্খলা রক্ষার ক্ষেত্রে কোনো ভূমিকা ও দায়িত্ব নেই।’ প্রধানমন্ত্রী ও একনেক চেয়ারপারসন শেখ হাসিনার সভাপতিত্বে গতকালের বৈঠকে মন্ত্রী এবং প্রধানমন্ত্রীর উপদেষ্টা, মুখ্যসচিব, সচিব ও পরিকল্পনা কমিশনের সদস্যরা উপস্থিত ছিলেন।একনেকে গতকাল এটিসহ মোট ১০টি প্রকল্পের অনুমোদন দেওয়া হয়েছে। এতে মোট ব্যয় হবে সাত হাজার ৮৪৪ কোটি টাকা। যার মধ্যে এক হাজার ৩৬৪ কোটি টাকা প্রকল্প সাহায্য। বাকি টাকার সংস্থান হবে সরকারি কোষাগার থেকে।