আইনমন্ত্রীকে মুখ সামলে কথা বলার হুঁশিয়ারি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আইনমন্ত্রী শফিক আহমেদের পদত্যাগ দাবি করেছেন ধর্মভিত্তিক রাজনৈতিক দলের নেতারা। তাঁরা এই মন্ত্রীকে মুখ সামলে কথা বলার জন্য হুঁশিয়ার করে দিয়েছেন। আজ শুক্রবার জুমার নামাজের পরে বায়তুল মোকাররম মসজিদের উত্তর গেটে এক বিক্ষোভ সমাবেশে তাঁরা এ হুঁশিয়ারি দেন। সমাবেশে ইসলামী ঐক্যজোটের নেতা মহিউদ্দিন রব্বানী আইনমন্ত্রীকে হুঁশিয়ার করে বলেন, আইনমন্ত্রী মুখ সামলে কথা বলবেন। তিনি আইনমন্ত্রীর পদত্যাগ দাবি করেন। জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য রফিকুল ইসলাম খান বলেন, আইনমন্ত্রী ধর্মভিত্তিক রাজনীতি নিষিদ্ধ করার চেষ্টা করলে দেশের মানুষ রক্ত ও জীবন দিয়ে তা প্রতিহত করবে। সরকার যদি সংবিধানের পঞ্চম সংশোধনী বাতিলের নামে বাহাত্তরের সংবিধানের পুনঃ প্রবর্তনের ষড়যন্ত্র করে, তাহলে দেশবাসী তা প্রতিহত করবে। খেলাফত আন্দোলনের মহাসচিব জাফরুল্লাহ খান বলেন, এ দেশে যত দিন পর্যন্ত মুসলমান থাকবে, তত দিন ইসলামের নামে রাজনীতি থাকবে। কেউ তা বন্ধ করতে পারবে না। সমাবেশে ধর্মভিত্তিক বিভিন্ন রাজনৈতিক দল অংশ নিলেও এর আয়োজক ছিল মূলত জামায়াতে ইসলামী ঢাকা মহানগর শাখার নেতা-কর্মীরা। সমাবেশ শেষে দলের নেতা-কর্মীরা বিক্ষোভ মিছিল করে এবং সরকার, প্রধানমন্ত্রী ও আইনমন্ত্রীর বিরুদ্ধে স্লোগান দেয়।