কুমিল্লা জেলার আইনশৃঙ্খলা কমিটির সভায় সাংসদ, উপজেলা পরিষদ চেয়ারম্যান ও পৌর মেয়রদের উপস্থিতির হার হতাশাব্যঞ্জক। মহাজোট সরকার ক্ষমতায় আসার পর বর্তমান কমিটির অধীনে গত দুই বছরে ২০টি সভা হয়। কিন্তু কোনো সভাতেই সব জনপ্রতিনিধির অংশগ্রহণ নিশ্চিত করা যায়নি। বরং বেশির ভাগ জনপ্রতিনিধিই অধিকাংশ সভায় অনুপস্থিত ছিলেন।জেলায় ১১টি আসনে নির্বাচিত সাংসদ এবং দুটি সংরক্ষিত আসনের সাংসদ রয়েছেন। আইন অনুযায়ী তাঁরা সবাই এই কমিটির উপদেষ্টা হিসেবে দায়িত্বপ্রাপ্ত। এ ছাড়া ১৬টি উপজেলা পরিষদের চেয়ারম্যান এবং পাঁচটি পৌরসভার নির্বাচিত মেয়ররা কমিটির সদস্য। তাই কমিটির সভায় তাঁদের অংশগ্রহণ বাধ্যতামূলক।জেলা প্রশাসন আয়োজিত বিভিন্ন সভাসংশ্লিষ্ট তথ্য সংরক্ষণ শাখা হলো জেলার জুডিশিয়াল মুন্সিখানা। সেখানকার নথিপত্র অনুযায়ী, চলতি বছর কোনো সাংসদ একটি সভায়ও যোগ দেননি। এ ছাড়া সার্বিকভাবে গত দুই বছরে জেলার ছয়টি আসনের সাংসদ, তিনজন পৌর মেয়র ও একজন উপজেলা পরিষদের চেয়ারম্যান একটি সভায়ও যোগ দেননি।জানা গেছে, ২০০৯ সালের ৩ মার্চ স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের রাজনৈতিক শাখা-২-এর এক আদেশে বলা হয়, ‘জেলার সকল সংসদ সদস্য এ কমিটির (আইনশৃঙ্খলা) উপদেষ্টা হিসেবে কাজ করিবেন। সভার কার্যবিবরণী তাঁহাদিগকে নিয়মিত সরবরাহ করিতে হইবে। পৃথক নোটিশের মাধ্যমে তাঁহাদিগকে সভায় উপস্থিত হওয়ার জন্য অনুরোধ করিতে হইবে।’এ ব্যাপারে কমিটির সদস্যসচিব ও কুমিল্লার অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট সাঈদ মাহবুব খান বলেন, ‘সভায় জনপ্রতিনিধিদের উপস্থিতির হার কম দেখা যাচ্ছে।’জেলা আইনশৃঙ্খলা কমিটির সভাপতি ও কুমিল্লা জেলা প্রশাসক মো. রেজাউল আহসান প্রথম আলোকে বলেন, ‘সাংসদেরা সভায় উপস্থিত থাকলে সভাটি বেশ প্রাণবন্ত হয়। তাঁদের এলাকার আইনশৃঙ্খলা পরিস্থিতি সম্পর্কে জানা যায়। তাঁদের কার্যকরী ভূমিকা থাকলে আইনপ্রয়োগকারী সংস্থা এ ক্ষেত্রে আরও তৎপর হতে পারে। আমরা তাঁদের কাছে সভার কার্যবিবরণী পাঠিয়ে থাকি।’বেসরকারি সংস্থা (এনজিও) মানবাধিকার বাস্তবায়ন সংস্থা কুমিল্লার সভাপতি নাজমুল আলম চৌধুরী বলেন, ‘কোনো জনপ্রতিনিধি যদি মনে করেন তাঁর বা তাঁঁর অনুসারী দ্বারা আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণে রাখা সম্ভব হচ্ছে না, তাহলে তিনি কেন ওই সভায় যাবেন। বিষয়টি অশোভনীয় বিধায় জনপ্রতিনিধিরা সভায় উপস্থিত থাকেন না বলে আমার ধারণা।’সাংসদ: আওয়ামী লীগের সাংসদের মধ্যে কুমিল্লা-১ (দাউদকান্দি ও মেঘনা) আসনের মোহাম্মদ সুবিদ আলী ভূঁইয়া, কুমিল্লা-৬ (আদর্শ সদর) আসনের আ ক ম বাহাউদ্দিন ও কুমিল্লা-১০ (নাঙ্গলকোট ও সদর দক্ষিণের একাংশ) আসনের আ হ ম মোস্তফা কামাল ও কুমিল্লা-২ (হোমনা ও তিতাস) সংরক্ষিত নারী আসনের সাংসদ ও বাংলাদেশ মহিলা আওয়ামী লীগের কেন্দ্রীয় কমিটির সভাপতি আশরাফুন নেছা মোশাররফ এবং একই আসনে বিএনপির সাংসদ এম কে আনোয়ার ও কুমিল্লা-৩ (মুরাদনগর) আসনের বিএনপির সাংসদ কাজী শাহ মোফাজ্জল হোসাইন কায়কোবাদ কোনো সভাতেই অংশ নেননি। মাত্র একটি করে সভায় উপস্থিত ছিলেন আওয়ামী লীগের সাংসদদের মধ্যে কুমিল্লা-৭ (চান্দিনা) আসনের আলী আশরাফ, কুমিল্লা-৪ (দেবীদ্বার) আসনের এ বি এম গোলাম মোস্তফা, কুমিল্লা-৮ (বরুড়া ও সদর দক্ষিণের একাংশ) আসনের নাছিমুল আলম চৌধুরী, কুমিল্লা-৯ (লাকসাম ও মনোহরগঞ্জ) আসনের মো. তাজুল ইসলাম, কুমিল্লা-১১ (চৌদ্দগ্রাম) আসনের মো. মুজিবুল হক, কুমিল্লা-৫ (বুড়িচং ও ব্রাহ্মণপাড়া) আসনের আবদুল মতিন খসরু।এ ব্যাপারে সাংসদ এম কে আনোয়ার বলেন, ‘জেলা আইনশৃঙ্খলা কমিটির সভায় এসে কোনো লাভ নেই। সেখানে ফলপ্রসূ কিছু করার সুযোগ নেই। ১১ জন সাংসদের মধ্যে আমি একজন গিয়ে সেখানে কী করব? তাঁরা সবাই আইনশৃঙ্খলা পরিস্থিতি ভালো বলে গুণগান করবেন, আর আমি বসে বসে শুনব। ওই কারণেই আমি যাচ্ছি না।’সাংসদ আ ক ম বাহাউদ্দিন বলেন, ‘যখন সভা ডাকা হয় তখন আমি কুমিল্লার বাইরে থাকি। পরবর্তী সভাগুলোতে উপস্থিত থাকার চেষ্টা করব।’সংরক্ষিত নারী আসনের সাংসদ আশরাফুন নেছা মোশাররফ বলেন, ‘মহিলা আওয়ামী লীগের সভাপতি হিসেবে আমার অনেক কাজ থাকে। তাই আমি আইনশৃঙ্খলা কমিটির সভায় উপস্থিত হতে পারি না।’ সভার কার্যবিবরণী ও নোটিশ পান কি না জানতে চাইলে তিনি বলেন, ‘আমার পিএস (ব্যক্তিগত সহকারী) সেটা বলতে পারবে।’সাংসদের মধ্যে সর্বোচ্চ উপস্থিতি ছিল সংরক্ষিত নারী আসনের সাংসদ ও কুমিল্লা-৩ (মুরাদনগর) এলাকার দায়িত্বপ্রাপ্ত সাংসদ জোবেদা খাতুনের। তিনি চারটি সভায় উপস্থিত ছিলেন।উপজেলা পরিষদ চেয়ারম্যান: উপজেলা পরিষদের চেয়ারম্যানদের মধ্যে এ পর্যন্ত বুড়িচংয়ের সাজ্জাদ হোসেন সর্বোচ্চ ১৫টি সভায় উপস্থিত ছিলেন। কোনো সভাতেই উপস্থিত হননি মেঘনা উপজেলা চেয়ারম্যান মো. শফিকুল আলম।এ ছাড়া হোমনার মো. জহিরুল হক ১৩টি, আদর্শ সদরের মো. আবদুর রউফ ১২টি, চান্দিনার মো. নাজমুল আহসান মজুমদার ১০টি ও দেবীদ্বারের রাজী মোহাম্মদ ফকরুল নয়টি সভায় উপস্থিত ছিলেন। সাতটি করে সভায় উপস্থিত ছিলেন ব্রাহ্মণপাড়ার জাহাঙ্গীর খান চৌধুরী ও তিতাসের মো. পারভেজ হোসেন সরকার। ছয়টি সভায় উপস্থিত ছিলেন মুরাদনগরের হারুন আল রশিদ। পাঁচটি সভায় উপস্থিত ছিলেন সদর দক্ষিণের গোলাম সারওয়ার, মনোহরগঞ্জের মো. ইলিয়াছ পাটওয়ারী ও বরুড়ার হাফিজ আহমেদ। চারটি সভায় উপস্থিত ছিলেন লাকসামের মো. মজির আহমদ। নাঙ্গলকোটের মো. শাহজাহান দুটি, চৌদ্দগ্রামের আবদুস ছোবাহান ভূঁইয়া ও দাউদকান্দির ভারপ্রাপ্ত চেয়ারম্যান (মহিলা ভাইস চেয়ারম্যান) পারুল আকতার একটি করে সভায় অংশ নিয়েছেন। দাউদকান্দি উপজেলা পরিষদের চেয়ারম্যান ইউসুফ জামিলের চেয়ারম্যান পদ নিয়ে আইনি জটিলতা থাকায় দায়িত্বে রয়েছেন পারুল আকতার। তাঁরা প্রত্যেকেই পদাধিকারবলে জেলা আইনশৃঙ্খলা কমিটির সদস্য।সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, ঢাকায় অবস্থান ও ব্যবসা-বাণিজ্যের কারণে তাঁরা আইনশৃঙ্খলা কমিটির সভায় উপস্থিত থাকেন না। ক্ষুব্ধ এলাকাবাসীর অনেকে অভিযোগ করেছেন, তাঁরা নিজেদের উপজেলায়ও নিয়মিত যান না।পৌর মেয়র: কুমিল্লা জেলার ১০টি পৌরসভার মধ্যে পাঁচটি পৌরসভায় নির্বাচিত মেয়র রয়েছেন। নতুন পাঁচ পৌরসভায় নির্বাচন না হওয়ায় উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) পৌর প্রশাসকের দায়িত্ব পালন করছেন। তাঁরা জেলা আইনশৃঙ্খলা কমিটির সভায় নিয়মিত উপস্থিত থাকছেন। কিন্তু নির্বাচিত পাঁচ পৌরসভার মেয়রদের মধ্যে কুমিল্লার মেয়র মনিরুল হক, বরুড়ার মেয়র বাহাদুরুজ্জামান ও লাকসামের ভারপ্রাপ্ত মেয়র আবদুর রশিদ চৌধুরী কোনো সভাতেই উপস্থিত হননি। এ ছাড়া দাউদকান্দির মেয়র শাহআলম চৌধুরী চারটি এবং চান্দিনার মেয়র আবদুল মান্নান সরকার একটি সভায় উপস্থিত ছিলেন।এ ব্যাপারে লাকসাম পৌরসভার ভারপ্রাপ্ত মেয়র আবদুর রশিদ চৌধুরী বলেন, ‘নিয়মিত সভার চিঠি পেলেও আমি অসুস্থ মানুষ, হার্টের রোগী হওয়ায় আসতে পারছি না।’