আইনশৃঙ্খলা নিয়ে সন্তুষ্ট নয় ইসি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনের আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে সন্তুষ্ট নয় নির্বাচন কমিশন (ইসি)। এ বিষয়ে উদ্বেগ ও অসন্তোষ প্রকাশ করে জেলা প্রশাসক (ডিসি) ও পুলিশ সুপারদের (এসপি) চিঠি পাঠিয়েছে কমিশন। চিঠিতে বলা হয়েছে, এ ধরনের অরাজক পরিস্থিতি কারও কাম্য হতে পারে না।নির্বাচন কমিশনার এম সাখাওয়াত হোসেন এ বিষয়ে গতকাল বৃহস্পতিবার প্রথম আলোকে জানান, বিভিন্ন অভিযোগের পরিপ্রেক্ষিতে গত মঙ্গলবারের আইনশৃঙ্খলা সভায় কমিশন এ সিদ্ধান্ত নেয়। গতকাল ডিসি ও এসপিদের চিঠি পাঠানো হয়েছে।সাখাওয়াত হোসেন বলেন, নির্বাচনী মাঠে যা হচ্ছে, তাতে সন্তুষ্টির কিছু নেই। তাই ডিসি-এসপিদের জানানো হয়েছে, নির্বাচনে কোনো প্রকার শৈথিল্য, পক্ষপাতিত্ব ও অনিয়ম সহ্য করা হবে না। আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণে রাখতে প্রয়োজন হলে বাড়তি জনবল নিয়োগ করতে হবে।ইউপি নির্বাচনে সহিংসতাকে কেন্দ্র করে গত মঙ্গলবারের সভায় স্বরাষ্ট্রসচিব, পুলিশের মহাপরিদর্শক, র‌্যাবের মহাপরিচালক ও বিজিবির পরিচালক (অপারেশন্স) অংশ নেন।গতকাল কমিশনের পাঠানো চিঠিতে বলা হয়েছে, ইতিমধ্যে অনুষ্ঠিত নির্বাচনে কিছু কিছু ক্ষেত্রে সন্ত্রাসী হামলার মাধ্যমে ব্যালট পেপার ও ব্যালট বাক্স ছিনতাই হয়েছে। ভোট গণনা ও ফল প্রকাশে বাধা দেওয়া হয়েছে। আগুন দেওয়া হয়েছে ভোটকেন্দ্রে। মারধর করা হয়েছে ভোট গ্রহণ কর্মকর্তাদের। হামলা হয়েছে ম্যাজিস্ট্রেট ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর ওপর। সন্ত্রাসীদের হামলায় বেশ কিছু লোক নিহত হয়েছে এবং আহত হয়েছে অনেকে।চিঠিতে আরও বলা হয়, নির্বাচনী সহিংসতার বিষয়ে প্রতিদিনই বিভিন্ন গণমাধ্যমে সংবাদ প্রচার করা হচ্ছে। নির্বাচন কমিশনেও প্রচুর লিখিত ও মৌখিক অভিযোগ পাওয়া যাচ্ছে। কিছু কিছু ক্ষেত্রে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী নিষ্ক্রিয় ভূমিকা পালন করেছে বলে কমিশনের গোচরে এসেছে। আবার অনেক জায়গায় নির্বাচনের সঙ্গে সংশ্লিষ্ট কর্মকর্তারা প্রার্থীর পক্ষে বা বিপক্ষে প্রত্যক্ষ বা পরোক্ষভাবে কাজ করেছেন বলেও অভিযোগ পাওয়া যাচ্ছে।নির্বাচনের আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণ ও সুষ্ঠু নির্বাচন অনুষ্ঠানের দায়িত্ব সংশ্লিষ্ট ডিসি-এসপিদের ওপর বর্তায় বলে কমিশনের চিঠিতে উল্লেখ করা হয়েছে। বলা হয়েছে, সে জন্য পর্যাপ্ত আইনশৃঙ্খলা বাহিনী নিয়োগ করা হয়েছে। কিন্তু আশানুরূপ ফল পাওয়া যায়নি। এ অবস্থায় অবশিষ্ট ইউপি নির্বাচন অধিকতর সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে অনুষ্ঠানের লক্ষ্যে ডিসি ও এসপিদের সব ধরনের ব্যবস্থা গ্রহণের জন্য নির্বাচন কমিশন নির্দেশ প্রদান করছে। সুষ্ঠু ও শান্তিপূর্ণ নির্বাচনের কোনো ব্যত্যয় ঘটলে এর দায়-দায়িত্ব সংশ্লিষ্টদের ওপর বর্তাবে। এ ক্ষেত্রে কোনো পক্ষপাতিত্ব, শৈথিল্য প্রদর্শন বা দায়িত্ব অবহেলা পরিলক্ষিত হলে সংশ্লিষ্টদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।