আইনশৃঙ্খলা পরিস্থিতি খারাপের দিকে যাচ্ছে না

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজধানীর আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে সন্তোষ প্রকাশ করেছেন ঢাকা মহানগর পুুলিশের (ডিএমপি) কমিশনার বেনজীর আহমেদ। গতকাল বৃহস্পতিবার সকালে তাঁর কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘পরিস্থিতি খারাপের দিকে যাচ্ছে না।’পবিত্র ঈদুল আজহা উপলক্ষে পুলিশের নিরাপত্তা-প্রস্তুতি কেমন, তা জানাতে এই সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়। সংবাদ সম্মেলনে মহানগর পুলিশের পদস্থ কর্মকর্তারা উপস্থিত ছিলেন।পুলিশ কমিশনার বলেন, ঈদ উপলক্ষে রাজধানীতে ব্যাপক নিরাপত্তা-প্রস্তুতি নেওয়া হয়েছে। এবার তিন ধাপে নিরাপত্তা থাকছে। এগুলো হলো ঈদের আগের দিন পর্যন্ত, ঈদের দিন ও ঈদের পরে সাত দিন। এ সময়ে রাজধানীর নিরাপত্তার জন্য ১০ হাজার পুলিশ ও পাঁচ হাজার র‌্যাব সদস্য মোতায়েন করা হচ্ছে। পশুর হাটে ছিনতাই, চাঁদাবাজির পাশাপাশি ঈদের সময় খালি বাসা পেয়ে যাতে চুরির ঘটনা না ঘটে, সে ব্যাপারে পুলিশ সতর্ক রয়েছে। এ ছাড়া ঈদের আগে রাজধানীর ট্রাফিক-ব্যবস্থা নিয়েও পরিকল্পনা রয়েছে।বেনজীর আহমেদ বলেন, এবার রাজধানীতে পশুর হাটের সংখ্যা ২১টি। এর মধ্যে ১৪টি মহানগর পুলিশের এলাকার মধ্যে ও সাতটি জেলা পুলিশের এলাকায়। এসব হাটে ২৪ ঘণ্টা নিরাপত্তা থাকছে। হাটের কারণে যাতে যানজটের সৃষ্টি না হয়, সে ব্যাপারে পুলিশ নজর রাখছে। হাটের টাকা পরিবহনের ক্ষেত্রে পুলিশি নিরাপত্তা দেওয়া হবে। পুলিশের পাশাপাশি স্বেচ্ছাসেবকেরা হাটের নিরাপত্তা দেখবেন। প্রতিটি হাটে পুলিশের নিয়ন্ত্রণ কক্ষ থাকছে।ডিএমপি কমিশনার বলেন, নিরাপত্তার ব্যাপারে পুলিশের পাশাপাশি মানুষকেও সচেতন হতে হবে। এসব সচেতনতার জন্য পুলিশ ইতিমধ্যে ১৩ লাখ প্রচারপত্র বিলি করেছে। রাজধানীতে অবৈধ অস্ত্রের ব্যবহার-সম্পর্কিত এক প্রশ্নের জবাবে তিনি বলেন, সাম্প্রতিককালে যেখানে অস্ত্রের ব্যবহার হয়েছে, সেসব অস্ত্র পুলিশ উদ্ধার করেছে। আইনশৃঙ্খলা পরিস্থিতি খারাপের দিকে যাচ্ছে না। এবার ঈদ উৎসব হবে, চাঁদাবাজির উৎসব হবে না।