আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে আছে: আইজিপি
বাংলাদেশ পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) হাসান মাহমুদ খন্দকার দাবি করেছেন, আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে আছে। আজ রোববার সারদায় বাংলাদেশ পুলিশ একাডেমির সার্জেন্ট-২০১০ ব্যাচের শিক্ষা সমাপনী কুচকাওয়াজ অনুষ্ঠান শেষে সাংবাদিকদের এ কথা বলেন।সাম্প্রতিক সময়ের বিভিন্ন খুনের প্রসঙ্গ উল্লেখ করে সাংবাদিকেরা তাঁর কাছে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে জানতে চাইলে আইজিপি বলেন, ‘এগুলো বিচ্ছিন্ন ঘটনা। এসব বিষয়ে তদন্ত হচ্ছে। ঘটনার সঙ্গে জড়িত ব্যক্তিদের গ্রেপ্তারও করা হচ্ছে।’ গোলাম আযমকে গ্রেপ্তারের বিষয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘কৌশলগত কারণে এ ব্যাপারে এ সময় কোনো মন্তব্য করা ঠিক হবে না।’প্রধান অতিথির বক্তব্যে আইজিপি সার্জেন্টদের উদ্দেশে বলেন, আপনারা ট্রাফিক হিসেবে একজন প্রাথমিক ব্যবস্থাপকের ভূমিকায় দায়িত্ব পালন করবেন। পুলিশ একাডেমি ট্রাফিক আইন, ট্রাফিক রুলসসহ ট্রাফিক ইঞ্জিনিয়ারিং, ট্রাফিক এডুকেশন ও পরিবেশ ব্যবস্থাপনায় রাজশাহী প্রকৌশল বিশ্ববিদ্যালয়সহ বিভিন্ন ক্ষেত্রে অভিজ্ঞ প্রশিক্ষকদের প্রশিক্ষণ কার্যক্রমে অন্তর্ভুক্তির মাধ্যমে পেশাগত জ্ঞানের উত্কর্ষ বৃদ্ধির সাবির্ক ব্যবস্থা গ্রহণ করেছে, যা আপনাদের কর্মজীবনে অত্যন্ত ফলপ্রসূ ভূমিকা রাখবে। সার্জেন্টরা গভীর আত্মপ্রত্যয়ী হয়ে দায়িত্ব পালন করলে দুর্ঘটনা হ্রাস পাবে এবং জনমনে স্বস্তি ফিরে আসবে বলে মন্তব্য করেন তিনি।১৩০ জন নবনিযুক্ত শিক্ষানবিশ পুলিশ সার্জেন্ট ছয় মাস মেয়াদি মৌলিক প্রশিক্ষণ শেষে এই সমাপনী কুচকাওয়াজে অংশ নেন। আজ সকাল নয়টায় আইজিপি তাঁদের অভিবাদন গ্রহণ করেন। এরপর তিনি কুচকাওয়াজ পরিদর্শন ও বিভিন্ন বিষয়ে শ্রেষ্ঠ প্রশিক্ষণার্থীদের মধ্যে ট্রফি বিতরণ করেন। এর আগে পুলিশ একাডেমির কমানড্যান্ট আমিনুল ইসলাম তাঁকে অভ্যর্থনা জানান।