আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে: আইজিপি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বাংলাদেশ পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) হাসান মাহমুদ খন্দকার বলেছেন, আইনশৃঙ্খলা পরিস্থিতি পুলিশের নিয়ন্ত্রণে রয়েছে। ইউনিয়ন পরিষদ নির্বাচনে সহিংসতায় প্রাণহানির ঘটনার ব্যাপারে তিনি বলেন, এগুলো নির্বাচনকে কেন্দ্রে করে হয়েছে, না বিচ্ছিন্ন ঘটনা তা তদন্তের ব্যাপার। আজ বৃহস্পতিবার বাংলাদেশ পুলিশ একাডেমী, সারদায় ৩২তম বহিরাগত ক্যাডেট উপপরিদর্শক ব্যাচের শিক্ষা সমাপনী কুচকাওয়াজ পরিদর্শন শেষে তিনি সাংবাদিকদের এ কথা বলেন। হাসান মাহমুদ খন্দকার বলেন, এ পর্যন্ত ৫২ হাজার কেন্দ্রে নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। তার মধ্যে মাত্র ৫২টি কেন্দ্রে নির্বাচন স্থগিত হয়েছে। বিচ্ছিন্ন এ ঘটনা বাদ দিলে নির্বাচন অবাধ সুষ্ঠু ও নিরপেক্ষ হয়েছে। পুলিশ একাডেমীতে ৮৫৬ জন বহিরাগত ক্যাডেট উপপরিদর্শকের এক বছর মেয়াদি মৌলিক প্রশিক্ষণ শেষে বিভিন্ন বিষয়ে শ্রেষ্ঠত্ব অর্জনকারী প্রশিক্ষণার্থীদের মধ্যে পদক বিতরণ করা হয়।অনুষ্ঠানে পুলিশের নবীন ক্যাডেটদের উদ্দেশে মহাপরিদর্শক বলেন, প্রশিক্ষণের মাধ্যমে পেশাগত জ্ঞান, দক্ষতা ও শৃঙ্খলার প্রতি অর্জিত আনুগত্যবোধ সমাজ ও দেশের প্রতি সর্বতোভাবে কাজে লাগাতে হবে।দেশমাতৃকার জন্য মহান আত্মত্যাগের স্বীকৃতিস্বরূপ বাংলাদেশ পুলিশ বহু প্রতীক্ষিত ও মর্যাদাপূর্ণ ‘স্বাধীনতা পুরস্কার-২০১১’ অর্জন করেছে। তিনি বলেন, এ স্বীকৃতি পুলিশ সদস্যদের দেশপ্রেমে আরও উদ্বুদ্ধ করবে বলে তাঁর বিশ্বাস। হাসান মাহমুদ বলেন, একটি সুশীল সমাজ প্রতিষ্ঠার সম্পূর্ণ দায়ভার পুলিশের ওপরে ন্যস্ত না থাকলেও জনপ্রত্যাশা পূরণের দায়িত্ব বহুলাংশে পুলিশের ওপর বর্তায়। তাই একটি সেবাধর্মী, প্রতিশ্রুতিশীল ও দায়বদ্ধ পুলিশ সার্ভিস গড়ে তোলা এখন সময়ের দাবি।শান্তিরক্ষা মিশনে গত ২০ বছরে পুলিশের পেশাদারিত্ব ও দক্ষতার উল্লেখ করে তিনি বলেন, পুলিশ ১৮টি দেশের মানুষের আস্থা, শ্রদ্ধা ও ভালোবাসা অর্জন করেছে। তিনি বলেন, জাতিসংঘ ঘোষিত সহস্রাব্দ উন্নয়ন লক্ষ্যমাত্রা অর্জনের পথে পুলিশ নারী ও শিশুদের সংবেদনশীল সেবা প্রদান আন্তরিকভাবে অব্যাহত রেখেছে।