আইনশৃঙ্খলা পরিস্থিতি ভালো, আবারও দাবি স্বরাষ্ট্রমন্ত্রীর

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

স্বরাষ্ট্রমন্ত্রী সাহারা খাতুন আবারও দাবি করেছেন, দেশের বর্তমান আইনশৃঙ্খলা পরিস্থিতি অতীতের যেকোনো সময়ের চেয়ে ভালো। আজ শনিবার বিকেলে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) ৩৫তম প্রতিষ্ঠা দিবস উদ্যাপন উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে তিনি এ দাবি করেন। রাজধানীর রমনায় ডিএমপি সদর দপ্তরে বর্ণাঢ্য এক অনুষ্ঠানের আয়োজন করা হয়।স্বরাষ্ট্রমন্ত্রী তাঁর লিখিত বক্তব্যে বলেন, নানা সীমাবদ্ধতার মধ্যে পুলিশকে কাজ করতে হয়। বিষয়টি বিবেচনায় রেখে সরকার তিন বছরে ৩২ হাজার পুলিশ সদস্য নিয়োগের সিদ্ধান্ত নিয়েছে। এ প্রক্রিয়া শুরু হয়েছে বলেও তিনি জানান। বঙ্গবন্ধু হত্যা মামলার রায় কার্যকর হওয়ায় সন্তোষ প্রকাশ করে সাহারা খাতুন বলেন, এর মাধ্যমে কলঙ্কমোচন হয়েছে। জাতি কলঙ্কমুক্ত হয়েছে।প্রধান অতিথির বক্তব্যে স্বরাষ্ট্রমন্ত্রী আইনশৃঙ্খলা রক্ষার পাশাপাশি রাজধানীর ভয়াবহ যানজট নিরসনে ডিএমপিকে আরও উদ্যোগী হওয়ার আহ্বান জানিয়েছেন। একই সঙ্গে তিনি এ ব্যাপারে প্রয়োজনীয় সহায়তা দেওয়ারও আশ্বাস দেন।অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন ডিএমপি কমিশনার এ কে এম শহীদুল হক। তিনিও দাবি করেন, ২০০৯ সালে আইনশৃঙ্খলা পরিস্থিতি অতীতের যেকোনো সময়ের তুলনায় ভালো ছিল। নগরে যানজট নিরসন এবং শান্তি ও নিরাপত্তা নিশ্চিত করতে ঢাকা মেট্রোপলিটন পুলিশের সদস্যরা নিরলসভাবে কাজ করে যাচ্ছেন বলে তিনি উল্লেখ করেন।অনুষ্ঠানে উপস্থিত ছিলেন স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী শামসুল হক, পুলিশের মহাপরিদর্শক নূর মোহাম্মদ এবং পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা।