আইনশৃঙ্খলা পরিস্থিতি ‘তুলনামূলক ভালো’
জকিগঞ্জ পৌর শহরের আইনশৃঙ্খলা পরিস্থিতি নাগরিকদের মতে ‘তুলনামূলক ভালো’। যাঁদের সঙ্গে কথা হয়েছে ঘুরে ফিরে ‘তুলনামূলক ভালো’ বলে মন্তব্য শোনা গেছে। থানা সূত্রে জানা যায়, গত তিন মাসে পৌর শহরে মামলা হয়েছে মাত্র একটি। ছোটখাটো কিছু সংঘর্ষ আর ছিঁচকে চুরি ছাড়া শহরের সার্বিক পরিস্থিতি অনেকটাই ভালো। পৌর শহরের বাসস্ট্যান্ড রোডের বিউটি কসমেটিক্স অ্যান্ড গিফট সেন্টারের স্বত্বাধিকারী রুবেল আহমদ বলেন, ‘পৌর শহরে নানা ধরনের সমস্যা থাকলেও সার্বিক দিক বিচারে এখানকার আইনশৃঙ্খলা পরিস্থিতি ভালো। চুরি-ছিনতাই হয় না বললেই চলে। মাদকাসক্ত ব্যক্তিদের তেমন একটা উপদ্রব নেই। এখন এ পরিস্থিতি ধরে রাখতে পারলেই হলো।’ জকিগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. হাবিবুর রহমান বলেন, ‘পৌর শহরের আইনশৃঙ্খলা পরিস্থিতি অনেক ভালো। বিগত যেকোনো সময়ের তুলনায় বর্তমানে পরিস্থিতি ক্রমশ উন্নতির দিকে যাচ্ছে। এ ছাড়া পৌর শহরের ভেতর মাদকসেবীদের উৎপাত তেমন একটা চোখে পড়ে না বললেই চলে। তবে আমাদের অগোচরে টুকটাক হয়তো কিছু হচ্ছে। তবে খবর পেলে তাৎক্ষণিক ব্যবস্থা নিই।’