আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতি ঘটেছে: প্রধানমন্ত্রী

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

প্রধানমন্ত্রী শেখ হাসিনা দাবি করেছেন, বর্তমান সরকার ক্ষমতায় আসার পর আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতি ঘটেছে। দেশে কৃষি উৎপাদন বেড়েছে। দেশের মানুষ শান্তিতে বসবাস করছে। নিউইয়র্কে প্রধানমন্ত্রীর সম্মানে আয়োজিত এক নাগরিক সংবর্ধনায় তিনি এসব কথা বলেন। গতকাল রোববার নিউইয়র্ক সিটির হোটেল হিলটনের বলরুমে এ সংবর্ধনার আয়োজন করা হয় । প্রধানমন্ত্রী বলেন, যুদ্ধাপরাধীদের বিচার হবেই। মানবতাবিরোধী অপরাধীদের বিচারকে বাধাগ্রস্ত করার জন্যই আন্দোলনের হুমকি দেওয়া হচ্ছে বলে তিনি মন্তব্য করেন। আন্দোলনকারীদের প্রতি হুঁশিয়ারি উচ্চারণ করে প্রধানমন্ত্রী বলেন, ‘এতে কোনো লাভ হবে না। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের হত্যাকারীদের ফাঁসির রায় কার্যকর হয়েছে। মানবতাবিরোধী অপরাধীদের বিচারও কেউ রুখতে পারবে না।’ বিএনপি সরকারের সমালোচনা করে প্রধানমন্ত্রী বলেন, ‘তারা জাতির জন্য বদনাম ও দুর্নাম ছাড়া কিছুই দিতে পারেনি। দুর্নীতি, জঙ্গিবাদ, মৌলবাদ ও সন্ত্রাসবাদ ছিল তাদের শাসনামলের মূল উপাদান। জাতি হিসেবে তারা আমাদের ভাবমূর্তিকে প্রশ্নবিদ্ধ করেছিল।’ তিনি বলেন, বর্তমান সরকার জঙ্গিবাদের বিরুদ্ধে অবস্থান নিয়ে দেশের ভাবমূর্তি পুনরুদ্ধার করছে। প্রবাসীদের কল্যাণে সরকারের নেওয়া পদক্ষেপ সম্পর্কে প্রধানমন্ত্রী বলেন, প্রবাসী বাংলাদেশিদের সুবিধার্থে প্রবাসী কল্যাণ ব্যাংক চালু করা হচ্ছে। এর মাধ্যমে প্রবাসীরা বিনিয়োগসহ সব ধরনের সুবিধা পাবেন। তিনি জানান, প্রবাসীদের জন্য আলাদা অর্থনৈতিক অঞ্চল গড়ে তোলা হবে। প্রধানমন্ত্রী উপস্থিতদের উদ্দেশে বলেন, ‘২০১১ সালের মধ্যে বিমানে নতুন বহর যোগ হবে। আমি কথা দিচ্ছি, সে সময় নিউইয়র্ক থেকেই শুরু হবে বিমানের প্রথম ফ্লাইট।’ প্রধানমন্ত্রী শিক্ষা, যোগাযোগ, স্বাস্থ্য খাতসহ বিভিন্ন ক্ষেত্রে উন্নয়নের জন্য সরকারের নেওয়া পদক্ষেপের কথা তুলে ধরেন। সভায় সভাপতিত্ব করেন যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের সভাপতি অধ্যাপক খালিদ হাসান। অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত, পররাষ্ট্রমন্ত্রী দীপু মনি প্রমুখ।