আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নয়ন ঘটিয়েছি: স্বরাষ্ট্রমন্ত্রী

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

স্বরাষ্ট্রমন্ত্রী সাহারা খাতুন বলেছেন, ‘আমি বলব না সব পুলিশ সদস্যকে পরিশুদ্ধ করে ফেলেছি। তাঁদেরও কিছু দোষ-ত্রুটি আছে। তার পরও আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নয়ন ঘটাতে পেরেছি।’আজ রোববার দেশের সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে বাংলাদেশ শিল্প ও বণিক সমিতি ফেডারেশন (এফবিসিসিআই) আয়োজিত এক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে স্বরাষ্ট্রমন্ত্রী এ কথা বলেন।স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, সারা দেশে ৬০০ থানা রয়েছে। কিন্তু সম্পদের সীমাবদ্ধতার কারণে প্রতিটি থানায় পুলিশের জন্য এখনো একটি করে গাড়ি দেওয়া সম্ভব হয়নি। গাড়ির সংকটের কারণে পুলিশ সব সময় দ্রুত ব্যবস্থা নিতে পারে না।সাহারা আরও বলেন, প্রায় তিন বছরে সরকার আইনশৃঙ্খলা পরিস্থিতি ভালো রাখার চেষ্টা করেছে। ব্যবসায়ীদের দাবি অনুযায়ী শিল্পপুলিশ গঠন করা হয়েছে। ব্যবসায়ের জন্য আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নয়ন জরুরি। কিন্তু এখনো সেই পর্যায়ে নিয়ে যাওয়া সম্ভব হয়নি। ব্যবসায়ীদের সহায়তা ছাড়া এটা সম্ভব না।মাদকের বিষয়ে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, মাদকদ্রব্য চোরাচালান নিয়ন্ত্রণে সার্কভুক্ত দেশগুলোর মধ্যে আলোচনা হয়েছে। কিছুদিন আগে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ) ও বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) মহাপরিচালকেরা এ নিয়ে ফলপ্রসূ আলোচনা করেছেন।অনুষ্ঠানের বিশেষ অতিথি স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী শামসুল হক বলেন, ‘পুলিশের পা নাগরিকের বুকে—এটা আমাদেরও কাম্য না। কিন্তু আগের ঘটনাটিও দেখতে হবে।...আইনশৃঙ্খলা বাহিনীর ওপর তারা চড়াও হলো, গাড়ি পুড়িয়ে দিল। তারা তো আইনশৃঙ্খলা রক্ষার কাজ করে। এদের পেছনে রাজনৈতিক গুরুরা আছে। নইলে তারা এ ধরনের ঘটনা ঘটানোর সাহস পেত না।’বেলা ১১টায় শুরু হওয়ার কথা থাকলেও সভা শুরু হয় পৌনে ১২ টায়। চলে পৌনে পাঁচটা পর্যন্ত। এফবিসিসিআইয়ের সভাপতি এ কে আজাদের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় সারা দেশ থেকে আসা ব্যবসায়ী নেতারা বক্তব্য দেন। সভার মুক্ত আলোচনা পর্বে অন্তত ৩৫ জন ব্যবসায়ী বক্তব্য দেন।